১৮ মার্চ ২০০৭। এ দিন ক্রিকেটের ইতিহাসে রচিত হয়েছিল এক কালো অধ্যায়। ওই অধ্যায়ের কোনো কূলকিনারা হয়নি। মাঝে কেটে গেছে চারটি বছর। কিন্তু বব উলমারের চিরবিদায়ের ঘটনাটি রয়ে গেছে অন্ধকারেই।আগের দিন ঘটে ‘আপসেট’। পাকিস্তান হেরে যায় আয়ারল্যান্ডের কাছে। এই হারই বিশ্বকাপ থেকে পাকিস্তানের হার নিশ্চিত করে। গোটা ড্রেসিং রুম বিমর্ষ। বিষাদে আচ্ছন্ন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। বিষণ্নতা নিয়েই ওই রাতে জ্যামাইকায় দলের হোটেলে ঘুমোতে গিয়েছিলেন পাকিস্তানের কোচ, খেলোয়াড়, দলের সবাই। পরের দিনই উন্মোচিত হয় ক্রিকেট ইতিহাসের ভয়বহতম আপসেট। হতাশায় মানসিকভাবে ভেঙে পড়া শরীর নয়, হোটেল কক্ষের ভেতরে পাওয়া যায় ৫৮ বছর বয়সী কোচ বব উলমারের মৃতদেহ!প্রয়াত কোচের মৃত্যুরহস্য উদঘাটনে চেষ্টা করতে দেখেছি আমরা। কিন্তু শুধু ডালপালাই ছড়িয়েছে। কাজের কাজ হয়নি কিছুই। ঘটনাটা রহস্যময় ছিল, রয়ে গেছে রহস্যাবৃতই।উলমারের মৃত্যুর পর স্মৃতিতে ভেসে ওঠে হ্যান্সি ক্রনিয়ের কথা। ২০০২ সালে যখন জুয়াড়িদের সব তথ্য ফাঁস করে দেবেন বললেন, তখনি অস্বাভাবিক বিমান দুর্ঘটনা। ক্রনিয়ের মৃত্যুর মতোই উলমারের মৃত্যুতেও কালো হাতের যোগসাজশ দেখছিলেন অনেকেই। ধারণা করা হয়েছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পাতিয়েছিল পাকিস্তান। পাতানো ম্যাচের তথ্য যেন প্রকাশ না পায়, সে জন্য হত্যা করা হয়েছে উলমারকে। সন্দেহের আঙুল তোলা হয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের দিকেও।ক্রনিয়ের আমলে দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন উলমার। কিছুদিন পর তাঁর একটি আত্মজীবনী প্রকাশ করার কথা ছিল। সন্দেহের আগুনে ঘি ঢেলে দিয়ে জ্যামাইকান পুলিশের তত্কালীন উপকমিশনার ও সাবেক স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা মার্ক শিল্ড জানালেন, উলমার খুন হয়েছেন এবং এই খুনের পেছনে ‘আন্ডার ওয়ার্ল্ড’-এর হাত রয়েছে।হঠাত্ করেই জ্যামাইকান পুলিশের দাবি, ‘উলমারের স্বাভাবিক মৃত্যু হয়েছে!’ উলমার সত্যিই খুন হয়েছেন কি না, নাকি তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে, তা আজও জানতে পারিনি আমরা। প্রশ্ন জাগে, এই তদন্তকারীদের ওপরও অন্ধকারের হাতগুলোর হস্তক্ষেপ ছিল কি না। হয়তো কোনো দিনই আর জানা হবে না সত্যিই কী ঘটেছিল সেদিন। উলমার মৃত্যু হয়তো থেকে যাবে রহস্যের ঘেরাটোপেই!