উয়েফা সুপারকাপ বায়ার্নের

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা সুপার কাপ নিজেদের করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রাগে কাল রাতের উত্তেজনাপূর্ণ খেলাটি অতিরিক্ত সময়ে ২-২ গোলে অমীমাংসিত ছিল। টাইব্রেকারে নির্ধারিত প্রতিটি শটেই বায়ার্ন খেলোয়াড়েরা গোল করলেও চেলসির রমেলু লুকাকুর শট ফিরিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ভাগ্যপরীক্ষায় ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ অবধি সুপার কাপে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে পেপ গার্দিওলার বায়ার্ন।
খেলাটি তো ছিল ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পুনরাবৃত্তি। ওই ফাইনালের মতোই টাইব্রেকারে গড়ানো ম্যাচে পার্থক্য বলতে কেবল ছিল চেলসির প্রথমে গোল করে এগিয়ে যাওয়া। খেলার ৯ মিনিটের সময় ফার্নান্দো তোরেসের গোলে খেলায় এগিয়ে যায় চেলসি। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ইউরোপের বর্ষসেরা ফ্রাঙ্ক রিবেরি খেলার ৪৭ মিনিটে খেলায় সমতা ফেরান বায়ার্নকে।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে খেলা গড়ালে প্রথমেই (৩ মিনিটের সময়) ইডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় হোসে মরিনহোর শিষ্যরা। নির্ধারিত সময়ের ৮৫ মিনিটে র্যামিরেস দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়ায় ওই সময় চেলসি খেলছিল ১০ জনের দল নিয়ে।
দশজনী চেলসির বিপক্ষে পিছিয়ে পড়ে ব্যাপক আক্রমণে ঝাঁপায় বায়ার্ন। কিন্তু গোলরক্ষক পিতওর চেকের দৃঢ়তায় গোল শোধ করতে পারছিল না তারা।
বায়ার্ন সমর্থকদের প্রতীক্ষা ও উত্কণ্ঠার অবসান ঘটান বদলি খেলোয়াড় জাভি মার্টিনেজ। মার্টিনেজের গোলটি ছিল চরম নাটকীয়। অতিরিক্ত সময়ের শেষ শটটি গোলে পরিণত করার আগে চেলসি-সমর্থকেরা নিচ্ছিল উত্সবের প্রস্তুতি।
টাইব্রেকারে বায়ার্নের পক্ষে গোল করেন ডেভিড আলবা, টনি ক্রুস, ফিলিপ লাম, ফ্রাঙ্ক রিবেরি ও শেহেরদান শাকিরি। চেলসির পক্ষে ডেভিড লুইজ, অস্কার, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও অ্যাশলি কোল গোল করলেও লুকাকুর ব্যর্থতার কারণে মৌসুমের প্রথম বড় ট্রফিটি নিজেদের করে নেয় বায়ার্ন মিউনিখ। সূত্র: রয়টার্স।