উল্টো চাকরি ছাড়ার হুমকি
পাঁচ ম্যাচে জয়শূন্য থাকার পর টানা দুটি জয় নিয়ে একটু ঘুরে দাঁড়িয়েছে আল ওয়াসল। তাতে অবশ্য লাভের লাভ খুব একটা হয়নি। ১২ দলের লিগে ওয়াসল পড়ে আছে ছয়ে। এত টাকা দিয়ে তাঁকে আনা হলো, ব্যক্তিগত ব্যবহারের জন্য জেট বিমান পর্যন্তও দেওয়া হয়েছে—এর বিনিময়ে দলকে কী দিলেন? ওয়াসলের মালিকপক্ষ এই প্রশ্ন তোলার সুযোগই পাচ্ছে না। উল্টো ডিয়েগো ম্যারাডোনার হম্বিতম্বিতে টেকা মুশকিল। এবার চাকরি ছাড়ারই হুমকি দিয়ে বসলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।কদিন থেকেই ম্যারাডোনা বলে আসছেন, দলের শক্তি বাড়ানোর জন্য প্রয়োজনীয় রসদের জোগান দেওয়া হচ্ছে না। আর্জেন্টিনা-ব্রাজিল-উরুগুয়ে থেকে ভালো ভালো খেলোয়াড় আনতে চান। কিন্তু চাহিদামতো টাকাই মিলছে না মালিকপক্ষের কাছ থেকে। গত জানুয়ারির দলবদলে মাত্র দুজন বিদেশি খেলোয়াড় এনেছে আল ওয়াসল। ইরানের মোহাম্মদ রেজা খালাতবারি আর আর্জেন্টিনার হুয়ান ইগনাসিও মার্সিয়া।বিষয়টি মনঃপূত হয়নি ম্যারাডোনার, ‘বাজেট খুবই কম ছিল। যে খেলোয়াড়দের নেব ভেবেছিলাম, তাদের নিতে পারিনি। সবাইকে জানিয়ে দিতে চাই, বিশেষ করে সমর্থকদের, পরেরবার ছোট বাজেট আমি মানব না। বড় বাজেট দরকার, যাতে দলকে চাঙা করে তোলার মতো খেলোয়াড় আনতে পারব। সেটা যদি না হয়, আমি এই চাকরি করব না। আমি চালিয়ে যেতে পারব না।’কেউ কেউ বলছেন, ম্যারাডোনার এই হুমকি আসলে ওয়াসলের কোচ হিসেবে তাঁর যে অরুচি জন্মেছে সেটারই প্রতিচ্ছবি। গত মে মাসে দুই বছরের চুক্তিতে আরব আমিরাতে আসেন এই আর্জেন্টাইন। শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু এর পরই পথ হারাতে থাকে ওয়াসল। এর মধ্যে রেফারির সমালোচনা, কিছু খেলোয়াড় নিয়ে প্রশ্ন তোলা, প্রশ্ন তোলা লিগ ব্যবস্থাপনা নিয়ে; এক সমর্থককে লাথি মারা—অনেক কারণেই খবর হয়েছেন। জরিমানা দিয়েছেন মোটা অঙ্কের, নিষিদ্ধও হয়েছেন কয়েক ম্যাচের জন্য। অবশ্য কাপ আর লিগ মিলে সর্বশেষ তিন ম্যাচে জিতেছে তাঁর দল। ওয়েবসাইট।