উপজাতি হকির সেরা দিনাজপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় উপজাতি হকিতে চ্যাম্পিয়ন হলো দিনাজপুর। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। বান্দরবান-দিনাজপুর ফাইনালটা নির্ধারিত সময়ে ছিল গোলশূন্য। পরে টাইব্রেকারে ২-১ গোলে জয়ী হয় দিনাজপুর। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে খাগড়াছড়িকে ৬-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে প্রথম আসরের সেরা দল রাঙামাটি।এই টুর্নামেন্ট আদিবাসী কিশোরদের মনে রেখাপাত করেছে। এমনই যে, খাগড়াছড়ি দলের কর্মকর্তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ না খেলেই চলে যেতে চাইলেও তাতে সায় দেয়নি কিশোর খেলোয়াড়েরা। দলটির কর্মকর্তাদের অনেকেই পরশু ঢাকা ছেড়ে গেলেও কাল স্থান নির্ধারণী ম্যাচটি খেলার জন্য সব খেলোয়াড়ই থেকে যায় ঢাকায়।এই প্রতিযোগিতায় খেলতে আসার আগে হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় নিজ নিজ জেলায় তিন সপ্তাহ প্রশিক্ষণ নেয় দলগুলো। অনেকে এখানে এসেই প্রথম স্টিক ধরেছে। টার্ফ দেখে তো এই কিশোরেরা অভিভূত। প্রথম দিন স্টেডিয়ামে ঢুকেই অনেকে আনন্দে গড়াগড়ি খেয়েছে টার্ফে। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের শিবরাম সরেং বলল, ‘ফজলু ওস্তাদের প্রশিক্ষণে আমরা ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি, টুর্নামেন্টটা ভবিষ্যতেও হবে। এখানেই যেন সব শেষ না হয়।’আগামী দিনের খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়েই টুর্নামেন্টটা সাত বছর পর শুরু করেছে হকি ফেডারেশন। কাল ফাইনাল দেখতে দেখতে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা, ‘এই উপজাতি হকি থেকে আমরা ২০-২৫টা ছেলেকে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণের জন্য বেছে নেব। তারপর এদের এক মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর বিকেএসপির সঙ্গে যৌথভাবে এই কিশোরদের নিয়ে কাজ করব আমরা।’