উরুগুয়ের তুরুপের তাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুয়ারে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে আলো ছড়াতে পারেন এমন ৩০ জন তারকাকে নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। ষষ্ঠ পর্বে থাকছে উরুগুয়ের এডিনসন কাভানিকে নিয়ে বিশেষ রচনা—

উরুগুয়ের স্বপ্ন-সারথি হতে পারবেন কাভানি?
উরুগুয়ের স্বপ্ন-সারথি হতে পারবেন কাভানি?

প্রতিপক্ষের ডি-বক্সে চিতাবাঘের মতোই ক্ষিপ্র। আবার কখনো শিল্পী। কখনো শিকারি বাঘকে দেখার শিহরণ, কখনো শিল্পীর তুলি চোখে এঁকে দেয় মায়াঞ্জন। লাতিন সৌন্দর্য আর জার্মান যান্ত্রিকতা যেন একই মোহনায় মিশেছে।

ঝাঁকড়া চুলের এই খেলোয়াড় ফুটবল মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন প্রায়ই। বিশ্বের যেকোনো দলই লুফে নিতে চাইবে ‘দ্য ফিনিশার’কে। নাম তাঁর এডিনসন কাভানি।

১৪ ফেব্রুয়ারি ১৯৮৭-তে জন্ম কাভানির। উরুগুয়ের দানুবিও ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু ২০০৫ সালে। প্রথম মৌসুমেই ৩০ ম্যাচে ১৩ গোল করে কাভানি জানান দেন আগমনী বার্তা! দ্রুতই ডাক পেয়ে যান উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলে। দক্ষিণ আমেরিকা যুব চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৭ গোল করে হন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। ইউরোপ হাতছানি দিয়ে ডাকে তাঁকে।

কাভানি যোগ দেন ইতালিয়ান ক্লাব পালেরমোতে। এ যেন ছিল বড় মঞ্চে নিজেকে আরও মেলে ধরার প্রস্তুতি। কাভানির আসল জাদু শুরু হয় ২০১০ সালে নাপোলিতে আসার পর। ইতালির ছোট্ট ক্লাব নাপোলির ফুটবলের ইতিহাসে যে কয়েকটি উল্লেখযোগ্য সাফল্যগাথা আছে, তার প্রায় পুরোটাই জুড়ে আছে ডিয়েগো ম্যারাডোনার স্মৃতি। অখ্যাত এ ক্লাবটিকে প্রায় একক প্রচেষ্টায় পাদপ্রদীপের আলোয় এনেছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তাঁর জাদুকরি ফুটবলে ভর করেই ১৯৮৯ থেকে ১৯৯০ মৌসুমে ইতালিয়ান লিগ শিরোপা জিতেছিল নাপোলি।

দীর্ঘদিন পর আবার ম্যারাডোনা-যুগের সেই সুখস্মৃতি ফিরিয়ে আনার দায়িত্ব যেন নিজের কাঁধেই তুলে নেন কাভানি। ২০১১-১২ মৌসুমে ক্লাবের হয়ে ইতালিয়ান কাপ জেতেন। ৫ গোল করে শীর্ষ গোলদাতাও হন। নাপোলির হয়ে প্রথম দুই মৌসুমে ইতালিয়ান লিগে ২৬ ও ২৩টি গোল করেন। তৃতীয় মৌসুমে ২৯ গোল করে হন সিরি আ-এর সেই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা।

অবিশ্বাস্য হলেও সত্যি, নাপোলির হয়ে ১৩৮ ম্যাচে ১০৯ গোল করেছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার! এ রকম গোলমেশিনকে যে বেশি দিন নাপোলির গরিব সংসারে রাখা যাবে না, তা অনুমিতই ছিল। চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো কাভানিকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছিল। কিন্তু টাকার বস্তা নিয়ে নামা পিএসজির সঙ্গে হারই মানতে হয় বাকিদের। রেকর্ড ৬ কোটি ৪০ লাখ ইউরোতে কাভানি যোগ দেন পিএসজিতে। পিএসজির হয়ে ফরাসি লিগে এ মৌসুমে গোল করেছেন ১৬টি। ইব্রাহামোভিচের সঙ্গে কাভানির জুটিকে বলা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা বিধ্বংসী জুটি। প্রথম বছরেই পিএসজির হয়ে জিতেছেন ফ্রেঞ্চ লিগ এবং কোপা দ্য লিগের ট্রফি।

জাতীয় দলের হয়ে কাভানির অভিষেক ২০০৮ সালে কলম্বিয়ার বিপক্ষে। উরুগুয়ের হয়ে অংশ নিয়েছেন ২০১০ ফিফা বিশ্বকাপ এবং ২০১১ কোপা আমেরিকায়। ২০১০ বিশ্বকাপে স্থান নির্ধারণী ম্যাচে জার্মানির বিপক্ষে একটি গোলও করেন, যেখানে তাঁর দল ৩-২ গোলে হেরে যায়। তবে ২০১১ সালে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলকে হারিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে পুরোনো টুর্নামেন্ট কোপা আমেরিকা জিতে নেয় উরুগুয়ে । ২০১৩ সালে খেলেছেন ফিফা কনফেডারেশনস কাপেও।

জাতীয় দলের হয়ে ৬০ ম্যাচ খেলা এই স্ট্রাইকার এখন পর্যন্ত করেছেন ২০ গোল। নিশ্চিতভাবেই বিশ্বকাপে উরুগুয়ে কোচ অস্কার তাবারেজের তুরুপের তাস হয়ে উঠবেন। সুয়ারেজের সঙ্গে কাভানির জুটি; গ্রুপ প্রতিপক্ষ ইতালি, কোস্টারিকা, ইংল্যান্ডের জন্য নির্ঘুম রাতের কারণ হবে। ২০১০ বিশ্বকাপে দেখেছেন নিজ দলের বীরত্বগাথা। ফোরলান ছিলেন সেই রূপকথার সারথি, কিন্তু এবারের বিশ্বকাপে সব আলো মূলত সুয়ারেজ-কাভানি জুটির ওপর। গতবারের চেয়ে আরও পরিণত, আরও হিংস্র, আরও অনন্য—কাভানি কি পারবেন উরুগুয়ের বিশ্বকাপ স্বপ্নের নায়ক হতে?