উপমাটা দারুণ দিলেন দ্রাবিড়

মাঠের ভেতরে-বাইরে শুদ্ধতার প্রতীক তিনি বরাবরই। রাহুল দ্রাবিড় এখন ধীরে ধীরে হয়ে উঠছেন যেন ক্রিকেটের বিবেকও। ধারাভাষ্য কক্ষে বসে মন জয় করেছেন দর্শকের, নজর কাড়ছেন বাগ্মিতায়। চিন্তাভাবনার শুদ্ধতা ও গভীরতা ফুটে উঠছে তাঁর লেখায় ও কথায়। ইএসপিএনক্রিকইনফোর এক অনুষ্ঠানে যেমন অসাধারণ উপমায় ফুটিয়ে তুললেন টেস্ট ক্রিকেট ও টি-টোয়েন্টির পার্থক্য এবং সম্পর্ক।
টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখা এবং আরও জনপ্রিয় করার জন্য কিছু পরামর্শও দিয়েছেন দ্রাবিড়। টেস্ট বিশেষজ্ঞদের আর্থিক সুবিধা বাড়িয়ে দেওয়া, কার্যকর ও নিয়মিত একটা সূচি অনুসরণ করা, প্রয়োজনে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করা এবং নিচু সারির টেস্ট দলগুলোর মানোন্নয়নে শক্তিশালী দেশগুলোর ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দেওয়া। বাংলাদেশ যেমন খেলতে পারে ভারতের ঘরোয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্টে!
২০ বছর পূর্তিতে বেশ কিছুদিন ধরেই কিছু ধারাবাহিক আয়োজন করছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইটটি। পরশু লন্ডনে ‘ইএসপিএনক্রিকইনফো ফর ক্রিকেট’ অনুষ্ঠানে দ্রাবিড়ের ২১ মিনিটের বক্তৃতাটি বিষয়, বাচনভঙ্গি আর রসবোধ মিলিয়ে ছিল দারুণ উপভোগ্য। সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অংশ সম্ভবত ওই টেস্ট আর টি-টোয়েন্টি প্রসঙ্গই, ‘টেস্ট ক্রিকেট সবচেয়ে পুরোনো ও সমৃদ্ধ সংস্করণ, এটি গাছের কাণ্ডের মতো। আর ওয়ানডে বলুন বা টি-টোয়েন্টি, সংক্ষিপ্ত সংস্করণ হলো ওই গাছের শাখা-প্রশাখা। এখন সত্যি বলতে, ফল তো শাখা-প্রশাখাতেই ধরে। বিশাল বাগানে সেগুলোই বেশি নজর কাড়ে। কাণ্ড হলো পুরোনো, বিপুল, বিশাল একটা জিনিস; যা দাঁড়াতে এবং পুষ্ট হতে অনেক সময় নিয়েছে। কিন্তু এটাই আসলে প্রাণের উৎস; কাণ্ড কেটে ফেললে শাখা-প্রশাখাও পড়ে যাবে, ফলও শুকিয়ে যাবে।’
দ্রাবিড়ের শঙ্কা, আর একটি প্রজন্ম পরই হয়তো টেস্ট ক্রিকেট আরও গুরুত্ব হারিয়ে ফেলবে উঠতি তরুণদের কাছে। আকুতি করেছেন তাই টেস্ট ক্রিকেটকে বাঁচানোর। দিবা-রাত্রির টেস্ট আয়োজনে ক্রিকেট-ঐতিহ্যে কোনো হুমকিও দেখছেন না। আর বাংলাদেশের মতো দেশগুলোর মানোন্নয়নে পরামর্শ, ‘বাংলাদেশ ভালো একটি উদাহরণ, খেলাটার প্রতি যাদের আবেগ তীব্র, প্রতিভারও অভাব নেই। কিন্তু শক্তিশালী প্রথম শ্রেণীর কাঠামো না থাকার কারণে আক্ষরিক ও আলংকারিকভাবেই তারা টেস্ট ক্রিকেটে শক্ত জমি খুঁজে পাচ্ছে না। টেস্ট ক্রিকেট নতুন কিছু শেখার জায়গা নয়। প্রতিষ্ঠিত শক্তিগুলো কি এখানে সহায়তা করতে পারে? ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকায় জিম্বাবুয়ে, ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ড।’ ওয়েবসাইট।