উমর, আসাদে মুগ্ধ আকরাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে উমর আকমলের ব্যাটিং নিয়ে দারুণ খুশি সবাই। সঙ্গে আসাদ শফিকের ঠান্ডা মাথার লড়াই মুগ্ধ করেছে পাকিস্তানি অনেক সাবেক ক্রিকেটারকেই। সাবেক অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা গতি তারকা ওয়াসিম আকরাম তো এই দুই ব্যাটসম্যানকে নিয়ে একটু অন্য রকম চিন্তা করার পক্ষেই মত দিয়েছেন। তাঁর মতে, এই দুই ব্যাটসম্যান ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ইনিংস নিজেদের মতো করে গড়ার জন্য আরও বেশি সময় পেতে পারেন। সে ক্ষেত্রে তাঁদের ব্যাটিং অর্ডারের ওপরের দিকে নিয়ে এলে পাকিস্তান দলই সবচেয়ে উপকৃত হবে।একটি ওয়েবসাইটে লেখা কলামে ওয়াসিম আকরাম বলেছেন, ‘আমার মনে হয়, পাকিস্তানি টিম ম্যানেজমেন্ট আসাদ শফিকের ব্যাপারে একটু ভেবে দেখতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসাদের মাথা ঠান্ডা করে খেলার যে ব্যাপারটি দেখলাম, তার পুরস্কার সে পেতে পারে ওপেনার হিসেবে প্রমোশন পেয়ে।’ উমর আকমল সম্পর্কে ওয়াসিম আকরাম বলেন, উমরের বড় ইনিংস খেলার ক্ষমতা রয়েছে। সে এই মুহূর্তে যে জায়গাটিতে ব্যাট করছে, তাতে দলের বিপর্যয় ঠেকানো ছাড়া বড় ইনিংস খেলার সুযোগ খুব সীমিত। তাই ওকে আরও ওপরের দিকে তুলে নিয়ে আসা হলে দলই তাঁর লম্বা ইনিংস থেকে উপকৃত হতো।পাকিস্তানের ব্যাটিং অর্ডারের দুর্বলতাও উঠে এসেছে ওয়াসিম আকরামের কলামে। আকরামের মতে, দলের টপ অর্ডারকে অনেক বেশি ভঙ্গুর মনে হচ্ছে। তাঁরা যেন কোনোমতেই চাপ নিতে পারছে না।’ তিনি আগামী ম্যাচগুলোতে কামরান আকমলের সঙ্গে আসাদ শফিককে ওপেনিংয়ে পাঠিয়ে হাফিজকে ৬ নম্বরে খেলানোর পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম। তাঁর মতে, দলের সবচেয়ে দুই অভিজ্ঞ খেলোয়াড় ইউনুস খান ও মিসবাহ-উল-হককে ৩ ও ৪ নম্বরের দায়িত্বে রেখেই দলের ব্যাটিং অর্ডার সাজাতে হবে।তিনি অধিনায়ক আফ্রিদির সমালোচনা করে বলেন, ব্যাটসম্যান আফ্রিদিকে ব্যাটিং নিয়ে পরামর্শ দিয়ে কোনো লাভ নেই। ওর আর এসব পরামর্শ শোনার সময় নেই। ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দেওয়ার পর যদি কোনো ব্যাটসম্যান পরিস্থিতি বুঝে শট খেলতে না জানে, তাহলে তাঁকে পরামর্শ দিয়ে কোনো লাভ নেই। ওয়াসিম আকরাম বলেন, ‘অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শহীদ আফ্রিদি যে শটটি খেলে আউট হয়েছে, তাকে শুধু বাজে শট বললে কম বলা হবে।’ওয়াসিম আকরাম পাকিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ঢাকার উইকেট অনেক ভালো। ওখানে সহজেই পাকিস্তানি স্ট্রোক মেকাররা নিজেদের মেলে ধরতে পারবে।’ তিনি বলেন, ‘শনিবারের কলম্বোর উইকেটটি ছিল আমার দেখা সবচেয়ে বাজে উইকেট। শ্রীলঙ্কায় আগে কখনো এত বাজে উইকেট আমি দেখিনি। একেক সময় উইকেট তার আচরণ বদলাচ্ছিল। প্রথমে মনে হচ্ছিল, এই উইকেটে যথেষ্ট রান থাকবে। কিন্তু পরে মনে হলো টস হারাটাই পাকিস্তানের জন্য শাপে বর হয়েছে।’ ওয়েবসাইট।