উল্টো পথে বিসিবি
মুখে পেশাদারির গান গাইলেও আরও একবার কাজে তার প্রমাণ দিতে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাল বিসিবির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) গঠনতন্ত্রে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ বিলুপ্ত করে প্রবর্তন করা হয়েছে প্রধান পরিচালন কর্মকর্তার (সিওও) পদ।আলোচিত ইজিএমে আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠনতন্ত্র অনুমোদন এবং আইসিসির নির্দেশনা অনুযায়ী বিসিবিতে নির্বাচিত সভাপতির বিধান আনা হয়েছে। সারা দেশে মোট আটটি আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করা হবে। বিলুপ্ত করা হয়েছে প্রধান অর্থনৈতিক কর্মকর্তার (সিএফও) পদ। আটকে দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটারদের সরাসরি বিসিবির কাউন্সিলর হওয়ার রাস্তাও। এমনকি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের প্রতিনিধি হিসেবেও এখন আর কেউ বিসিবির কাউন্সিলর হতে পারবেন না। অবশ্য এই বিলুপ্তিটি শর্ত সাপেক্ষে। কাল ইজিএম শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ও গঠনতন্ত্র সংশোধনী কমিটির প্রধান দেওয়ান শফিউল আরেফিন বলেছেন, বিসিবির অনুমোদন পাওয়ার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে তাদের কাউন্সিলরশিপ ফিরিয়ে দেওয়া হবে। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালের দাবি, তাদের অনুমোদন আছে।বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এর আগে কয়েকবারই ক্রিকেট বোর্ডে সিইও এবং ক্রিকেটারদের থাকার পক্ষে কথা বলেছিলেন। কাল সেই সভাপতিই সিওও পদ প্রবর্তনের অন্য ব্যাখ্যা দিলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে বিসিবির কাজ পরিচালনা করতে হবে। সিইও থাকলে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তার কাজটা সাংঘর্ষিক হয়, কোনো কাজে গতি আসে না। সে জন্যই সিইওর জায়গায় সিওও নিয়োগের সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’ এই সিদ্ধান্ত পেশাদারির পথে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে না পিছিয়ে দিল, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি মুস্তফা কামাল।পুরোনো গঠনতন্ত্রের ৯.৩.৮ উপানুচ্ছেদ অনুযায়ী, বোর্ড সভাপতির বিসিবি অনুমোদিত ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে আলোচনা করে জাতীয় দলের পাঁচজন সাবেক অধিনায়ক এবং জাতীয় দল বা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলরশিপ দেওয়ার বিধান ছিল। এই উপানুচ্ছেদ বিলুপ্ত করার ব্যাখ্যা দিতে গিয়ে শফিউল আরেফিন বলেছেন, ‘এই উপানুচ্ছেদ অনুযায়ী খেলোয়াড়েরা কাউন্সিলর হচ্ছেন ব্যক্তিগতভাবে। কিন্তু বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর হতে হলে অবশ্যই কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের মনোনীত হয়ে আসতে হবে।’ সে ক্ষেত্রে খেলোয়াড়দের রাখার ব্যবস্থা করেই গঠনতন্ত্র সংশোধন করা যেত কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা আইনের মাধ্যমেই এটা করেছি। হাউস মনে করেছে, এটাই ঠিক।’ কিন্তু ইজিএমে তোলার আগে তো এটাকে প্রস্তাব হিসেবে তৈরি করা হয়েছে। কেন মনে হলো ক্রিকেটারদের বাদ দেওয়ার প্রস্তাব এনেই এই সমস্যার সমাধান করতে হবে? ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের উপস্থিতি কি কোনো ক্ষতি করছিল বাংলাদেশের ক্রিকেটের? শফিউল আরেফিনের উত্তর, ‘উপকারও হচ্ছিল না। তবে বোর্ডে তাদের উপস্থিতি কখনো বাধাগ্রস্ত হয়নি। ভবিষ্যতেও হবে না। তারা অন্য ক্যাপাসিটিতে বোর্ডে আসবে।’ সেই ‘অন্য ক্যাপাসিটি’ হলো বিত্ত-বৈভবের মালিক হয়ে ক্লাব কর্মকর্তা হওয়া এবং টাকার জোরেই বোর্ডে আসা, যেটা বেশির ভাগ ক্রিকেটারের পক্ষেই অসম্ভব।৯.৩.৮ উপানুচ্ছেদ ছাড়া ৯.৩.৯ উপানুচ্ছেদ অনুসারেও কোয়াবের প্রতিনিধি হয়ে একজন সাবেক ক্রিকেটার এত দিন কাউন্সিলর হতে পারতেন। সংশোধনী প্রস্তাব এনে বিলুপ্ত করা হয়েছে সেটাও। তবে কিছুদিন আগে বিসিবির সভাপতি এবং দেওয়ান শফিউল আরেফিন দুজনকেই এই সংস্থা সংবর্ধনা দিয়েছে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য। বোর্ডের অননুমোদিত একটি সংস্থার কাছ থেকে কেন সংবর্ধনা নিলেন তাঁরা? শফিউলের ব্যাখ্যা, সংবর্ধনা নিতে হলে ওই সংস্থার অনুমোদন থাকতে হবে, এমন কোনো কথা নেই।ইজিএমের আগে কাল সকালেই হয়েছে বিসিবির এজিএম। ২০১০ সালের অক্টোবরের পর এই প্রথম এজিএম হলো বিসিবির। সকালের এই পর্ব বেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। বোর্ডের নিয়মিত কিছু জিনিস অনুমোদন হয়েছে সেখানে। তবে গঠনতন্ত্র সংশোধনীর আলোচনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ইজিএম। জানা গেছে, সাবেক খেলোয়াড়দের সরাসরি কাউন্সিলর হওয়ার পথ আটকানোর প্রতিবাদে সোচ্চার ছিলেন বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম, গাজী আশরাফ হোসেন, জালাল ইউনুস, জি এস হাসান, এনায়েত হোসেনসহ উপস্থিত ক্রিকেটার কাউন্সিলররা।