উপভোগের মন্ত্রে উজ্জীবিত আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তাঁর কণ্ঠটাই। চিত্কার-চেঁচামেচি করছেন, সতীর্থদের সঙ্গে দুষ্টুমি-খুনসুটি, কেউ ক্যাচ মিস করলে খ্যাপানো—মোহাম্মদ আশরাফুলকে দেখে কে বলবে ক্যারিয়ারের জটিল এক মোড়ে দাঁড়িয়ে তিনি!জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ থেকে যে তিন দিনের ম্যাচটি শুরু হচ্ছে, ইংল্যান্ড দলের কাছে তা শুধুই একটি প্রস্তুতি ম্যাচ, যাঁরা শুধু টেস্ট দলে আছেন, তাঁদের জন্য এ দেশের উইকেটের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। বাংলাদেশ ‘এ’ দলের কারও জন্য টেস্টের আগে নিজেদের একটু ঝালিয়ে নেওয়া, কারও জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ। আর আশরাফুলের জন্য? কঠিন পরীক্ষা আর অন্তহীন চাপের ম্যাচ। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন, তিন দিনের ম্যাচে সুযোগ দিয়ে একটা ‘লাইফ লাইন’ দেওয়া হয়েছে। আপাত নীরস এক প্রস্তুতি ম্যাচকে ঘিরে এত আগ্রহও তো এই একটা কারণেই।শুরুতে আশরাফুলের যে ছবিটা দেওয়া হয়েছে, এটা অবশ্য মেকি নয়। আশরাফুল জানালেন, চাপটাপ অনেক গেছে, এখন তিনি ফিরে যেতে চান সেই সময়ে, যখন ক্রিকেট খেলতেন শুধুই মনের খোরাকের জন্য, ‘এই ম্যাচটা আমি পুরোপুরি উপভোগ করতে চাই। মাঝখানে অনেক চাপ নিয়ে খেলেছি। কিন্তু ঠিক করেছি, এই ম্যাচে আমি আবার সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যাব, শুধুই উপভোগের জন্য ব্যাটিং করার চেষ্টা করব। রান করতেই হবে এ জন্য নয়।’চাপ নিয়ে যে খেলেছেন এটা মুখে না বললেও চলত। বাদ পড়ার আগে মাঠে ও মাঠের বাইরে প্রতিটি পদক্ষেপেই যেন বোঝা যেত প্রত্যাশা পূরণ করতে না পারার ব্যর্থতা তাঁকে গ্রাস করছে। কাল নিজেই জানালেন তাঁর মনোজগতের কথা, ‘চাপটা আসে, কারণ আমি তো রোবট না, মানুষ। সবাই শুরু থেকেই আমার কাছে রান চায়। সব সময় মনে হয়, সবাই আমার দিকে তাকিয়ে আছে। অবশ্য এর কারণও আছে, আমি বেশ কিছু ভালো ইনিংস খেলেছি, দলকে জিতিয়েছি। নিজে বুঝি আমার দলটা এখন অনেক ভালো। অনেকজন আছে ম্যাচ জেতাতে পারে, আমি সেরাটা না দিয়ে শুধু যদি অ্যাভারেজটাও দিই, তাহলেও দল জিতে যাবে। এটা চাপ আরও বাড়িয়ে দিত।’ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার মতো চেষ্টা তিনিও করেছেন, নিউজিল্যান্ড থেকে ফিরে পরদিনই জাতীয় লিগ খেলতে ছুটে গিয়েছেন খুলনা। লাভ হয়নি, চার ইনিংসে তিনটি শূন্য, একটিতে করেছেন ২১ রান। ‘একবার ভাবলাম, ওয়ানডে দলে নেই, নিজেকে নিয়ে ভাবার সময় পাব। আবার মনে হলো, ঘরে বসে থাকলে তো ফর্ম ফিরে পাওয়া যাবে না। জাতীয় লিগে চারটা ইনিংসে তিনটা শূন্য করলাম। মনে হলো, পুরোপুরি বিশ্রাম নিলেই ভালো হতো। খারাপ সময় যখন আসে, তখন হয়তো সিদ্ধান্ত নিতেও ভুল হয়!’—কতটা অস্থির সময় পার করছেন পরিষ্কার এই কথাতেই।সর্বশেষ ছয় টেস্ট আগে একটি সেঞ্চুরি (২০০৮ সালের ডিসেম্বর), এর নয় টেস্ট আগে আরেকটি (জুলাই ২০০৭)—এ পর্যন্ত আর কোনো ফিফটিও নেই। তবে আশরাফুল এটিকেও ঠিক থারাপ সময় বলতে চান না, ‘নয় বছরের ক্যারিয়ারে অনেক খারাপ সময় এসেছে, আবার কামব্যাকও করেছি। আমি এটাকে ঠিক খারাপ সময় বলব না, কারণ আমার ব্যাটিং ঠিক হচ্ছে। আজ নান্নু ভাইও (মিনহাজুল আবেদীন, ‘এ’ দলের কোচ) বললেন, আমার সব ঠিক আছে। খারাপ সময় সেটিকে বলা যায় যখন ব্যাটে-বলেই হয় না। আমার এ সমস্যা নেই। ভাগ্যটা একটু সঙ্গে থাকলে আর একটা বড় ইনিংস খেললেই সব ঠিক হয়ে যাবে।’তবে এসব এখন অতীত, মনের অস্থিরতা ঝেড়ে ফেলতে চাইছেন উপভোগের মন্ত্রে। করণীয় ঠিক করে ফেলেছেন, খেলবেন নিজের মতো। অস্থিরতা থেকেই পরামর্শ চেয়েছেন হাজারজনের, কোনো লাভ হয়নি। উল্টো নিজেই ধন্দে পড়েছেন কী রেখে কী করবেন। সেই গণপরামর্শ নেওয়ার পাটও চুকিয়ে ফেলেছেন। এখন শুধু কানে বাজছে গতপরশু সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার অরুণ লালের কথাটা, ‘তোমার বয়স কেবল ২৬, সেরা সময়টা তো এখনো পড়ে আছে।’ এই মন্ত্রেই এখন উজ্জীবিত আশরাফুল।ও হ্যাঁ, এই ম্যাচে কিন্তু সম্ভাব্য টেস্ট দলের রকিবুল-জুনায়েদরাও আছেন। কিন্তু আগ্রহের কেন্দ্রে আশরাফুলই। ক্রিকইনফোর প্রতিনিধি যে ইংল্যান্ডের সংবাদ সম্মেলন বাদ দিয়ে বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলনে পুরো সময় দিলেন, এর কারণও ওই আশরাফুল!