আক্ষরিক অর্থেই উভয় সংকটে পড়েছেন এলিস পেরি। জাতীয় দলের গুরুত্বহীন ম্যাচে খেলবেন, নাকি লিগের ফাইনালে খেলবেন? তার চেয়েও বড় প্রশ্ন, ক্রিকেট খেলবেন নাকি ফুটবল? ছোটবেলা থেকেই অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট-ফুটবল দুটিই খেলে এসেছেন। আজই যেমন অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের মেয়েদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলার কথা। কিন্তু অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় আজকের ম্যাচটা শুধু আনুষ্ঠানিকতাই। এদিকে তাঁর ক্লাব ফুটবল দল সিডনি এফসিরও ম্যাচ আছে আজ। মেলবোর্ন সিটির হয়ে ম্যাচটা আবার লিগের শিরোপা নির্ধারণীও। কী করবেন পেরি? যতই গুরুত্বহীন হোক, আপাতত ক্লাবের চেয়ে জাতীয় দলের ম্যাচটা বড় করে দেখছেন অস্ট্রেলিয়ান তরুণী। আজ তাই ভারতের সঙ্গে দেখা যাওয়ার কথা তাঁকে। এ ধরনের পরিস্থিতি প্রথম নয়, আরও দুবার ক্রিকেট-ফুটবলের ম্যাচ একই দিনে পড়ে গিয়েছিল। সামনে এ রকম আরও হতেই পারে! সিডনি মর্নিং হেরাল্ড।