উপমহাদেশের সেরা স্টেইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলকে জিতিয়েই কাল মাঠ ছাড়ছেন গল টেস্টের দুই নায়ক ডেল স্টেইন (ডানে) ও মরনে মরকেল l এএফপি
দলকে জিতিয়েই কাল মাঠ ছাড়ছেন গল টেস্টের দুই নায়ক ডেল স্টেইন (ডানে) ও মরনে মরকেল l এএফপি

তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং নাগপুরে। আহমেদাবাদে ইনিংসে ৫ উইকেট আছে, আছে করাচিতে এবং পি সারা ওভালেও। উপমহাদেশের উইকেট মানেই যখন পেস-বিমাতা, পেসাররাও হাল ছেড়ে প্রায়ই স্রেফ বল পুরোনো করার কাজটি করে যান। কিন্তু তিনি ভালোবেসেছেন কঠিনেরেই। ক্যারিয়ার বোলিং গড়ের (২২.৭২) চেয়ে উপমহাদেশে (২২.১৭) তাঁর বোলিং গড় ভালো, ভাবা যায়! ডেল স্টেইনের গ্রেটনেসের একটি বড় প্রমাণ এই পরিসংখ্যান।
গলে ম্যাচ জিতিয়েছেন একজন পেসার, এমন কথা কবে শুনেছে কে! ডেল স্টেইন দেখালেন, শোনালেন। মাঠের পারফরম্যান্সে রেকর্ড বইয়েও নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। এশিয়ায় সবচেয়ে বেশি উইকেট পাওয়া সফরকারী পেসার এখন স্টেইনই, ৮০ উইকেট নিয়েছেন মাত্র ১৬ টেস্টে। ১৭ টেস্টে ৭৭ উইকেটে আগের রেকর্ড ছিল কোর্টনি ওয়ালশের।
তবে ওয়ালশ নয়, গলের ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর স্টেইন আলাদা করে বললেন তাঁর এক পূর্বসূরির কথা। একসময় যাঁর গতির আগুনে বিশ্বজুড়ে পুড়তেন ব্যাটসম্যানরা, দক্ষিণ আফ্রিকার বোলিং-নেতার ব্যাটনটা যাঁর কাছ থেকে পেয়েছিলেন স্টেইন, সেই অ্যালান ডোনাল্ড। তিন বছর ধরে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ ডোনাল্ড। গলে লঙ্কানদের পুড়িয়ে স্টেইন বললেন, তাঁর জ্বালানির উৎস ডোনাল্ড, ‘অসাধারণ এক বোলার ছিলেন অ্যালান। এখানে বোলিং করার আগে ইউটিউবে ওর গোটা দুই ভিডিও দেখে নিয়েছিলাম। এককথায় অবিশ্বাস্য! শুধু এটাই নয়, প্রতিদিনই অ্যালান আমাকে এসে বলছেন আমি কত ভালো বোলার, কত বড় বোলার। একজন কিংবদন্তি নিজেই যখন এমন কথা বলেন, এর চেয়ে বড় প্রেরণা আর নেই। এ জন্যই আমি প্রতিবার উইকেট নিয়ে তাঁর দিকে সংকেত দেওয়ার চেষ্টা করি। বলতে চাই, ধন্যবাদ। অ্যালানই আমার চালিকাশক্তি।’
ডোনাল্ড দলের বোলিং কোচ হওয়ার পর পারফরম্যান্স আরও ক্ষুরধার হয়েছে স্টেইনের। আগে যেখানে বোলিং গড় ২৩.২, ওভারপ্রতি রান দিয়েছিলেন ৩.৪৮, ডোনাল্ড আসার পর গড় সেখানে ২১.৮৪, ওভারপ্রতি রান ২.৯১!
উপমহাদেশে এমন আগুনে বোলিংয়ের রহস্যও উন্মোচন করলেন স্টেইন, ‘প্রতিবার উপমহাদেশে এলেই আমি আগের চেয়ে ভালো করতে চাই। সবুজ উইকেটে ৫ উইকেট পেলে কেউ মনেও রাখে না, উপমহাদেশে ৫ উইকেটই আসল।’ এএফপি, ক্রিকইনফো।