উল্টে যাচ্ছে সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল সফর শুরু হবে বুলাওয়েতে টি-টোয়েন্টি খেলে। এরপর দুই টেস্ট দিয়ে শেষ হবে তা হারারেতে। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট প্রস্তাবিত এ সফরসূচিটা এখন উল্টে দিতে চাইছে। বুলাওয়েতে কি একটা মেলার অজুহাত তুলে সফরটা হারারের টেস্ট দিয়ে শুরুর অনুরোধ করেছে তারা বিসিবিকে। পরে টি-টোয়েন্টি ও ওয়ানডে হবে বুলাওয়েতে।শ্রীলঙ্কা থেকে ফিরে মাত্র চার-পাঁচ দিনের বিরতি নিয়ে আগামী ৯ এপ্রিল জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। আগের প্রস্তাবিত সূচি অনুযায়ী বুলাওয়েতে ১৩ ও ১৪ এপ্রিল নির্ধারিত বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। এরপর ১৭, ১৯ ও ২১ এপ্রিলে তিনটি ওয়ানডে। ২৪ থেকে ২৬ এপ্রিল বুলাওয়েতেই তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলে ২৭ এপ্রিল বাংলাদেশ দলের যাওয়ার কথা হারারেতে। সেখানে ৩০ এপ্রিল থেকে ৪ মে প্রথম টেস্ট এবং ৭ মে থেকে ১২ মে দ্বিতীয় টেস্ট।কিন্তু বুলাওয়েতে কী একটা আন্তর্জাতিক মেলা হবে বলে জিম্বাবুয়ে ক্রিকেট হারারেতে সিরিজ শুরুর অনুরোধ করেছে। সেখানে তিন দিনের প্রস্তুতি ম্যাচ ও দুটি টেস্ট খেলে বুলায়েতে দল যাবে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে। খেলা আর ভেন্যু ওলট-পালটের কথা বললেও সিরিজ শুরু ও শেষের তারিখ আগের মতোই রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট।মেলার কথা বললেও জিম্বাবুয়ের আবদারের কারণ আঁচ করতে পারছে বিসিবি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে টেস্ট খেলে আসবে তারা। মাঝখানে অন্যকিছু না খেলে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের অভ্যাসটা নিয়েই টেস্টে বাংলাদেশের মুখোমুখি হতে চায় জিম্বাবুয়ে। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট যে কারণে এটা চাচ্ছে, ঠিক একই কারণে বিসিবিও চাচ্ছে সিরিজ শুরু হোক টি-টোয়েন্টি আর ওয়ানডে দিয়েই। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেই জিম্বাবুয়ে যাবে। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন কাল বললেন, ‘আমরা চাই, টি-টোয়েন্টি আর ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হোক। ওদের ভেন্যুর সমস্যা থাকলে সব ম্যাচ হারারেতে নিয়ে আসুক। তবু আগে ওয়ানডে, টি-টোয়েন্টি হোক। কোচ শেন জার্গেনসেনও তাই চান। আমরা আমাদের ইচ্ছার কথা জানিয়ে জিম্বাবুয়েকে পাল্টা চিঠি দেব।’