উপহার পেল না বাংলাদেশ
ইংল্যান্ড: ৪৮.৪ ওভারে ২৪৩ওয়েস্ট ইন্ডিজ: ৪৪.৪ ওভারে ২২৫ফল: ইংল্যান্ড ১৮ রানে জয়ীইংল্যান্ড জিতল। ওয়েস্ট ইন্ডিজ হারল। সাদা চোখে এই তো ম্যাচের ফল!কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশও কি একটু ‘হারল’ না! ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে বারবাডোজ-জ্যামাইকার মধ্যদুপুর যেমন হঠাৎ বিষণ্ন, হাতের মুঠোয় পেয়ে যাওয়া স্বপ্নটা ফসকে যাওয়ায় বাংলাদেশের রাতও তো হঠাৎই যেন আরেকটু কালো।এই ম্যাচ তো স্বাভাবিক কোনো ক্রিকেট ম্যাচ ছিল না। বাংলাদেশ এই ম্যাচে ছিল না। আবার ছিলও। প্রতিটি রান, প্রতিটি উইকেটে বাড়ছিল-কমছিল বাংলাদেশের হূৎকম্পন। আশা-নিরাশার দোলায় দুলে শেষ পর্যন্ত প্রাপ্তি আশাভঙ্গের বেদনা। সঙ্গে একটা উপলব্ধিও—যা করার নিজেদেরই করতে হবে। কোয়ার্টার ফাইনালে খেলবে? সেই পথ তো খোলাই। আগামীকাল দক্ষিণ আফ্রিকাকে হারাও।এই পথ তো আগেও খোলাই ছিল। মাঝখান থেকে এ দেশের মানুষের স্নায়ুক্ষয়ী একটা রাত গেল। সেই চেন্নাই থেকে উড়ে আসা কোয়ার্টার ফাইনালের সুবাস ঝাপটা দিচ্ছিল নাকে। সেটি হাওয়ায় মিলিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের তীরে এসে তরী ডোবানোর পুরোনো রোগে। দুঃখটা ওয়েস্ট ইন্ডিজেরই বেশি, কিন্তু বাংলাদেশেরই কি খুব কম?বাংলাদেশকে ব্যতিক্রমী একটা অভিজ্ঞতার সঙ্গেও পরিচয় করিয়ে দিল এই ম্যাচ। একটা সময় ছিল, ক্রিকেটেও অন্য দেশের খেলা নিয়েই মেতে থাকত বাংলাদেশের মানুষ। অন্যের আনন্দে হাসত। অন্যের দুঃখে কাঁদত। ক্রিকেটের কুলীন আসরে লাল-সবুজের ঢেউ সেই দিনকে অতীত বানিয়ে দিয়েছে বেশ আগেই। কাল যেন আবার ফিরে এল সেই সব দিন।গেইল-স্যামি ছক্কা মারেন, উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের উইকেট পড়ে, বিষাদের চাদর ঢেকে দেয় চারপাশ। পোলার্ডের ক্যাচ ফেলার পর রবি বোপারার হতাশায় অন্ধকার মুখ টেলিভিশন ক্যামেরা ক্লোজআপে ধরে, বাংলাদেশ হাততালি দেয়। বাংলাদেশ খেলছে না, অথচ সেই ম্যাচই এমন আবেগের নাগরদোলায় আর কবে দুলিয়েছে এ দেশের মানুষকে!এ এক অবাক ক্রিকেট ম্যাচ! যেখানে শত্রু বন্ধু হয়ে যায়। কপালে ৫৮-কলঙ্কের তিলক এঁকে দেওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য সারাক্ষণ প্রার্থনা করে গেল বাংলাদেশ। এ এক অবাক ক্রিকেট ম্যাচ! যেখানে অকারণে কেউ শত্রু হয়ে যায়। বাংলাদেশকে বিশ্বকাপে সবচেয়ে রোমাঞ্চকর জয়ের স্বাদ দিল যে দল, সেই ইংল্যান্ড কাল দুচোখের বিষ। বাংলাদেশের প্রতিপক্ষ হলে ভিন্ন কথা, নইলে আর কখনো পুরো দেশ এমন একজোট হয়ে কোনো দলের অমঙ্গল কামনা করেনি।টস জিতে প্রথম ব্যাটিং করে ইংল্যান্ড ২৪৩ রান করার পর প্রথম আলোর ক্রীড়া বিভাগে একের পর এক ফোন আসতে শুরু করে—রানটা কি বেশি হয়ে গেল? ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সময় উইকেট কি খুব টার্ন করবে? ক্রিস গেইল আর ড্যারেন স্যামি যখন চার-ছয়েই ম্যাচ জিতে ফেলতে চান, টেলিভিশনের সামনে করতালির শব্দ ওঠে। আবার ওরা আউট হয়ে যাওয়ার পর বিরক্ত বাংলাদেশের ক্রিকেট-অন্তঃপ্রাণ তরুণের এসএমএস আসে—এরা কি টি-টোয়েন্টি খেলতে নেমেছে নাকি!বাংলাদেশের জন্য এই ম্যাচ অবাক এক অভিজ্ঞতাই! আন্দ্রে রাসেলকে কে-ই বা চিনত এ দেশে! অথচ জ্যামাইকার ২২ বছর বয়সী তরুণ হয়ে গেলেন তামিম-সাকিবের মতোই আপনজন! সোয়ানের বল উড়িয়ে মারলেন, বাউন্ডারি লাইনে ট্রট ক্যাচটা নেওয়ার সময় দড়িতে তাঁর স্পর্শ লেগেছে কি লাগেনি—টিভিতে বারবার রিপ্লে দেখাচ্ছে। আর রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে বাংলাদেশ! প্রার্থনাও কি নয়?