উরুগুয়ে-হল্যান্ডের পুনর্জন্ম
রাইনাস মিশেলস গত হয়েছেন, তাও পাঁচ বছর হয়ে গেল। ইয়োহান ক্রুইফ-নিসকেন্সরা অবশ্য দিব্যি আছেন। ক্রুইফ তো কাতালান দলের দায়িত্ব নিয়েছেন, ১৯৭৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেই আলোচিত গোল করা নিসকেন্সও কোচ হিসেবে কাজ করছেন ক্লাব ফুটবলে। স্বর্গ থেকে মিশেলস আর মর্ত্যে বসেই তাঁর সেই টোটাল ফুটবলের সৈনিক ক্রুইফ-নিসকেন্সরা আজ তাকিয়ে থাকবেন কেপটাউন স্টেডিয়ামে।১৯৩০ বিশ্বকাপের সাক্ষী হয়ে বেঁচে আছেন মাত্র একজন ফুটবলার, আর্জেন্টিনার ফ্রান্সিকো ভারাল্লো। উরুগুয়ের কেউ বেঁচে নেই। অবশ্য ১৯৫০ বিশ্বকাপের অনেকেই আছেন, মারাকানার দুই লাখ দর্শককে কান্নায় ভাসানো ঐতিহাসিক গোলটি করা অ্যালসিদেস ঘিগিয়াও। তিনিও নিশ্চয়ই আজ চোখ রাখবেন কেপটাউন স্টেডিয়ামে।২০১০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে হল্যান্ড আর উরুগুয়ে মাঠে নামার আগেই ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠছে অতীতের সাদাকালো সব স্মৃতি। উরুগুয়ে-কোচ অস্কার তাবারেজ তো বলেই বসলেন, ‘জানি না, আমাদের এই দলটা যদি শেষ পর্যন্ত ১৯৫০ বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন হয়, তাহলে কী হবে! ওই চ্যাম্পিয়নদের আমরা মাথায় করে রেখেছি।’চ্যাম্পিয়নের পথ অবশ্য বহু দূর। হ্যাঁ, হিসাব করলে আর দুটো মাত্র সিঁড়ি। কিন্তু এই দুটো সিঁড়ির দৈর্ঘ্য-প্রস্থের ক্ষেত্রফল উরুগুয়ের জন্য অনেক বড়। সেমিফাইনালে যে দুবারের চ্যাম্পিয়নদের টপকাতে হবে হল্যান্ড-বাধা। এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাহিক ফুটবল খেলছে ডাচরাই। সেমির চার দলের মধ্যে কেবল তারাই জিতেছে সব কটি ম্যাচ। কিন্তু দিন যত এগোচ্ছে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে উরুগুয়ের স্বপ্ন। চার দশক পর সেমিফাইনালে যখন ওঠা গেছে, ছয় দশক পর শিরোপা জয়ের আশাই বা তারা ছাড়বে কেন! আর ‘ফাইনালে’ ওঠা মানেই তো উরুগুয়ের নিশ্চিত শিরোপা! দুবার চ্যাম্পিয়ন উরুগুয়ে যে রানার্সআপ হয়নি কখনো।১৯৫০ বিশ্বকাপে সর্বশেষ ‘ফাইনাল’ খেলেছিল উরুগুয়ে। সেবার ঠিক এখনকার মতো ফাইনাল হয়নি। প্রথম রাউন্ডের সেরা চার দল খেলেছে ফাইনাল রাউন্ড। স্বাগতিক ব্রাজিল, স্পেন, সুইডেন আর উরুগুয়ে। একে অন্যের বিপক্ষে তিনটি করে ম্যাচ। শেষ ম্যাচটাই হয়ে গিয়েছিল ‘অলিখিত’ ফাইনাল। ব্রাজিল ম্যাচটা ড্র করলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন, আর প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে জিততেই হতো।ড্রই হচ্ছিল ম্যাচটা। কিন্তু ৭৯ মিনিটে মারাকানা স্টেডিয়ামকে কান্নায় ভাসিয়ে অ্যালসিদেস ঘিগিয়ার সেই গোল। এক অর্থে সেটি ছিল উরুগুয়ের টানা দ্বিতীয় শিরোপা। প্রথম বিশ্বকাপের আয়োজক দেশটিতে ইউরোপের সিংহভাগ দলগুলো খেলতে যায়নি, সেই অভিমানে ১৯৩৪ আর ১৯৩৮ বিশ্বকাপে খেলেনি উরুগুয়েও।১৯৫০-এর পর ১৯৭০ পর্যন্ত দুবার সেমি আর একবার কোয়ার্টার ফাইনালে খেলেছে। কিন্তু ১৯৭০-এর পর থেকে উরুগুয়ের ফুটবলে ঘুণপোকার বাস। গত নয়টি বিশ্বকাপের ৫টিতেই বাছাইপর্ব পেরোনো হয়নি। দুবার বাদ পড়েছে প্রথম রাউন্ডে, দুবার দ্বিতীয় রাউন্ডে।বিশ্বকাপ রেকর্ড নিয়ে হল্যান্ডও খুব একটা গর্ব করবে কি? ১৯৯৮-এর সেমিফাইনালে তারা খেলেছিল বটে, কিন্তু ২০০২-এ বাছাইপর্বে আর গতবার তো পর্তুগালের বিপক্ষে হেরে দ্বিতীয় রাউন্ডেই বাদ।কিন্তু হল্যান্ড এবার অন্য রকম। টানা ২৪ ম্যাচে অপরাজিত দলটার মধ্যে নিঃশঙ্ক অভিযাত্রীর আভা ঠিকরে বেরোচ্ছে। এখানেই ভয় কোচ বার্ট ফন মারউইকের। দলটা না শেষে অতিরিক্ত আত্মবিশ্বাস, আত্মতৃপ্তিতে ভুগে নিজেদের বিপদ ডেকে আনে। আজকের ম্যাচের নিশ্চিত ফেবারিট হয়েও মারউইক বারবার উরুগুয়ে সম্পর্কে সাবধান করে দিচ্ছেন দলকে, ‘ওরা খুবই বিপজ্জনক দল। সত্যিকারের লড়াকু। আমাদের তাই সতর্ক থাকতেই হবে।’ফন মারউইক ঠিকই বলেছেন। একের পর এক বাধা পেরিয়ে এসেছে উরুগুয়ে। বাছাইপর্ব পেরিয়েছেন প্লে-অফ খেলে। এবার বিশ্বকাপ শুরু করেছিল গোলশূন্য ড্র দিয়ে। দ্বিতীয় রাউন্ড পেরোল শেষ দিকে লুইস সুয়ারেজের গোলে। সেই সুয়ারেজের হাত তাদের পৌঁছে দিয়েছে শেষ চারে। একের পর এক স্নায়ুপরীক্ষা পেরিয়ে এসেছেন বলেই কিনা হল্যান্ডের সামনে দাঁড়িয়েও তাবারেজের হুঙ্কার, ‘এই ম্যাচ কঠিন, তবে অসম্ভব নয়।’ এএফপি, রয়টার্স।