উল্টো অস্ট্রেলিয়াই জয় দেখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় কিউইদের ২৬ বছর পর টেস্ট জয়ের স্বপ্নটা শেষ পর্যন্ত উবেই যাবে? হোবার্ট টেস্টের চতুর্থ দিনটি কী নাটকীয়তা নিয়ে অপেক্ষা করছে কে জানে! প্রথম দিন থেকেই ম্যাচটা যেমন বাঁকে বাঁকে বদল দেখছে, তাতে ঘটতে পারে অনেক কিছুই। তবে তৃতীয় দিন শেষে ম্যাচ খানিকটা ঝুঁকে পড়েছে অস্ট্রেলিয়ার দিকেই।জয়ের জন্য নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে দিয়েছে ২৪১ রানের লক্ষ্য। বেলেরিভ ওভালের পেসবান্ধব উইকেটে কঠিন লক্ষ্যই। কিন্তু ভাগ্যের ছোঁয়া নিয়ে অস্ট্রেলিয়ার দুই ওপেনার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনেই তুলে ফেলেছে ৭২ রান। ২৪১ রানের লক্ষ্যটা তাই নেমে এসেছে ১৬৯ রানে। হাতে অক্ষত ১০টি উইকেট।১৫৩ রানের লিড আর ৭ উইকেট হাতে—নিউজিল্যান্ড দিন শুরু করে ফুরফুরে মেজাজে। অস্ট্রেলীয়দের সঙ্গী হয় মৃত্যুসংবাদ। আগের রাতেই মারা গেছেন রিকি পন্টিংয়ের দাদি, কোনি পন্টিং। তারপরও শোকার্ত পন্টিং কালো ব্যাজ পরে সকালেই নেমে পড়েন মাঠে। ক্লার্করাও মাঠে নামেন কালো ব্যাজ পরে। দিনের প্রথম ওভারেই উইলিয়ামসনকে ফিরিয়ে দেন সিডল। দ্বিতীয় স্পেলে এসেই প্রথম ইনিংসের নায়ক প্যাটিনসন দেন জোড়া আঘাত। প্রতিপক্ষ অধিনায়ক ক্লার্কের হাতে প্রথম ক্যাচ হওয়ার আগে কিউই অধিনায়ক রস টেলর করে যান এখন পর্যন্ত ম্যাচের সর্বোচ্চ ৫৬ রান।পরের ওভারেই প্যাটিনসনের শিকার সিরিজে অস্ট্রেলীয়দের বড় কাঁটা হয়ে থাকা ব্রাউনলি। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া প্যাটিনসন দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। ইয়াংয়ের উইকেটটি নিয়ে সিডলেরও শিকার তিনটি। পরের তিন উইকেট নিয়ে কিউই ইনিংস ২২৬ রানে গুটিয়েছেন স্পিনার নাথান লায়ন। এ নিয়ে তিন ইনিংসেই নিউজিল্যান্ড ইনিংসের লেজ ছেঁটে ফেললেন ডানহাতি অফ স্পিনার। ২০৩ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিস মার্টিনকে নিয়ে ২৩ রানের জুটি গড়েন অভিষিক্ত ট্রেন্ট বোল্ট। ৯৪ ইনিংসে ৩২টি ‘শূন্যে’র মালিক মার্টিন ঠেকিয়েছেন ৯ বল!নিউজিল্যান্ড অলআউট ঠিক মধ্যাহ্নবিরতির আগে। এরপর নামে বৃষ্টি। বৃষ্টি থামলে অস্ট্রেলিয়া ১৯ ওভার ব্যাট করে চা-বিরতির আগে। আবারও বৃষ্টির উৎপাতে শেষ সেশনে আর খেলাই হয়নি। তবে ওই সময়েই জয়ের ভিত্তিটা গড়েছেন হিউজ-ওয়ার্নার। হিউজ অবশ্য ফিরতে পারতেন শূন্য রানেই। মার্টিনের বলে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। নিউজিল্যান্ডও রেফারেল চায়নি! রিপ্লে দেখিয়েছে বল ছুঁয়ে গিয়েছিল গ্লাভস। সেই হিউজ ২০ রানে ব্যাট করছেন, সিরিজে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ। তিনবার জোরালো এলবিডব্লুর আপিল থেকে বেঁচে যাওয়া ওয়ার্নার অবশ্য দুর্দান্ত, মাত্র ৫০ বলে ৪৭ রান করে অপরাজিত তিনি, চার মেরেছেন ৮টি। ওয়েবসাইট।