উল্টো বাফুফেই খেলা পেছাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপ ফুটবল শেষ হয়েছে গত ৩০ অক্টোবর। এশিয়ান গেমসের জন্য নভেম্বর মাস ছিল বিরতি। দ্বিতীয় সুপার কাপ শুরুর কথা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। কিন্তু কোথায় কী! বরাবরের মতো কচ্ছপের পিঠেই সওয়ার ঘরোয়া ফুটবল।পরশু বাংলাদেশ লিগ কমিটির সভার সিদ্ধান্ত, ২৭ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ লিগ। প্রথম পর্ব শেষ মার্চে। এরপর ৫ এপ্রিল শুরু সুপার কাপ। তত দিনে সুপার কাপের জন্য মিলবে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কমলাপুরে সুপার কাপ করবে না বাফুফে। স্পনসর নাকি চায় বঙ্গবন্ধু স্টেডিয়াম।কমলাপুরে খেলতে ক্লাবগুলোর আগের মতো অনীহা নেই। এই মাঠ এখন অনেক ভালো এবং অনেকের মতে সুপার কাপও হতে পারে কমলাপুরে। তার পরও বঙ্গবন্ধু স্টেডিয়ামের জন্য অপেক্ষায় থাকার অর্থ, আগামী বছরের নির্ধারিত সুপার কাপ হয়তো না-ও হতে পারে। ঢাকঢোল পিটিয়ে শুরু করা সুপার কাপ তাহলে দ্বিতীয় মৌসুমেই মুখ থুবড়ে পড়ল! এ বছরের সুপার কাপ চলে গেছে আগামী বছর!খেলা পেছানোর যুক্তির অভাব নেই। বাংলাদেশ লিগ কমিটির কো-চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ যেমন বলছেন, ‘বাংলাদেশের লিগের স্পনসরের সঙ্গে আলোচনা চলছে। এ জন্য একটু সময় চাই। তা ছাড়া কক্সবাজারে সাফ মহিলা ফুটবল আছে। এখানেও বাফুফের সম্পৃক্ততা থাকছে। সব মিলিয়েই সিদ্ধান্তটা হয়েছে। তবে আমরা ক্লাবের সঙ্গে বসব। তাদের কথাও শুনব।’এমন কথা শুনে মোহামেডানের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া প্রশ্ন করেছেন, ‘পৃষ্ঠপোষক এত দিনে কেন জোগাড় করল না ফেডারেশন? পৃষ্ঠপোষক পাওয়া পর্যন্ত খেলা বন্ধ থাকতে পারে না। খেলার ধারাবাহিকতা না থাকলে সবকিছুই এলোমেলো হয়ে যায় ক্লাবগুলোর। বাফুফের উচিত শিগগিরই খেলা শুরু করা।’খেলা পেছানোর দাবি তুলে বরাবরই সমালোচিত হয় ক্লাব। কিন্তু এবার উল্টো ফেডারেশন খেলা পেছাচ্ছে! এশিয়ান গেমসে ভরাডুবির পর কী শিক্ষা নিল বাফুফে? ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলছেন, ‘বাফুফে কোনো শিক্ষা নেয়নি। এক মাস খেলা বন্ধ মেনে নেওয়া যায়, কিন্তু তাই বলে দুই মাস! এভাবে চললে দেশের ফুটবল আরও রসাতলে যাবে।’‘বাফুফে সভাপতি আমাদের ৭টি ক্লাবকে নভেম্বর মাসে খেলা বন্ধ রাখার জন্য ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই টাকা পাইনি। এখন আরও এক মাস খেলা না রাখার সিদ্ধান্ত কোনোভাবে মানা যায় না। বিদেশি খেলোয়াড় এনে ক্লাব দুই মাস বসিয়ে রাখবে, ক্যাম্প চালাবে, এটা হতে পারে না। এটা কী ধরনের পরিকল্পনা বুঝলাম না’—যোগ করেছেন আমের।সবচেয়ে বেশি ভুক্তভোগী খেলোয়াড়েরা। আলফাজ আহমেদ বললেন, ‘এক টুর্নামেন্টের পর আরেকটি শুরু করতে দুই মাস লাগলে কী বলার থাকে! এ বছর তো আমরা লিগই পেলাম না। দেশের ফুটবলের তাহলে কী উন্নতি হলো! ফেডারেশনের উচিত খেলার ধারাবাহিকতা রাখা। লম্বা বিরতি দিলে খেলোয়াড়দের পারফরম্যান্স বলে কিছু থাকে না।’কোচদের জন্যও অবশ্য সমস্যা কম নয়। মোহামেডান কোচ শফিকুল ইসলামের মুখে তাই হতাশা, ‘সিদ্ধান্তটা আগে জানালে পরিকল্পনা এক রকম হতো। এখন অন্যরকম। যা-ই করা হোক, শেষ মুহূর্তে জানলে ক্লাব সমস্যায় পড়ে। দেশের ফুটবলের জন্য এটা ভালো খবর নয়।’