উল্টো কোচের ঘাড়ে মিথ্যা বলার দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ঝামেলায় ক্লদিও বোর্গি। উরুগুয়েতে উড়ে যাওয়ার আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচজন খেলোয়াড়কে দল থেকে বহিষ্কার করেছেন চিলির আর্জেন্টাইন কোচ। অভিযুক্ত খেলোয়াড়েরা সংবাদ সম্মেলনে বোর্গির বিরুদ্ধে পাল্টা মিথ্যা বলার অভিযোগ এনেছেন!নিষিদ্ধ পাঁচ ফুটবলার আর্তুরো ভিদাল, হোর্হে ভালভিদিয়া, কার্লোস কারমোনা, জ্যঁ বোশেজো এবং গঞ্জালো জারার পক্ষে লিখিত বিবৃতিটি পড়ে শোনান বোশেজো। তিনি বলেন, ‘আমরা ৪০ মিনিট দেরি করে ফিরেছি...পরিস্থিতি অনুযায়ী এটা ঠিক হয়নি। এ জন্য আমরা প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমরা মদ খেয়েছি এটা অস্বীকার করছি না। কারণ আমরা আমাদের দেশের প্রচলিত একটি ধর্মীয় (অভিযুক্ত ভালভিদিয়ার এক ছেলের ব্যাপ্টিজম) অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু আমরা ক্ষমার অযোগ্য অবস্থায় ফিরেছি বলে ক্লদিও বোর্গি যে বিবৃতি দিয়েছেন, সেটি আমরা মানতে পারছি না।’সংবাদ সম্মেলনে ভিদাল ছিলেন না। কারণ নিষিদ্ধ হওয়ার পরই তিনি ফিরে গেছেন তাঁর ক্লাব ইতালির জুভেন্টাসে। বাকি তিনজনকে পাশে বসিয়ে বোশেজো বলেছেন, ‘এটা সম্পূর্ণই মিথ্যা। গতকাল ক্লদিওর এত বড় মিথ্যা কথায় আমি কষ্ট পেয়েছি।’ চার খেলোয়াড়ের দাবি, কোচ তাঁদের সঙ্গে কোনো কথাই বলেননি। এদিকে পাঁচজন নতুন খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে-পরীক্ষা দিতে যাওয়া বোর্গি বলেছেন, ‘কোনো অবস্থাতেই সাফাই গাওয়ার সুযোগ তাদের নেই।’বোশেজো-ভালভিদিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ আগেও উঠেছে। গত মাসে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেও শৃঙ্খলা ভঙ্গের জন্য এই দুজনকে সতর্ক করা হয়েছিল। যদিও কোচ বোর্গি তা অস্বীকার করেন। ২০০৭ কোপা আমেরিকায় মদ খেয়ে হোটেল পরিচারিকাকে বিরক্ত করার দায়ে ২০ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া চিলির সাত খেলোয়াড়ের একজন ওই ভালভিদিয়া। রয়টার্স।