উপভোগের অনুশীলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলন, নাকি অনুশীলনের অভিনয়! চারদিকে ছড়ানো-ছিটানো ফিল্ডার। দুই প্রান্তে দুই ব্যাটসম্যান। স্টান্স নিয়ে একজন তৈরি বোলারের মুখোমুখি হতে। বোলার রুবেল হোসেনও তৈরি। কিন্তু হাতে বল কই! বল ডেলিভারির ভঙ্গিতে এক পা উঠিয়ে খালি হাত বাড়িয়ে হেলে পড়া মূর্তির মতো দাঁড়িয়ে রুবেল। একটু দূরে দাঁড়ানো জুলিয়েন ফাউন্টেন চিৎকার করে উঠলেন—‘গো’! অমনি মাঝ উইকেটের স্থিরচিত্রটা নড়ে উঠল। দুই ব্যাটসম্যান ছুটলেন কাল্পনিক রানের জন্য। ফিল্ডারদের মধ্যেও ছুটোছুটি। কাভারের কাছাকাছি পড়ে থাকা বলটা তুলে তাদেরই কেউ একজন ডাইভ দিল রানআউট করতে। কখনো হলো, কখনো হলো না। সব খেলোয়াড় সারি বেঁধে মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে। অন্য প্রান্ত থেকে ব্যাট হাতে সজোরে বল পেটাচ্ছেন ফাউন্টেন। সেই বল উড়ে আসছে খেলোয়াড়দের দিকে। প্রথমে মনে হলো ক্যাচ প্র্যাকটিস বুঝি। কিন্তু কেউ তো ক্যাচ ধরতে এগিয়ে যাচ্ছে না! বল গায়ের ওপর এসে পড়লেও সরে গিয়ে জায়গা করে দিচ্ছে সবাই। কৌতূহলীদের প্রশ্ন, খেলোয়াড়দের দর্শক বানিয়ে ফিল্ডিং কোচ নিজেই হঠাৎ ব্যাটিং প্র্যাকটিসে নামলেন কেন?জিম্বাবুয়ে সিরিজের জন্য শুরু অনুশীলন ক্যাম্পের প্রথম দিনে কাল এমন অভিনব কিছুরই দেখা মিলল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অনুশীলন না বলে যেটিকে অনুশীলনের অভিনয় বলাই ভালো। বাইরে থেকে ‘অভিনয়’ মনে হলেও আসলে ‘অভিনয়’ নয়। রানিং বিটুইন দ্য উইকেট, সিঙ্গেল ঠেকানোর ফিল্ডিং, আর ‘বেস বল স্টাইল পাওয়ার হিটিংয়ে’ বল বাউন্ডারি ছাড়া করার প্র্যাকটিসই আসলে চলছিল মাঠে। আর এসব যদি অভিনব হয়, সামনে ভেজা মাঠের যে অনুশীলনটা আসছে, সেটিকে কি বলবেন? হোস পাইপের পানি দিয়ে মাঠের একটা অংশ ভিজিয়ে নেওয়া হবে আগে। সেই ভেজা মাঠে হবে স্লাইডিং ও ডাইভিং প্র্যাকটিস।অনুশীলন ক্যাম্পের প্রথম দিনে খেলোয়াড়েরা এমনিতেই একটু চনমনে থাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে সেটির মাত্রা বেড়েই যাওয়ার কথা আরও। এর সঙ্গে জুলিয়ন ফাউন্টেনের আনা নতুনত্বও কালকের অনুশীলনটাকে উপভোগ্য করে তুলল। কারও কারও কাছে ছিল বাড়তি উপভোগের অন্য আরেকটি উপলক্ষও। জাতীয় দলের বেশির ভাগ ব্যাটসম্যানই জাতীয় লিগের প্রথম তিন রাউন্ডে ভালো পারফর্ম করে এসেছেন। কষ্টকর অনুশীলনও তাই মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, নাঈম ইসলামদের জন্য উপভোগ্য হওয়ার কথা।