উরুগুয়ের উৎসবে 'ঘিগিয়া'ও!
উরুগুয়ে কি বিশ্বকাপ জিতে গেল নাকি?
গত পরশু রাতে অ্যারেনা করিন্থিয়ানসের আশপাশে থাকলে আপনার মনেও প্রশ্নটা জাগত। উরুগুইয়ানরা নাচছে, গাইছে। তা আর নতুন কি! রিওতে স্পেনকে হারিয়ে চিলিয়ানরাও এমন করেছে। উরুগুয়েকে হারিয়ে কোস্টারিকানরাও। নতুন হলো, এখানে আনন্দ শুধু নাচ-গানে সীমাবদ্ধ না থেকে কান্না পর্যন্ত গড়িয়েছে। চেনা কাউকে দেখলেই জড়িয়ে ধরে কান্না। কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল, চেনা-অচেনা বাছবিচার এখানে নেই। নীল রং হলেই হলো! বিশ্বকাপ জিতলে এর চেয়ে বেশি আর কী করবে উরুগুইয়ানরা!
একটু আগে এর চেয়েও অভাবনীয় দৃশ্যটার সাক্ষী মিডিয়া সেন্টার। শেষ বাঁশি বাজতেই উরুগুয়ের তিন সাংবাদিক হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ম্যাচের টিকিট না পেয়ে অনেক রেডিও সাংবাদিকই মিডিয়া সেন্টারে বসে টিভিতে খেলা দেখে কমেন্ট্রি করেন। ‘গোওওওওওওওওল’ বলে লম্বা চিৎকার ছাড়াও দক্ষিণ আমেরিকান ফুটবল কমেন্ট্রির বৈশিষ্ট্য হলো দ্বিধাহীন আবেগের প্রকাশ। প্রথমে তেমন কিছুই মনে হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল, কমেন্ট্রি-টমেন্ট্রি নয়, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ-স্বপ্ন বেঁচে থাকার আনন্দে সত্যিকার কান্নাই। সেটি ভিডিও-ছবিতে ধরে রাখতে ছুটে গেলেন অন্য সাংবাদিকেরা।
বিশ্বকাপ উপলক্ষে পাতালরেল অ্যারেনা করিন্থিয়ানস পর্যন্ত বিস্তৃত হয়েছে। স্টেডিয়ামে যেতে নামতে হয় ইতেকারা স্টেশনে। ম্যাচ শেষ হওয়ার ঘণ্টা দেড়েকের মধ্যে অ্যারেনা করিন্থিয়ানস থেকে উৎসব সেখানে স্থানান্তরিত। ১০-১২ জনের একটা দল ড্রাম-বাঁশি নিয়ে যেন পেশাদার বাদকদল। তাদের ঘিরে ভিড়টা বাড়তে বাড়তে খুব দ্রুতই সেটি প্রায় জনসভার রূপ নিল। সেখানেই দেখা মিলল ‘ঘিগিয়া’র!
১৯৫০ বিশ্বকাপে ‘মারাকানাজো’র নায়ক বিশ্বকাপ দেখতে এসেছেন কি না, অনেক চেষ্টা করেও তা জানতে পারিনি। ইতেকারা স্টেশনে যে ‘ঘিগিয়া’, ১৯৫০ বিশ্বকাপের সময় তাঁর জন্মই হয়নি। বয়স বড়জোর ২৪-২৫ হবে। মাথায় নীল পরচুলা। জার্সির পেছনে ঘিগিয়া লেখা। জার্সি নম্বর ৭। ১৯৫০ বিশ্বকাপে ৭ নাম্বার জার্সি পরেই খেলেছিলেন নাকি ঘিগিয়া?
কোনো নাম্বার পরেই খেলেননি। বিশ্বকাপে খেলোয়াড়দের জার্সিতে নাম্বার লেখাই তো শুরু হয়েছে এর পরের বিশ্বকাপ থেকে। ‘ঘিগিয়ার উত্তরসূরি’ অবশ্য দাবি করলেন, ঘিগিয়া নাকি ক্লাব ফুটবলে ৭ নম্বরই পরতেন। বাবা তাঁকে এমনই বলেছেন। বাবার নাকি ঘিগিয়ার সঙ্গে আলাপও ছিল। ফোরলান আর সুয়ারেজের ভক্ত। তবে বিশ্বকাপটা ব্রাজিলে বলেই ওই দুজনের জার্সি না পরে ঘিগিয়ারটা পরেছেন।
যেদিকে তাকানো যায়, শুধু উরুগুয়ে আর উরুগুয়ে। ইংল্যান্ড সমর্থকেরা সব ভোজবাজির মতো মিলিয়ে গেল নাকি! গ্যালারির একটা অংশ তো তাদের দখলেই ছিল। দক্ষিণ আমেরিকায় এসে এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান দল বিশ্বকাপ নিয়ে যেতে পারেনি। আসল কারণটা এরই মধ্যে পরিষ্কার। দক্ষিণ আমেরিকান দেশগুলো যেন খেলছে নিজেদের মাঠেই। আর্জেন্টিনার ম্যাচে মারাকানা আর্জেন্টিনার হয়েছিল, চিলির ম্যাচে চিলির। তবে উরুগুয়ে-ইংল্যান্ড ম্যাচে উরুগুইয়ানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে থাকলেও গ্যালারিতে ইংলিশরাও ভালোমতোই উপস্থিতি জানান দিয়েছে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইংলিশ সমর্থকেরা সব হাওয়া!
