উরুগুয়ের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত
দর্শকদের জন্য দারুণ এক কোপা কোয়ার্টার ফাইনালই অপেক্ষা করে আছে। কাল লা-প্লাতায় মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে উরুগুয়ে নিশ্চিত করেছে আর্জেন্টিনার সঙ্গে কোয়ার্টার ফাইনাল লড়াই।খেলার ১৪ মিনিটের সময় উরুগুয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন আলভেরো পাহেইরা। এই জয়ে অস্কার তাবারেজের উরুগুয়ে নিজ গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে গেল। এই গ্রুপের শীর্ষে রয়েছে চিলি।ম্যাচের শুরু থেকেই মেক্সিকো ওপর আক্রমণে ঝাপিয়ে পড়ে উরুগুয়ে। পক্ষান্তরে মেক্সিকোর খেলা ছিল প্রতি-আক্রমণ নির্ভর।১৪ মিনিটের মাথায় পাওয়া একটি ফ্রি-কিক থেকে গোলে শট নেন ডিয়েগো ফোরলান। কিন্তু তাঁর শট মেক্সিকান গোলরক্ষক লুইস মিচেল ঠিকমতো ফেরাতে ব্যর্থ হলে তা থেকে গোল করেন পাহেইরা। ১-০ গোলে এগিয়ে যাওয়ার ঠিক পরের মিনিটেই আবার এগিয়ে যেতে পারত উরুগুয়ে। কিন্তু ফোরলানের এ প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়।২৫ মিনিটে মেক্সিকোর সেরা খেলোয়াড় জিওভান্নি দোস সান্তোসের একটি প্রচেষ্টা রুখে দেন উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা।দ্বিতীয়ার্ধে মেক্সিকোর সেরা প্লে-মেকার সান্তোসকে তুলে নেওয়া হলে তাদের আক্রমণ ধারা দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে মেক্সিকোর ওপর আরো চড়াও হয় উরুগুইয়ান ফরোয়ার্ডরা। দ্বিতীয়ার্ধে ম্যাক্সি পাহেইরার একটি ক্রস মেক্সিকান ডিফেন্ডার হিরাম মিলার ক্লিয়ার করতে ব্যর্থ হলে তা ফোরলানের পায়ে এসে পড়ে। কিন্তু ফোরলানের তীব্র শট পোস্টে লেগে ফেরত আসে। এর ছয় মিনিট পর সুয়ারেজের একটি দুরপাল্লার শট মেক্সিকান গোলরক্ষক মিচেল কর্নারের বিনিময়ে রক্ষা করেন।এদিকে দিনের অপর খেলায় মেনদোজায় শেষ মুহূর্তের গোলে পেরুকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চিলি। গোলটি আসে আন্দ্রে ক্যারিলোর আত্মঘাতী পা থেকে। রয়টার্স।