উমর আকমলও একটা কারণ!
জুলকারনাইন হায়দারের পলায়ন-তত্ত্বের নতুন ব্যাখ্যা পাওয়া গেল। পাকিস্তানের এই উইকেটরক্ষক জানিয়েছেন, হোটেল থেকে তাঁর পালানোর অন্যতম কারণ ছিল সতীর্থ উমর আকমলের মানসিক নির্যাতন!কদিন আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন জুলকারনাইন। আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি। তাঁর বিষয়টি দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই কমিটির কাছে হোটেল থেকে কাউকে কিছু না বলে পালিয়ে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন। পিসিবির একটি সূত্র জানিয়েছে, মোটামুটি সংবাদমাধ্যমে এত দিন ধরে বলে আসা কথাগুলোই নতুন করে বলেছেন জুলকারনাইন। তবে এর মধ্যে নতুন তথ্য হলো, উমর আকমলের দিকে অভিযোগের আঙুল তোলা।নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি বলেছে, ‘তিনি এখনো লন্ডনে পালিয়ে যাওয়ার পরিষ্কার কোনো ব্যাখ্যা দেননি। তবে উমর আকমল ও কিছু সতীর্থের মানসিক নির্যাতনের কথা উল্লেখ করেছেন। পিসিবিকে পাঠানো চিঠিতে মোটামুটি পুরোনো কথাগুলোই ঘুরিয়ে-ফিরিয়ে বলা হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে দুটি বিষয় উল্লেখ করেছেন। প্রথমটা হলো উমর আকমল আর তাঁর কিছু সতীর্থ তাঁকে মানসিকভাবে নির্যাতন করেছেন। দ্বিতীয়ত, টিম ম্যানেজমেন্টের ওপর তাঁর আস্থা ছিল না। এ কারণেই কাউকে কিছু না বলে হোটেল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। মূলত উমরের বড় ভাই কামরানের জায়গা নিয়ে দলে এসেছিলেন বলেই তাঁর প্রতি এমন আচরণ করা হয়েছিল বলে জানিয়েছেন জুলকারনাইন। অনেক সময় নেটেও নাকি জুলকারনাইনের বদলে উইকেটকিপিং করতেন উমর। টিম ম্যানেজমেন্টের ওপর আস্থা ছিল না, কারণ তাঁরাও সব সময় এটা বুঝিয়ে দিতেন, দলে তোমার জায়গা নিশ্চিত নয়।গত নভেম্বরে দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময় হুট করে নিখোঁজ হয়ে যান জুলকারনাইন। পরে জানা গেছে, বাজিকরদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলেই জীবন বাঁচাতে পালিয়ে গেছেন। কদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক তাঁকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিলে দেশে ফিরে আসেন। এর পরই পিসিবির কমিটি তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশ দেয়। যে নোটিশের জবাবে এই অভিযোগগুলো করেছেন বলে জানিয়েছে ওই সূত্র। পিসিবি নাকি জুলকারনাইনের এসব ব্যাখ্যায় মোটেও সন্তুষ্ট নয়। কারণ চিঠির জবাবে তিনি এখনো সুনির্দিষ্ট কোনো নাম বা প্রমাণ দিতে পারেননি, বলেননি স্পট ফিক্সিংয়ের সঙ্গে কারা কারা জড়িত। ওয়েবসাইট।