দুই ম্যাচেই যে ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ! কাগজে-কলমে অবশ্য ‘শেষ’ বলা যাচ্ছিল না। এই ম্যাচের পর সুতোয় ঝুলে ছিল ইংল্যান্ডের বিশ্বকাপ। সেই ‘সুতো’টা এমন—ইতালি যদি বাকি দুই ম্যাচেই জেতে আর শেষ ম্যাচে ইংল্যান্ড হারাতে পারে কোস্টারিকাকে, তাহলে ইতালি ছাড়া গ্রুপের বাকি তিন দলেরই পয়েন্ট হয়ে যাবে ৩। তখন গোল পার্থক্যে দ্বিতীয় রাউন্ডে ওঠা না-ওঠার মীমাংসা। সংবাদ সম্মেলনে রয় হজসনের কথায় অবশ্য তিনি কিছু আশা করছেন বলে মনে হলো না। ইতিহাসটা হয়তো জানেন। বিশ্বকাপে আজ পর্যন্ত প্রথম দুই ম্যাচে হেরে কোনো দল দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি।
ইংল্যান্ডের কোনো কোনো পত্রিকায় ওয়েইন রুনির ছোট ছেলের কান্নার ছবি ছাপা হয়েছে। ক্লে নিশ্চয়ই অন্য কোনো যাতনায় কেঁদেছে। ১৩ মাসের বাচ্চা কি আর বিশ্বকাপ বোঝে নাকি! কিন্তু ইংল্যান্ডের অবস্থা বোঝাতে ওই ছবিটিই যে প্রতীকী হয়ে যাচ্ছে। দেখেও যা বুঝতে পারেনি ক্লে, বড় হয়ে সেটি নিশ্চয়ই জানবে, বিশ্বকাপে তাঁর বাবার সেরা ম্যাচটা কেমন হতাশায় ডুবিয়ে দিয়েছিল প্রতিপক্ষের ৯ নম্বর।
বিশ্বকাপে রুনির কোনো গোল ছিল না। এই ম্যাচের প্রথমার্ধে তাঁর হেড যখন ক্রসবারে লাগল, মনে হলো এই গেরো বোধ হয় খুলবার নয়। তার পরও তা খুলল। রুনির প্রথম বিশ্বকাপ গোলে ইংল্যান্ড সমতায় ফেরার পর ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচকে এক ঝটকায় আবার উরুগুয়ের বানিয়ে ফেললেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ানদের কান্নাকাটির উদ্বোধনও করেছেন এই স্ট্রাইকারই। ম্যাচের পর টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে সামলাতে পারেননি নিজেকে। হাঁটুতে অস্ত্রোপচার যে বিশ্বকাপে খেলাটাই অনিশ্চিত করে তুলেছিল, সেটিতে মাঠে নেমেই দুই গোল। আনন্দাশ্রুর বাঁধ মানবে কেন!
কারণ যে শুধু এটা নয়, সেটিও সবিস্তারে বলেছেন পরে। ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করে যেমন, তেমনি অন্য সব কাণ্ড করেও খবরের শিরোনাম হয়েছেন৷ সুয়ারেজের সিভিতে বর্ণবাদী মন্তব্য থেকে শুরু করে প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ে রক্তাক্ত করাও আছে। সুয়ারেজ অবশ্য নিজের এসব কর্মকাণ্ডের চেয়ে সমালোচনাকেই বড় অপরাধ বলে শনাক্ত করছেন। তাদের এক হাত নিয়েছেনও।
ব্রিটিশ প্রেস তা নিচ্ছে ইংল্যান্ডের ডিফেন্সকে। একটি পত্রিকা এমনও লিখেছে, সুয়ারেজ যেভাবে দুবার ফাঁকায় বল পেয়ে গেলেন, সেটি এফএর তদন্ত দাবি করে। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ইংল্যান্ড, গোলে শট নেওয়ায়ও। উরুগুয়েও বেশ কটি সুযোগ পেয়েছে, তবে গোলে শট দুটিই এবং দুটিতেই গোল!
ম্যাচ শেষে ড্রেসিংরুম থেকে ভিডিও করে ইউটিউবে ছেড়েছেন লুইস সুয়ারেজ। তাতে স্ত্রী-সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আর যাঁর কাছে বড় কৃতজ্ঞতা, উরুগুয়ে দলের সেই ডাক্তারকে তো জড়িয়ে ধরেছেন প্রথম গোলের পরই।
ইংল্যান্ড অনেক পরে, সুয়ারেজকে আসল লড়াইটা তো জিততে হয়েছে মাঠের বাইরে। এই বিশ্বকাপে যা-ই হোক না কেন, রূপকথার প্রথম অধ্যায়টা কিন্তু লুইস সুয়ারেজই লিখলেন!