উপভোগের মন্ত্রে স্যামি

সংবাদ সম্মেলনে এলেন ব্যাট হাতে নিয়ে। ঠোঁটে পরিচিত হাসি ঝুলিয়ে এগিয়ে গেলেন হেলেদুলে। চেয়ারে বসে খানিকটা কসরত করলেন মাথার ক্যাপ খুলে। এরপর চারপাশে তাকিয়ে চোখ পাকিয়ে উঠলেন, ‘প্রেস কনফারেন্সে আজ এত লোক...কাল বিশ্বকাপের সেমি-ফাইনাল বুঝি?’
এই হলেন ড্যারেন স্যামি। গুরুগম্ভীর পরিবেশটাকে হালকা করে দিলেন শুরুতেই অমন রসিকতা করে! পেশাদারির ছোবলে সংবাদ সম্মেলনগুলো যেখানে হয়ে উঠেছে কিছু গৎবাঁধা বুলির রাশভারী একটা ব্যাপার, স্যামির সংবাদ সম্মেলন সেখানে আনন্দদায়ী ব্যতিক্রম। স্যামি হাসবেন, হাসাবেন। মজা করবেন, কঠিন কোনো বিষয়ের সঙ্গেও রসিকতা জুড়ে দেবেন। নিজেকে নিয়ে বিব্রতকর প্রশ্নেও উত্তর দেবেন হাসিমুখে। সংবাদ সম্মেলনের মতো আনুষ্ঠানিক একটা ব্যাপারও প্রায়ই হয়ে ওঠে আড্ডার আসর। এসবের মধ্যেও আবার ঠিকই ফুটিয়ে তুলবেন মানসিক দৃঢ়তা ও ক্রিকেট নিয়ে ভেতরের আবেগ।
একটা সময় তাঁর এমন আমুদে চরিত্রটা নিয়েও রসিকতা হতো বিশ্বজুড়ে। বলা হতো, স্যামি শুধু হাসতেই জানেন, ক্রিকেট নয়। ‘তিনি কেন অধিনায়ক’—এই প্রশ্নই তো শুনতে হয়েছে অনেক দিন। একাদশেই জায়গা নিশ্চিত নয়, এমন একজন অধিনায়ক হলে প্রশ্ন ওঠেই। পারফরম্যান্স নিয়েই প্রশ্নগুলোকে মাটিচাপা দিয়েছেন স্যামি। আদায় করে নিয়েছেন সবার শ্রদ্ধা। ১৯৭৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজকে আরেকটা বিশ্বকাপ জেতানো অধিনায়ক তিনি। নেতৃত্ব দেন সামনে থেকে।
দলকে ঐক্যবদ্ধ রাখার কাজটাও করে যাচ্ছেন দারুণভাবে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রিকেটারদের যূথবদ্ধ রাখার কাজটা বরাবরই ছিল কঠিন। সঙ্গে যোগ হয়েছিল নতুন সমস্যা—বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই না করে ক্রিকেট-বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ানো একগাদা ক্রিকেটার। দুটো ঝামেলাই সামলে দলটাকে এক সুতোয় গাঁথার কাজটা স্যামি করে যাচ্ছেন সুনিপুণভাবে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এক ছাতার নিচে আসে কেবল ক্রিকেটেই। সেদিক থেকে স্যামিকে এখন বলা যায় ক্যারিবীয় ঐক্যের প্রতীক। এই পারফরম্যান্স-নেতৃত্ব, সর্বোপরি প্রভাব মিলিয়ে ছোট্ট দ্বীপ সেন্ট লুসিয়া থেকে উঠে আসা স্যামিই এখন ক্যারিবীয় ক্রিকেটের হূৎপিণ্ড।
ক্যারিবিয়ানের জীবনদর্শনের প্রতীকও। জীবনদর্শনই আবার তাঁর ক্রিকেট-দর্শন। মাঠের ভেতরে-বাইরে মন্ত্র একটাই—উপভোগ করো! ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলাটাই আমি দারুণ উপভোগ করি। খুব বেশি লোক নেই যাঁরা সকালে ঘুম থেকে উঠে নিজের পছন্দের কাজটা করতে পারে। আমার এমন অনেক বন্ধু আছে, সোমবার সকালে (সপ্তাহের প্রথম কর্মদিবস) ঘুম থেকে উঠে কাজে যেতে যাদের একটুও ভালো লাগে না। আমি ভাগ্যবান নিজের পছন্দের কাজটা করতে পারি। অধিনায়ক থাকি আর না-থাকি, সব সময়ই নিজের সেরাটা দিতে চাই। আমি পুরোপুরিই ওয়েস্ট ইন্ডিজে নিবেদিত।’
সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠার দিনগুলোতে হাসিমুখে কাজ করে গেছেন নিজেকে আরও সমৃদ্ধ করতে। জানালেন, পেশির জোর বাড়াতে এখনো ঘণ্টার পর ঘণ্টা কাটান জিমে। ব্যাটিং-বোলিংয়ের খুঁটিনাটি নিয়ে একাগ্র কাজ করেন নেটে। সবকিছুই অনায়াসে পারেন ক্রিকেটটা উপভোগ করেন বলেই। দলকে এক সুতোয় গাঁথার কাজটাও করে যাচ্ছেন এই উপভোগের মন্ত্রেই, ‘ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটিই। আমাদের জন্য তো আরও বেশি, আমাদের একেকজন ক্রিকেটার একেক রকম, ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন সংস্কৃতির। আমাদের জন্য একতাবদ্ধ থাকা, ঘনিষ্ঠভাবে মেশাটা জরুরি। সবাই মিলে উপভোগ করতে থাকলেই টিম স্পিরিট গড়ে ওঠে।’
একসময় ক্যারিবীয় ক্রিকেট মানেই ছিল বিনোদন। মাঝে গেছে ছন্নছাড়া বেশ কিছু বছর। স্যামি আবার একতাবব্ধ করেছেন দলকে। আর ফিরিয়ে এনেছেন ক্যারিবিয়ানের সেই আনন্দদায়ী ক্রিকেট।