উরুগুয়ের অন্য ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস সুয়ারেজের সঙ্গে এডিনসন কাভানি। আসন্ন বিশ্বকাপে আক্রমণভাগে সুয়ারেজ-কাভানি জুটিকে মনে করা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা। কিন্তু বাস্তবতা হচ্ছে, ব্রাজিলে উরুগুয়ের জন্য সুয়ারেজ-কাভানি জুটি যথেষ্ট না-ও হতে পারে৷
না, তাঁরা গোল করতে পারবেন না, এমনটা ভাবার কোনো কারণ নেই। নিজেদের সামর্থ্যের স্বাক্ষর রেখে তাঁরা গোল করবেনও। কিন্তু ভয়টা অন্যখানে। এক গোল করে দুই গোল, দুই গোল করে উরুগুয়ে চার গোল খেয়ে বসে কি না, শঙ্কাটা সেখানেই। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন, রক্ষণের কথাই বলা হচ্ছে। অধিনায়ক ডিয়েগো লুগানো, ডিয়েগো গডিনদের নিয়ে উরুগুয়ের রক্ষণ বেশ পলকা। প্রতিপক্ষ স্ট্রাইকাররা অনায়াসেই করে আসেন গোল৷
বিশ্বকাপ বাছাইয়ের দিকে দৃষ্টি দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সুয়ারেজ-কাভানিদের সুবাদে বাছাইপর্বে উরুগুয়ে ১৬ ম্যাচে করেছে ২৫ গোল। লুগানো, গডিনদের ‘বজ্র আঁটুনি ফসকা গেঁরো’র সুবাদে খেয়েছেও ২৫ গোল! ফল ১৬ ম্যাচের ৫টিতেই হার, ৪টিতে ড্র করে উরুগুয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইতে হয়েছে পঞ্চম। বিশ্বকাপের টিকিট কাটতে হয়েছে জর্ডানের সঙ্গে প্লে-অফ খেলে। বিশ্বকাপেও তাই সুয়ারেজ-কাভানি দলকে কত দূর নিয়ে যেতে পারবেন, প্রশ্নটা থেকেই যাচ্ছে। বিশেষ করে ৩৩ বছর বয়সী লুগানোকে নিয়েই কোচ অস্কার তাবারেজের উদ্বেগটা বেশি। শেষ পর্যন্ত তাই অভিজ্ঞ অধিনায়ককে যদি বাদও দেন কোচ তাবারেজ, অবাক হওয়ার কিছু থাকবে না! এএফপি৷