এই বিশ্বকাপেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে-অভিষেক। কাল খেলতে নেমেছিলেন মাত্র দ্বিতীয় ওয়ানডে। বোলিংয়ে ৪৯ রানে ৪ উইকেট। প্রত্যাশার অতীত বলবেন? তাহলে ব্যাটিংয়ে ৩ ছয় ও ২ চারে ৪৬ বলে ৪৯ রানের ইনিংসকে কী বলবেন! সেটিও কোন সময়ে? ১৫০ রানে ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ উইকেট পড়ে যাওয়ার পর। হায়, পরাজিতের বীরত্ব কে-ই বা মনে রাখে! আন্দ্রে রাসেলও তাই ম্যাচ শেষ হতে হতে ঝাপসা থেকে ঝাপসাতর হয়ে যান।সারওয়ানের সঙ্গে রাসেলের ৭২ রানের জুটিই ম্যাচ থেকে আস্তে আস্তে মুছে দিচ্ছিল ইংল্যান্ডকে। আর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছিল বাংলাদেশের হাসি। একটা সময় সমীকরণটা এমন—৫৩ বলে ওয়েস্ট ইন্ডিজের চাই ২২ রান। হাতে ৪ উইকেট। চারি দিকে হাসিরাশি...। ভাই, হিসাবটা কী, কোয়ার্টার ফাইনালে কাকে পাচ্ছে বাংলাদেশ? প্রশ্নটা হাওয়ায় মিলিয়ে যেতে বেশি সময় লাগল না। এর পর থেকেই যে ওয়েস্ট ইন্ডিজের উল্টোরথে যাত্রা। এই বিশ্বকাপে যেন ৫০ ওভারের ক্রিকেটের বিজ্ঞাপন করার দায়িত্ব নিয়েই এসেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ম্যাচ মানেই রুদ্ধশ্বাস নাটক। সেই নাটকের আরেকটি পর্বের সাক্ষী হয়ে থাকল চিদাম্বরম স্টেডিয়াম। রাসেলকে এলবিডব্লু করে ইংল্যান্ডকে এক চিলতে আশার আলো দেখালেন ট্রেডওয়েল। পরের বলেই সুলিমান বেনের বিপক্ষেও জোরালো এলবিডব্লুর আবেদন। মাঠের আম্পায়ার নাকচ করে দেওয়ায় রিভিউ চাইল ইংল্যান্ড। কোনো রকমে বাঁচলেন বেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে মরবে বলে পণ করে রেখেছে!সেই ১৯৯৬ বিশ্বকাপে অভিষেকের পর কালই প্রথম বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে বাইরে বসে শিবনারায়ণ চন্দরপল। ঠান্ডা মাথায় খেলে এক-দুই রান নিলেই চলে—এমন পরিস্থিতিতে ক্যারিবীয়দের নিশ্চয়ই তাঁর কথা খুব মনে পড়ছিল। তার পরও ওয়েস্ট ইন্ডিজের ভরসা হয়ে ছিলেন রামনরেশ সারওয়ান। সোয়ানের পরের ওভারের প্রথম বলেই আর থাকলেন না। এক বল পরই রোচকেও ফিরিয়ে দিলেন ইংলিশ অফ স্পিনার। উইকেটে ওয়েস্ট ইন্ডিজের শেষ জুটি। তখনো দরকার ২১ রান।মাত্র ২ রান পরই ম্যাচ শেষ! যে ট্রটের বাতিল হয়ে যাওয়া ‘ক্যাচ’কে ম্যাচের নির্ধারক বলে মনে হয়েছিল, সেই ট্রটই রানআউট করে দিলেন বেনকে। মাত্র ৩ রানে ওয়েস্ট ইন্ডিজের শেষ ৪ উইকেট তুলে নিয়ে আবার ‘কোমা’ থেকে চোখ মেলে তাকাল ইংল্যান্ড।বিশ্বকাপে প্রথম ম্যাচ (প্রথম ওয়ানডেও) খেলতে নেমেই ওয়েস্ট ইন্ডিয়ান লেগ স্পিনার দেবেন্দ্র বিশু (৩/৩৪) প্রায় নায়ক হয়ে যাচ্ছিলেন। ৪ উইকেটে শেষ পর্যন্ত যিনি নায়ক, সেই জেমস ট্রেডওয়েলেরও এটি বিশ্বকাপ-অভিষেক।এই বিশ্বকাপে ‘বি’ গ্রুপ যেন এক রঙ্গমঞ্চ। প্রায় প্রতি রজনীতেই যেখানে নতুন নতুন নাটকের মঞ্চায়ন। কালকের ম্যাচটি ‘অদ্যই শেষ রজনী’ ঘোষণা করতে করতেও করল না। বরং অর্থহীন হয়ে পড়তে পড়তে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠল গ্রুপের শেষ দুই ম্যাচ। আগামীকাল ঢাকায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, আগামী পরশু চেন্নাইয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে কিছু করতে হলে নিজের বাহুবলেই করতে হবে।মন খারাপ করে আর কী হবে! ভাগ্য তো নিজেদেরই হাতে। কোয়ার্টার ফাইনালে উঠতে চাইলে বীরের মতোই উঠুক না বাংলাদেশ!