উমরের ঝড়ের পাল্টা জবাব ম্যাক্সওয়েলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমর আকমলের ব্যাটে উঠেছিল ঝড়
উমর আকমলের ব্যাটে উঠেছিল ঝড়

উমর আকমলের অসাধারণ এক ইনিংস আবারও আশীর্বাদ হয়ে এলো পাকিস্তানের জন্য। ভাই কামরান আকমলের সঙ্গে তাঁর ৯৬ রানের জুটিটিকে কী বলা যায়? ইনিংসের মেরুদণ্ড? তা বলাই যায়। ২৫ রানে ২ উইকেট ফেলে দিয়ে অস্ট্রেলীয়রা যখন হাওয়ায় ভাসছে, ঠিক তখনই দুই ভাইয়ের জুটি পুরোপুরিই ঠেলে দিল তাদের ব্যাকফুটে।

উমর আকমলের ৯৪ রানের ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে পাকিস্তান তুলেছে ৫ উইকেটে ১৯১ রান। প্রথম পাকিস্তানি আর টি-টোয়েন্টি ইতিহাসের মাত্র সপ্তম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কৃতিত্বটা পেতে পেতেও পেলেন না উমর। এর বদলে সপ্তমবারের মতো কোনো ব্যাটসম্যানের নড়বড়ে নব্বইয়ের ঘরে আউট হওয়া দেখল টি-টোয়েন্টি ক্রিকেট।

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিক ১৯১ রানই করেও ম্যাচ হেরেছিল পাকিস্তান। তবে এবার ৮ রানেই অস্ট্রেলিয়ার দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তান বল হাতেও দারুণ শুরু পেয়েছিল। কিন্তু আমকল ভাইয়েরই মতো তৃতীয় উইকেটে ঝোড়ো এক জুটি গড়ে তুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল আর অ্যারন ফিঞ্চ। ২০ বলে ৫৮ রানে অপরাজিত আছেন ম্যাক্সওয়েল। ৮ ওভারে ১০২ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। ভাট্টির করা অষ্টম ওভারেই তুলেছে ৩০ রান!

টসে জিতে ফিল্ডিং নিয়ে অস্ট্রেলিয়া আক্রমণের শুরুটা করেছিল চমত্কার। দ্বিতীয় ওভারেই পুল করতে গিয়ে ডাগ বলিঞ্জারের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ৭ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান তাঁদের অধিনায়কে হারায় দলীয় ২৫ রানে। মোহাম্মদ হাফিজকে বোল্ড করেন শেন ওয়াটসন।

জোড়া উইকেট হারিয়ে পাকিস্তান যখন বিপর্যয়ের মুখে ঠিক তখনই আকমল ভাইয়েরা পাল্টা প্রতিরোধে। মাত্র ৮.৩ ওভারে দুই ভাই তোলেন ৯৬ রান। ১১.২৯ রেটে রান তুলে দুই আকমল এ সময় রীতিমতো অসহায় করে তোলেন অস্ট্রেলীয় বোলারদের। ১২.৫ ওভারে পাকিস্তানের সংগ্রহকে ১২১-এ তুলে দিয়ে কামরান যখন আউট হন, বিপর্যয়কে অনেক পেছনে ফেলে পাকিস্তান তখন স্বপ্ন দেখছে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর। কামরানের সংগ্রহ ছিল ৩১।

পাকিস্তান বড় রান শেষ অবধি তুলতে পেরেছে। কৃতিত্বের প্রায় পুরোটাই দাবী করতে পারেন উমর আকমল। প্রায় এক হাতেই ইনিংসটিকে টেনে নিয়ে গেছেন। আক্রমণ শানিয়েছেন বিপুল বিক্রমে। অসাধারণ স্ট্রোক প্লেতে আজ মুগ্ধ করেছেন মিরপুরে উপস্থিত প্রায় ২০ হাজার দর্শককে। মাত্র ৫৪ বলে তাঁর ৯৪ রানের ইনিংসে চারের মার ৯টি, ছয় ৪টি। উমর আকমল সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেমে যান স্টার্কের বলে লং অনে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়ে।
উমর আকমলের দারুণ ইনিংসের পাশাপাশি শেষ দিকে শহীদ আফ্রিদির ঝোড়ো ইনিংস ছিল দারুণ কার্যকরী। মাত্র ১১ বলে ২০ রান করে আফ্রিদি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।