আগামী ৮ এপ্রিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। কাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে ১ এপ্রিল। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ এপ্রিল।
৩৪ সদস্যের নির্বাহী কমিটিতে সভাপতি পদে একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন—সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। মহাসচিব পদেও শুধু সৈয়দ শাহেদ রেজা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুই পদে তাই নির্বাচন হচ্ছে না।
পাঁচটি সহসভাপতি পদের দুই ক্যাটাগরিতে একক প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। এই দুই পদের মধ্যে মহিলা ক্রীড়া সংস্থার কোটায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এবং নন-অলিম্পিক ক্যাটাগরিতে সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। যার মানে বাকি তিন ক্যাটাগরির (অলিম্পিকের ডিসিপ্লিন) প্রার্থীদের মধ্যে ভোট হচ্ছে। এই তিন পদের জন্য লড়ছেন চারজন—মিজানুর রহমান মানু, শেখ বশির আহমেদ, নাজিম উদ্দিন চৌধুরী ও বাদল রায়।
উপমহাসচিবের দুটি পদের জন্য লড়বেন আশিকুর রহমান মিকু, আসাদুজ্জামান কোহিনুর, শফিউল্লাহ আল মুনীর ও ইন্তেখাবুল হামিদ অপু। কোষাধ্যক্ষ পদে প্রার্থী দুজন—কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল ও ইমতিয়াজ খান বাবুল।
এ ছাড়া ১৭টি সদস্যপদে লড়বেন ১৯ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৮০।