
ভাষা আন্দোলনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী অগ্রণী ভূমিকা রাখেন। কিন্তু ১৯৫৩ সালের ৪ জুন ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল গ্রে ব্রিম লিখেছেন, উর্দু দৈনিক পাসবান পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর মুখ খোলেন এবং তাতে তিনি তাঁর অবস্থান তুলে ধরেন। ওই সাক্ষাৎকারে ভাসানী সুপারিশ করেন যে সমগ্র পাকিস্তানের জন্য উর্দুই হবে একমাত্র ভাষা। কারণ কেবল উর্দু ভাষাই পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সেতুবন্ধ হতে পারে।
লক্ষণীয় যে গ্রে ব্রিম ভাসানীকে উদ্ধৃত করে উর্দু হবে পাকিস্তানের ‘লিংগুয়া ফ্রাঙ্কা’ শব্দটি ব্যবহার করেন। লিংগুয়া ফ্রাঙ্কার অর্থ হলো বহু ভাষাভাষী অঞ্চলে যে ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহূত হয়।
উল্লেখ্য যে ২১ ফেব্রুয়ারির পর পরই গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের প্রধান ছিলেন মওলানা ভাসানী। ভাসানী গবেষক সৈয়দ আবুল মকসুদ গতকাল পাসবান পত্রিকার ওই সাক্ষাৎকারের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কারণ বাংলাকে রাষ্ট্রভাষা করা প্রশ্নে ভাসানীর ভূমিকা অনন্যসাধারণ। তাঁর মতে, রাষ্ট্রভাষা আন্দোলনকে সাংগঠনিক রূপ দেওয়ার ক্ষেত্রে ভাসানী পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন। সুতরাং পাসবান পত্রিকার ওই সাক্ষাৎকারকে সন্দেহের চোখেই দেখতে হবে। তিনি উল্লেখ করেন যে তেজগাঁওয়ে পাকিস্তান সরকারের দেওয়া তিন বিঘা জমি ও সরকারি পৃষ্ঠপোষকতায় পত্রিকাটি ছাপা হতো। ভারত থেকে আগত মোহাজেরদের মুখপাত্র হিসেবে পরিচিত পাসবান ও মর্নিং নিউজ সব সময় সোহরাওয়ার্দী ও ভাসানীর বিরুদ্ধাচরণ করেছে। এ প্রসঙ্গে তিনি ভাসানী কখনো মার্কিনদের সুনজরে দেখেননি বলেও মন্তব্য করেন।
তবে ১৯৫৩ সালে উর্দু নিয়ে মওলানা ভাসানীর কথিত ওই বক্তব্য যে খুবই অস্বাভাবিক ও বিস্ময়কর ছিল, তার প্রমাণ রয়েছে মার্কিন কনসালের প্রতিবেদনেও।
মার্কিন কনসাল গ্রে ব্রিম লিখেছেন, এটা অনুমান করা যায় যে মওলানা ভাসানী ভেবেছিলেন, উর্দু সম্পর্কে তাঁর এই তোষামোদপূর্ণ বক্তব্য হয়তো (সরকারের) অনুগ্রহ লাভ করতে পারে। আর উর্দুভাষী মহলের বাইরে তাঁর এই দৃষ্টিভঙ্গির কথাও অগোচরে থেকে যাবে। কিন্তু বাংলা দৈনিক সংবাদ এটা দ্রুত লুফে নিয়েছে। পত্রিকাটি ভাসানীর ওই সাক্ষাৎকারে দেওয়া মন্তব্য প্রথম পৃষ্ঠায় প্রকাশ করেছে। ভাসানীর পক্ষ থেকে ওই বক্তব্যের বিরোধিতা করে একটি বিবৃতি প্রচার করা হয়েছে। সংবাদপত্রে দেওয়া ওই বিবৃতিতে ভাসানী উল্লেখ করেন যে, ‘এ বিষয়ে তাঁর অবস্থান খুবই স্পষ্ট। দেড় বছর ধরে তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে স্পষ্ট অবস্থান বজায় রেখে চলেছেন।’ মার্কিন কনসাল মনে করেন যে ভাসানীর ওই বিবৃতিতে তাঁর আড়ষ্টভাব চাপা থাকেনি।
মার্কিন কনসাল তাঁর ওই প্রতিবেদনে এই প্রসঙ্গটির ইতি টেনে মন্তব্য করেন যে ‘মওলানা ভাসানীর এই “প্রত্যাখ্যান” আপাতগ্রাহ্য হলেও এটা মোটামুটি ধরে নেওয়া চলে যে উর্দুর সপক্ষে একটি উর্দু দৈনিকে দেওয়া তাঁর ওই সাক্ষাৎকারটি তাঁকে তাড়া করবে।’
উল্লেখ্য, মওলানা ভাসানী একুশে ফেব্রুয়ারির পর পরই গ্রেপ্তার হন। এবং প্রায় ১১ মাস জেল খেটে ১৯৫৩ সালের ২১ এপ্রিল তিনি ছাড়া পান। সৈয়দ আবুল মকসুদ উল্লেখ করেন যে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটায় এবং পূর্ব বাংলার জনমতের চাপে তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল। ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারিতে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে অনশন করেছিলেন।