উপেক্ষিত তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্তো মানচিনির মন জিতে কার্লোস তেভেজ আবারও মাঠে ফিরেছেন বটে, কিন্তু জাতীয় দলের কোচ আলেসান্দ্রো সাবেলার মন জয় করতে পারলেন না। এবারও আর্জেন্টিনার জাতীয় দলে উপেক্ষিত ম্যান সিটির স্ট্রাইকার।আগামী ২ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আর্জেন্টিনার। নিজেদের মাঠের এই ম্যাচের জন্য পরশু ইউরোপভিত্তিক ১৮ জনের নাম ঘোষণা করেছেন সাবেলা। দলের বাকি খেলোয়াড়দের নেওয়া হবে আর্জেন্টিনার ঘরোয়া লিগের খেলোয়াড়দের মধ্য থেকে।১৮ জনের তালিকায় তেভেজের না-থাকাটা খুব বড় চমক নয়। কারণ ২০১০ বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে ম্যানচেস্টার সিটির ২৮ বছর বয়সী তারকা। তবে চমক একটা আছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন চিলির ক্লাব ইউনিভার্সিদাদ ডি চিলির উইঙ্গার মাতিয়াস রদ্রিগেজ।চিলির চ্যাম্পিয়ন ইউনিভার্সিদাদে গত ছয়টি মাস ২৬ বছর বয়সী রদ্রিগেজের কেটেছে দুর্দান্ত। লিগ শিরোপার পাশাপাশি গত ডিসেম্বরে ক্লাবকে জিতিয়েছেন কোপা সুদামেরিকা। দলকে এ মাসে তুলেছেন লিবার্তোদোরেস কাপের কোয়ার্টার ফাইনালে। বক্সের বাইরে থেকে অসাধারণ কিছু গোল করা রদ্রিগেজ দলের প্রয়োজনে খেলেন রাইটব্যাক হিসেবেও। রয়টার্স।আর্জেন্টিনা দল: সার্জিও রোমেরো, ফেদেরিকো ফার্নান্দেজ, হুগো ক্যাম্পানারো, মার্কোস রোজো, এজেকুয়েল গ্যারাই, পাবলো জাবালেতা, মাতিয়াস রদ্রিগেজ, হোসে সোসা, পাবলো গুইনাজু, অ্যাঙ্গেল ডি মারিয়া, ফার্নান্দো গ্যাগো, হাভিয়ের মাচেরানো, ম্যাক্সি রদ্রিগেজ, এদুয়ার্দো সালভিও, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো ও এজেকুয়েল লাভেজ্জি।