উমর-আজমল জেতালেন পাকিস্তানকে
সেমিফাইনালে যেতে হলে বড় ব্যবধানে জিততে হবে এবং দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে। এমন সমীকরণ নিয়েই শুরু হয়েছিল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি। শেষ পর্যন্ত এমন গুরুত্বপূর্ণ ম্যাচ ১১ রানে জিতে নিয়েছে পাকিস্তান। তাদের ৭ উইকেটে করা ১৪৮ রানকেই টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকা (১৩৭/৭)।সেন্ট লুসিয়ায় পাকিস্তানের ইনিংসটাকে কাল ভাগ করা যায় তিনটি অংশে—শুরুতে দক্ষিণ আফ্রিকার পেসাররা, মাঝখানে দুই আকমল ভাই ও আফ্রিদি, শেষে চার্ল ল্যাঙ্গেভেল্ট। দ্বিতীয় ওভারে টুর্নামেন্টে দলের সবচেয়ে সফল ব্যাটসম্যান সালমান বাটকে (২) হারানোর পর থেকেই ধুঁকতে থাকে পাকিস্তান। ব্যাটিং শক্তি বাড়াতে মোহাম্মদ সামিকে বাদ দিয়ে দলে নেওয়া খালিদ লতিফ (৭) ও মোহাম্মদ হাফিজ (১) আউট হন পরপর দুই ওভারে। ৭ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৩ উইকেটে ২৩।এরপর হাত খুলে খেলতে শুরু করেন দুই আকমল ভাই কামরান ও উমর। প্রথম ২০ বলে এক চারে ১০ রান করা কামরান পরের ২৭ রান করেছেন ১৩ বলে, দুটি করে চার-ছয়ে। ৩৬ বলে দুই ভাইয়ের ৫১ রানের জুটিটি শেষ হয়েছে পয়েন্টে গিবসের দুর্দান্ত এক ক্যাচে। উমরের সঙ্গে আফ্রিদির পরের জুটিটা ছিল আরও বিধ্বংসী, ৩৩ বলে ৬১ রান! শুরু থেকেই হাত খুলে খেলা উমর ২ চার ও ৪ ছয়ে ৩৩ বলে করেছেন ৫১ রান। ল্যাঙ্গেভেল্টকে মাথার ওপর দিয়ে ছয় মেরে ৫০ করার এক বল পরই ধরা পড়েছেন লং অনে। দুই বল পরে ১৮ বলে ৩০ রান করা আফ্রিদিকেও বোল্ড করে দেন ল্যাঙ্গেভেল্ট। এই জুটির বিদায়ের পর শেষ তিন ওভারে পাকিস্তান করতে পেরেছে মাত্র ১৬, চার-ছয় হয়নি একটিও।রান তাড়া করতে এসে ২৩ রানের মধ্যেই দুই ওপেনার হার্শেল গিবস (৩) ও অধিনায়ক গ্রায়েম স্মিথকে (১৩) হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। চার নম্বরে উইকেটে আসা এবি ডি ভিলিয়ার্স ১টি চার ও ২টি ছয়ে ৪১ বলে ৫৩ রান করলেও দক্ষিণ আফ্রিকা ১৩৭ রানের বেশি তুলতে পারেনি। পাকিস্তানের সবচেয়ে সফল বোলার সাঈদ আজমল ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট।সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২০ ওভারে ১৪৮/৭ (উমর আকমল ৫১, কামরান আকমল ৩৭, আফ্রিদি ৩০; ল্যাঙ্গেভেল্ট ৪/১৯, স্টেইন ১/২৬, ক্যালিস ১/২৮, ফন ডার মারউই ১/৩৩)।দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৭/৭ (এবি ডি ভিলিয়ার্স ৫৩, ক্যালিস ২২, বোথা ১৯; আজমল ৪/২৬, রেহমান ২/৩৫, রাজ্জাক ১/১৬)।