উৎসবের ফুল শুকিয়ে আসছে। গত কয়েক দিনের ক্রিকেট আনন্দযজ্ঞের শেষ প্রান্তে এখন সিলেট।
গ্রুপ পর্বের শেষ দিন আজই। বাংলাদেশের বিশ্বকাপ অভিযানে শেষ গ্রুপ লড়াই শ্রীলঙ্কার বিপক্ষে। ৩ এপ্রিল স্থান নির্ধারণী ম্যাচ এই সিলেটেই। শ্রীলঙ্কার কাছে আজ হারলে ‘বি’ গ্রুপের পাঁচ দলে বাংলাদেশ হবে পঞ্চম। সে ক্ষেত্রে দশ দলের টুর্নামেন্টে নবম স্থানের জন্য বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপের পঞ্চম দল আয়ারল্যান্ডের সঙ্গে।
স্থান নির্ধারণী ম্যাচে যে দলই সামনে পড়ুক, বাংলাদেশের জন্য এই টুর্নামেন্ট নিজেদের চেনারই উপলক্ষ। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বাংলাদেশ দল বিশ্বমঞ্চের উত্তাপটা বুঝল। সালমাদের নিয়ে ঘনীভূত আবেগও তাই কমে এসেছে সিলেটে। কুলীন প্রতিনিধি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা খেলছে টগবগে ক্রিকেট। দৃঢ় সংকল্প দিয়েও পারছে না উপমহাদেশের মেয়েরা। শক্তির ঘাটতিই বড়। অনুসন্ধানটা হলো এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই।
পাকিস্তান প্রথম তিন ম্যাচেই হেরেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার কাছে। ভারত পারেনি শ্রীলঙ্কা-ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশকে হারিয়ে আজ ওরা ওয়েস্ট ইন্ডিজের সামনে। ভারতের সঙ্গে জিতলেও শ্রীলঙ্কা হেরেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে। আজ জিতলেও গ্রুপ পর্বেই শেষ শ্রীলঙ্কার বিশ্বকাপ। বড় দলগুলোর সঙ্গে একেবারেই কুলিয়ে উঠতে পারছে না উপমহাদেশ।
‘বি’ গ্রুপ থেকে সেমিতে উঠল ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। ‘এ’ থেকে সেমির দৌড়ে ভালোভাবেই আছে অস্ট্রেলিয়া। কাল রাতে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচটাই শেষে ঠিক করে দিয়েছে এই তিন দলের কোন দুটি যাবে শেষ চারে। উপমহাদেশের কোনো দলেরই ওঠা হলো না সেমিফাইনালে।
ভারতের নারী ক্রিকেট তো পিছিয়ে গেছে অনেকটাই। অধিনায়ক মিতালি রাজ বলছিলেন, ‘মেয়েদের ক্রিকেট নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে।’ পাকিস্তান অধিনায়ক সানা মিরের কথা, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের ব্যবধান অনেক।’ শ্রীলঙ্কার অধিনায়ক শশীকলার উপলব্ধি, ‘আমাদের প্রতিভা আছে। কিন্তু মাঠে সেরাটা দিতে পারছি না।’
শশীকলার কথাই বাংলাদেশ দলের ‘থিম সং’। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের মেয়েরা নতজানু। টি-টোয়েন্টিতে আগে ১০০-এর বেশি রান করতে পারলেও এই টুর্নামেন্টে এখনো রান আশির নিচে (৭৯, ৫৮, ৭২)।
বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ শন ডিটজ তাহলে কী করছেন? অস্ট্রেলিয়ান কোচ নিজেও হতাশ, ‘এটা আমার জন্য ভীষণ হতাশার। আমি চেষ্টা করছি। কিন্তু মেয়েরা পাওয়ার প্লেতে রান করতে পারছে না। প্রচুর ডট বল দিচ্ছে, টি-টোয়েন্টতিতে প্রতি ম্যাচে সত্তর-আশিটা ডট বল ভাবাই যায় না। ওরা ভুল করছে অনেক। তবু শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য থাকবে।’ কিছু ইতিবাচক দিকও দেখছেন ডিটজ, ‘ভালো বোলিং-ফিল্ডিং হচ্ছে। ভবিষ্যতের পথচলায় এটা বিরাট এক শিক্ষা বাংলাদেশের জন্য।’
সেই শিক্ষা আজ লাগানো যাবে? শ্রীলঙ্কাকে গত গুয়াংজু এশিয়াডে হারানোর স্মৃতি তুলে এনে বাংলাদেশের পেসার জাহানারার আশাবাদ, ‘শ্রীলঙ্কা ম্যাচটা জিততে চাই। ওদের তো আমরা গত এশিয়ান গেমসে হারিয়েছি।’ লঙ্কান অধিনায়ক শশীকলা সতর্ক, ‘এশিয়াডের ওই হার আমরা ভুলিনি। বাংলাদেশকে সমীহ করেই নামব।’
মুশকিল হচ্ছে, এশিয়াডের বাংলাদেশ দল এই বাংলাদেশ এক নয়। সর্বনাশা ব্যাটিংয়েই যত গণ্ডগোল!