উল্টো পাকিস্তানই এখন চাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ম্যাথুস ।  এএফপি
সেঞ্চুরির পর ম্যাথুস । এএফপি

এক দিনেই বদলে গেল সমীকরণ!
আবুধাবি টেস্টের প্রথম তিন দিনে পাকিস্তানের চেয়ে মাইল খানেক পেছনে পড়ে থাকা শ্রীলঙ্কাই কাল এগিয়ে গেল দিন শেষে। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের ক্যারিয়ার-সেরা ইনিংসেই প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখেছে লঙ্কানরা। প্রথম ইনিংসে ১৭৯ রানে পিছিয়ে পড়া দলটি চতুর্থ দিন শেষ করেছে ২৪১ রানে এগিয়ে থেকে। তৃতীয় দিনেই জয়ের সুবাস পাওয়া পাকিস্তানকে উল্টো এখন ম্যাচ বাঁচানোর চিন্তাও পেয়ে বসেছে।
আগের দিনের শেষ বিকেলে পরপর তৃতীয় ও চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া শ্রীলঙ্কার কাল ক্ষতি বলতে মাত্র একটি উইকেট। অধিনায়ক ম্যাথুসের সঙ্গে পঞ্চম উইকেটে ১৩৮ রান যোগ করার পর আউট হয়েছেন আগের দিন ২৪ রানে অপরাজিত থাকা দিনেশ চান্ডিমাল। ১১ রানের জন্য ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পাননি শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। চান্ডিমালকে হারানোর পর উইকেটকিপার প্রসন্ন জয়াবর্ধনের সঙ্গে আরও ৯৬ রান যোগ করে আসল নায়ক ম্যাথুসই। অধিনায়ক দিন শেষে অপরাজিত ১১৬ রানে। ২০১১ সালে কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১০৫ রানই এত দিন ছিল ম্যাথুসের একমাত্র টেস্ট সেঞ্চুরি। প্রথম ইনিংসে ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া ম্যাথুস কাল সেঞ্চুরি ছুঁয়েছেন ২৩৯ বলে।
সারা দিনে মাত্র ১ উইকেট। পাকিস্তানের কোনো পেসার বা স্পিনার উইকেট থেকে বলতে গেলে কোনো সাহায্যই পাননি। বোলাররা সাহায্য পাননি ফিল্ডারদেরও। ৭১ রানে দ্বিতীয় স্লিপে বিলাওয়াল ভাট্টির বলে চান্ডিমালের ক্যাচ ছেড়েছেন আহমেদ শেহজাদ। ১০ ওভার পর অবশ্য শেহজাদকে স্বস্তি দিয়েছেন রাহাত আলী। ডিপ ফাইন লেগে চান্ডিমালের ক্যাচ নিয়ে জুনাইদ খানকে ৫০তম টেস্ট উইকেট উপহার দিয়েছেন রাহাত।
সারা দিনে ফিল্ডারদের সুযোগ বলতে ছিল ওই দুটিই। দ্বিতীয় নতুন বলের কিছুটা সময় বাদ দিলে ম্যাথুসদের যে মোটেই অস্বস্তিতে ফেলতে পারেননি পাকিস্তানিরা। প্রথম ৫০ ছুঁতে ১১৩ বল খেলেছেন ম্যাথুস, সেঞ্চুরির কাছাকাছি যেতেই নিজেকে গুটিয়ে নিয়েছেন আরও। ৯৬ থেকে তিন অঙ্ক ছুঁতে ২৪ বল খেলেছেন। তবে আলগা বলকে ঠিকই শাস্তি দিয়ে ১২টি চার ও ১টি ছয় মেরেছেন ম্যাথুস।
দিন শেষে সঙ্গী চান্ডিমালের প্রশংসায় ভিজেছেন অধিনায়ক, ‘গুরুত্বপূর্ণ সময়েই সে ভালো ব্যাট করেছে, ব্যাট করেছে অধিনায়কের মতোই। পিচে যেহেতু কিছুটা স্পিন আছে, আমরা জয়ের আশা করতেই পারি। লক্ষ্যটা ৩০০-র বেশি হলে জয় সম্ভব।’
পাকিস্তানের দিন শুরুই হয়েছিল দুঃসংবাদ দিয়ে। আঙুল ভেঙে সিরিজই শেষ হয়ে গেছে উইকেটকিপার আদনান আকমলের। এএফপি, ক্রিকইনফো।