নাঈমের তবু একটা অতৃপ্তি আছে। তিন ম্যাচে ৩৩, অপরাজিত ১১৩ আর ১৮ রান করা নাঈম মনে করেন, জাতীয় লিগে আরও কয়েকটা ম্যাচ খেলতে পারলে মন্দ হতো না, ‘ম্যাচ প্র্যাকটিসই তো সবচেয়ে বড় প্র্যাকটিস। আমার মনে হয় আরও অন্তত দুটি ম্যাচ খেলতে পারলে ভালো হতো।’ নাঈমের মন খারাপ করার কিছু নেই। ৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের দ্বিতীয় পর্বের দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। নাঈমের মতো বেশি ম্যাচ খেলতে না পারার অতৃপ্তি আশরাফুলেরও আছে। তবে তিন ম্যাচে যা-ই করেছেন, তাতে তিনি সন্তুষ্ট, ‘নিউজিল্যান্ড সিরিজের আগেও অনুশীলনে ভালো ব্যাটিং করছিলাম। সিরিজ খেলতে না পারলেও জাতীয় লিগে সেটা ধরে রাখতে পেরেছি। এখন থেকে এই ব্যাটিংটাই করব। নিজের মতো ব্যাটিং করে তো রান পাচ্ছি।’ লিগের প্রথম তিন রাউন্ডে আশরাফুলের রান ৪০, অপরাজিত ৬৬ আর ৬৩।তিন ম্যাচে ৫২, অপরাজিত ৭ আর ১১৬—ঢাকার আরেক ব্যাটসম্যান মাহমুদউল্লাহর জন্যও পয়মন্ত এবারের জাতীয় লিগ। তবে নিজের কথার চেয়ে অন্যদের কথাই বেশি বললেন এই অলরাউন্ডার, ‘জাতীয় লিগটা খুব ভালো হলো আমাদের জন্য। আমি, রকিবুল, আশরাফুল, মুশফিক—সবাই রানের মধ্যে আছি। একসঙ্গে সবাই ফর্মে, এটা ভালো লক্ষণ।’জিম্বাবুয়ে সিরিজের আগে এই লক্ষ্যটাকে স্বাগত জানাচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘যারা গত সিরিজে খেলেনি তারাও পারফর্ম করছে, তার মানে আমাদের ব্যাকআপ খেলোয়াড় আছে। ২০-২৫ জন খেলোয়াড়ের সবাই তো আর একসঙ্গে ফর্মে থাকবে না। তবে ১৮-২০ জন যদি ফর্মে থাকে, ভালো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ হয় তখন।’ হ্যাঁ, আসন্ন সিরিজে জিম্বাবুয়েকে ভালো দলের মর্যাদাই দিচ্ছেন মাশরাফি, ‘জিম্বাবুয়ে এসব উইকেটে ভালো দল। তাদের ভালো স্পিনার আছে। ওদের পক্ষে এখানে নিউজিল্যান্ডের চেয়ে ভালো ক্রিকেট খেলা সম্ভব।’নিউজিল্যান্ড সিরিজে ইনজুরি হানা দিলেও এখন তা থেকে অনেকটাই মুক্ত দল। তামিম ইকবালকে তো পুরোপুরি ফিট বলেই ঘোষণা করলেন কোচ জেমি সিডন্স। অ্যাঙ্কেলের অবস্থা অনেকটাই ভালো বলে জানালেন মাশরাফিও, ‘আগের থেকে অনেক ভালো অবস্থা এখন। আজকে লং রানিং করেছি, ব্যথা হয়নি। হয়তো এক সপ্তাহ পর বোলিং শুরু করতে পারব। এভাবে চলতে থাকলে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারব আশা করি।’পারফরম্যান্সের ধারাবাহিকতার সঙ্গে ইনজুরির অভিশাপ মুক্তির সুখবর—বাংলাদেশ দলের চনমনে চেহারাটা ফুটে উঠল কালকের প্র্যাকটিসে।