চলমান শরণার্থী সংকটে যেখানে ইউরোপজুড়ে ফুটবল ক্লাবগুলো সাড়া দিয়েছে মানবতার ডাকে, সেখানে চেক ক্লাব স্পার্তা প্রাগের সমর্থকেরা একেবারেই উল্টো পথের যাত্রী! আগামী বৃহস্পতিবার অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচে প্রতিটি টিকিট বিক্রির অর্থ থেকে ১ ইউরো শরণার্থীদের জন্য দান করার ঘোষণা দিয়েছিল ক্লাবটি। কিন্তু ক্লাবের গোঁড়া সমর্থকদের এটি পছন্দ হয়নি, তাঁরা এরই প্রতিবাদে ম্যাচটি বর্জন করবেন। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ) গত মাসে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে খেলা ক্লাবগুলোকে শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানায়। ফেসবুকে সেটির প্রতিবাদ করেছে ক্লাবটির কট্টর সমর্থকগোষ্ঠী ‘দ্য আলট্রাস স্পার্তা ফ্যান লিজিয়ন’। জোর করে তাদের ওপর ‘রাজনীতি’ চাপিয়ে দেওয়ারও তীব্র বিরোধী তাঁরা। ম্যাচে সমর্থক অনুপস্থিতি দলকে দুর্বল করে দেবে সেটি বুঝেও তাঁরা অনড়, ‘৩ পয়েন্ট হারালেও আমরা চলতে পারব। কিন্তু ইউরোপকে আমরা হারাতে পারি না।’ রয়টার্স।