ফতুল্লায় কিউইদের রান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন ম্যাককালাম আহত, তিনি আজ খেলছেন না। তাঁর বদলে আজ কিউইদের দলনায়ক কাইল মিলস। টসের পর মাঠে দুই অধিনায়ক। ছবি: শামসুল হক
ব্রেন্ডন ম্যাককালাম আহত, তিনি আজ খেলছেন না। তাঁর বদলে আজ কিউইদের দলনায়ক কাইল মিলস। টসের পর মাঠে দুই অধিনায়ক। ছবি: শামসুল হক

রস টেলরের সেঞ্চুরি আর কলিন মুনরোর দুর্দান্ত এক ফিফটিতে ভর করে ফতুল্লায় সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সামনে তিন শতাধিক রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে কিউইরা মাত্র ৫ উইবেট হারিয়ে স্কোর বোর্ডে তুলেছে ৩০৭ রান। টেলর তাঁর অষ্টম ওয়ানডে সেঞ্চুরিটি হাঁকিয়ে শেষ অবধি অপরাজিত ছিলেন ১০৭ রানে। কলিন মুনরোর ব্যাট থেকে এসেছে ৮৫ রান।
সকালে টসে জিতে সবাইকে অবাক করে দিয়ে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। উইকেটের আর্দ্রতা কাজে লাগানোর অভিপ্রায়ে নেওয়া এই সিদ্ধান্ত খুব দ্রুতই সুঁচ হয়ে বিঁধতে থাকে বাংলাদেশের শরীরে। নতুন বলের মাশরাফি আর রুবেলকে খুব সহজে খেলে নিজেদের ভিত মজবুত করতে থাকেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালটন ডেভচিচ আর টম লাথাম। পরিবর্তিত বোলার সোহাগ গাজী ও আবদুর রাজ্জাককেও ছাড় দেননি তাঁরা। উদ্বোধনী জুটিতে ৬৬ রান আসার পর প্রথম আঘাত হানেন মাহমুদউল্লাহ। তাঁর বলে ডেভচিচ ক্যাচ দেন রাজ্জাককে।
এরপর অবশ্য বেশ দ্রুতই দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ৮২ রানে গ্র্যান্ট এলিয়টকে সোহাগ গাজীর ক্যাচ বানিয়ে ফেরান আবদুর রাজ্জাক। প্রথম স্পেলে খরচে বোলিংয়ের পর নিজের দ্বিতীয় স্পেলে এসেই আঘাত হানেন রুবেল হোসেন। তাঁর বলে উইকেটের পেছনে লাথামের ক্যাচ নেন মুশফিকুর রহিম।

১০১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর রস টেলর আর কলিন মুনরো হাল ধরেন নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের। নিজেদের মধ্যে ১৩০ রানের জুটি গড়ে এই দুই ব্যাটসম্যান বাংলাদেশকে ছিটকে ফেলেন ম্যাচ থেকে। মুনরো বাংলাদেশের বোলারদের বল নিয়ে মেতে ওঠেন রীতিমতো ছেলেখেলায়। রিভার্স সুইপ করে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে তিনি বাংলাদেশের ফিল্ডিংকে করে তোলেন দিশেহারা।

মুনরো খেলেন ৮৫ রানের দারুণ এক ইনিংস। ৭৭ বলে ৭টি চার ও ২টি ছয়ে গড়া তাঁর ইনিংসের পরিসমাপ্তি ঘটান মাহমুদউল্লাহ। তাঁর ক্যাচটিও উইকেটের পেছনে লোফেন মুশফিকুর রহিম।

উইকেটের অপরপ্রান্তে দাঁড়িয়ে মুনরোর খেলা দেখছিলেন টেলর। মুনরোর বিদায়ের পর টেলর যেন সংহারী মূর্তি ধারণ করেন। সোহাগ গাজীর এক ওভারে পরপর তিনটি ছক্কা মেরে টেলর যেন সোহাগকে মনে করিয়ে দিয়েছেন ২০১১ বিশ্বকাপে পাকিস্তানি পেসার শোয়েব আকতারের ক্যারিয়ার ‘শেষ’ করে দেওয়া ওই মুহূর্তটি। তবে তিনটি ছক্কা খেয়ে অবশ্য সামলে নেন সোহাগ।

টেলরের সেঞ্চুরিটি এসেছে একেবারে শেষ ওভারে গিয়ে। মাত্র ৯৩ বলে ৯টি চার ও ৩টি ছয়ে গড়া তাঁর এই ইনিংসটি দিয়ে যেন টেলর ব্যর্থতায় পূর্ণ বাংলাদেশ সফরের একটা সুন্দর পরিসমাপ্তি চাইলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে প্রায় সবাই ছিলেন খরচে। মাশরাফি ৮ ওভার বল করে দিয়েছেন ৭৩ রান। রুবেল তাঁর উইকেটটি পেয়েছেন ৬ ওভারে ৩৮ রান দিয়ে। সোহাগ গাজী আর রাজ্জাক দুজনে রান দিয়েছেন যথাক্রমে ৬৭ ও ৫৭। তবে নাসির এরমধ্যেও ভালো বল করেছেন। তিনি ১০ ওভারে খরচ করেছেন মাত্র ৩৩ রান। মাহমুদউল্লাহ ৭ ওভার বল করে ৩৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।