উল্টো পাকিস্তানের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াই বছর পর আন্তর্জাতিক সেঞ্চুরি, আহমেদ শেহজাদের উচ্ছ্বাসটা বোঝা যাচ্ছে উদ্যাপনেই  এএফপি
আড়াই বছর পর আন্তর্জাতিক সেঞ্চুরি, আহমেদ শেহজাদের উচ্ছ্বাসটা বোঝা যাচ্ছে উদ্যাপনেই এএফপি

নিজেদের ৫০০তম ওয়ানডে। জয় পেতে ৩৮ বলে দরকার মাত্র ৩৬ রান। হাতে উইকেট ৬টি, ক্রিজে আছেন হাশিম আমলা। জয় দিয়েই উপলক্ষটা উদ্যাপন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। এমনটাই ভাবা স্বাভাবিক। কিন্তু হলো উল্টোটা, কাল পোর্ট এলিজাবেথে ম্যাচ শেষে উদ্যাপন করল পাকিস্তানিরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের উদ্যাপন। দ্বিতীয় ওয়ানডেটা যে ১ রানে হেরেছে প্রোটিয়ারা।
৪৫ ওভারের ম্যাচ, ২৬৩ রানের লক্ষ্য। ১১৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকার শেষ ১১৬ বলে দরকার ছিল ১৪৬ রান। ওপেনার হাশিম আমলার সঙ্গে ১১০ রানের (৭৮ বলে) জুটি বেঁধে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ম্যাচটাকে প্রায় হাতের মুঠোয় নিয়ে এলেন। ৪৫ বলে ৮ চার ও ২ ছয়ে ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে ডি ভিলিয়ার্স যখন আউট হলেন, জয় থেকে তখন ৩৬ রানের দূরত্বে স্বাগতিকেরা। মনে হচ্ছিল ওয়ানডে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরিটা করেই দলকে জেতাবেন আমলা। কিন্তু সাঈদ আজমলের করা ৪৪তম ওভারের শেষ বলে মোহাম্মদ হাফিজের হাতে ক্যাচ দিলেন ৯৮ রানে দাঁড়ানো এই ডানহাতি। শেষ ওভারে নিতে হবে ৯ রান, জুনায়েদের ওভার থেকে স্বাগতিকেরা পেল ৭ রান।
এর আগে পাকিস্তানের ইনিংসটা পুরোপুরিই আহমেদ শেহজাদময়। এই ব্যাটসম্যানের প্রতিভা নিয়ে সংশয় কখনোই ছিল না। তবে থিতু হয়েও উইকেট ছুড়ে আসার দুর্নাম সঙ্গী তাঁর বরাবরই। কাল অন্তত সেটিকে দূরে ঠেলতে পারলেন। ইনিংস সূচনায় তরুণ এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এল দুর্দান্ত এক সেঞ্চুরি। শেষের দিকে উমর আকমল, বিলাওয়াল ভাট্টিদের ব্যাটে ঝড়। ডেল স্টেইনের ক্যারিয়ার-সেরা বোলিংও (৬/৩৯) দমিয়ে দিতে পারেনি পাকিস্তানকে। বৃষ্টিতে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তান করেছে ২৬২।
মেঘলা আকাশের নিচে টস জিতে বোলিং নিয়েছিলেন ডি ভিলিয়ার্স। নাসির জামশেদ ও প্রিয় শিকার মোহাম্মদ হাফিজকে (২০ ম্যাচে ১৫ বার) শুরুতেই তুলে নেন স্টেইন। কিন্তু সোহেব মাকসুদকে (৪২) নিয়ে ঘুরে দাঁড়ান শেহজাদ। তৃতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়েন দুজন। ১০৮ বলে তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি ছুঁয়ে শেহজাদ হয়েছেন রানআউট। নিজের শেষ তিন ওভারে চারটি উইকেট নিয়ে স্টেইন প্রথমবার পেয়েছেন ৬ উইকেটের স্বাদ। ওয়েবসাইট।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৫ ওভারে ২৬২ (জামশেদ ২, শেহজাদ ১০২, হাফিজ ৮, মাকসুদ ৪২, মিসবাহ ১২, আকমল ৪২, আফ্রিদি ১১, বিলাওয়াল ২১, আনোয়ার ৭, আজমল ০, জুনাইদ ১*; স্টেইন ৬/৩৯, তাহির ১/৩৩, ম্যাকলারেন ১/৭১)। দক্ষিণ আফ্রিকা: ৪৫ ওভারে ২৬১/৬ (আমলা ৯৮, স্মিথ ১, ডি কক ৪৭, ক্যালিস ৬, ডি ভিলিয়ার্স ৭৪, ডুমিনি ১৫, মিলার ২*, ম্যাকলারেন ০*; জুনাইদ ৩/৪২, আফ্রিদি ২/৩৮, আজমল ১/৪৬)।
ফল: পাকিস্তান ১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আহমেদ শেহজাদ।