উপেক্ষা থেকে অভিমান..তারপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো প্রশ্নেরই উত্তর দিতে চাইলেন না। অনুরোধ করলেন কোনো প্রশ্ন না করতেও। বললেন, ‘আমি প্রথমেই আমার বক্তব্যটা বলব। আমার কথা শেষ হওয়ার পর দয়া করে আর কোনো প্রশ্ন করবেন না।’সারা দিনই কোনো খোঁজ পাওয়া যায়নি রকিবুল হাসানের। কোথায় গেছেন, কার সঙ্গে গেছেন, সেটাও ঠিকমতো বলতে পারছিলেন না বড় বোন মলি। শুধু বারবার তাকিয়ে দেখছিলেন দেয়ালে ঝোলানো ভাইয়ের পদক আর তাকে সাজানো পুরস্কারগুলোর দিকে। কাঠের তাকের কয়েকটি সারি এখনো ফাঁকা। ভবিষ্যতে যেগুলো পদকে আর পুরস্কারে ভরিয়ে তোলার আশাটা তাঁর ভাই নিজেই শেষ করে দিয়েছেন আগের দিনের একটি ঘোষণায়। আকস্মিক এ ঘোষণাটা সব ধরনের ক্রিকেট থেকে তাঁর অবসর নেওয়ার। জানা গেল গভীর রাতে চট্টগ্রাম থেকে ঢাকার বাসায় ফিরেছেন। কিন্তু সকাল থেকেই লাপাত্তা হয়ে গেলেন জাতীয় দলের সদ্যই সাবেক হওয়া ক্রিকেটার রকিবুল হাসান।পল্লবীতে তাঁদের ভাড়া বাসার সামনে সকাল থেকেই জনতার ভিড়। অপেক্ষায় সংবাদমাধ্যমের কর্মীরা। কিন্তু রকিবুল হাসানের আর দেখা নেই তো নেই-ই। তাঁর এক মামা ও ভাতিজা জানালেন, সকালেই তিনি কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন। অন্যদিনের মতো ড্রাইভারকেও সঙ্গে নেননি। সারা দিন সবাইকে অপেক্ষায় রেখে তিনি এলেন সন্ধ্যা পৌনে সাতটার দিকে। কেন তিনি সারা দিন ধরে লাপাত্তা, অনেকটা আত্মগোপনে যাওয়ার মতো? কেন তিনি অকালে অবসর নিলেন? এসবের কোনো উত্তর না দিয়ে যান্ত্রিকভাবে যা বলে গেলেন, তাতে মনে হলো ক্রিকেট বোর্ডের উপেক্ষা, আর তা থেকে জন্ম নেওয়া অভিমান থেকেই এই কঠিন সিদ্ধান্ত, ‘নিউজিল্যান্ডে আমি ওয়ানডে ও টেস্ট ম্যাচের বাইরে ছিলাম, দেশে আসার পর ওয়ানডে দলেও ছিলাম না। এর পর তিন দিনের ম্যাচে আমাকে সুযোগ দেওয়া হয়, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের দলেও দেখলাম আমার নাম নেই। এতেই আমি বুঝতে পেরেছি যে ক্রিকেট বোর্ড আমাকে নিয়ে তেমন ভাবছে না। কিংবা বোর্ড মনে করছে না সেখানে আমার অবস্থান পাকাপোক্ত হয়েছে।’এ জন্য কি জাতীয় দল থেকেই অবসর নিতে হবে? তাঁর উত্তর, ‘দল থেকে বাদ পড়ার সঙ্গে সঙ্গেই ভেবেছি যে আমি আমার যোগ্যতা দিয়ে, আমার পারফরম্যান্স দিয়ে আবারও দলে ঢুকেই অবসর নেব।’ নিজেকে প্রমাণ করার জন্য রকিবুল বেছে নিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচকেই, ‘তিন দিনের প্র্যাকটিস ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করি। এর পরই ঘোষণা করা হয় জাতীয় দল। এবং জাতীয় দলে সুযোগও পেলাম। এর পরই স্বেচ্ছায় অবসর নিয়ে নিলাম।’আকস্মিক অবসর ঘোষণার কারণটা জানিয়ে প্রাসঙ্গিক আর কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না। কী এক রহস্যে এড়িয়ে গেলেন সব। আবেগের বশে, নাকি কারও চাপে পড়ে অবসরে গেলেন সেই প্রশ্নেও মুখে তালা, ‘নো কমেন্টস।’ ক্রিকেট বোর্ডের এত দিনের বিনিয়োগও কি তাহলে পানিতে গেল? একই উত্তর, ‘মন্তব্য করব না।’রকিবুলের এই হঠাত্ অবসরে আর সবার মতো বিস্মিত হয়েছেন তাঁর মাও। তবে তাতে তিনি নিজে বিচলিত নন। ভবিষ্যত্ নিয়েও আপাতত ভাবছেন না, ‘আমি ভবিষ্যতে কী করব, সেটা নিয়ে এখনো চিন্তা করিনি।’ কথা শেষ। সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেলেন রকিবুল হাসান। পেছনে সন্ধ্যার গাঢ় অন্ধকার ঘিরে ধরেছে তাঁকে। সেদিকে তিনি ফিরে তাকালেন কি না, সেটাও বোঝা গেল না।