উল্টো লজ্জায় বাংলাদেশই

মাত্র ১০৬ রানের লক্ষ্যমাত্রা। ভারতকে এত কম রানে শেষ করে দেওয়া যাবে, এটা বোধ হয় স্বপ্নেও ভাবেননি বাংলাদেশের ক্রিকেটাররা। ভাবেননি বলেই সেই পুরো ব্যাপারটা যেন ঠিক হজম হলো না ‘টাইগার’দের। নিজেরা ব্যাটিং করতে নেমে এখন উল্টো লজ্জায় মুখ রাঙালো বাংলাদেশই। ২৩.৩ ওভার হাতে রেখে ৫৮ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৪৭ রানে। একটা ‘সাফল্য’ অবশ্য বাংলাদেশের আছে। সেটা হলো, একদিনের ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন সংগ্রহকে ছাপিয়ে না যাওয়া। মানে, ২০১১ সালের বিশ্বকাপে এই মিরপুরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানের সেই ইনিংসটি তিন বছর পর খুঁজে পেয়েছে তার এক সঙ্গী।
তামিম ইকবালকে দিয়ে শুরু। ‘অবিবেচক’ কথাটির সার্থক প্রতিশব্দ হয়ে উঠছেন তিনি। মাঝখানে অভিষিক্ত মিঠুন আলীর ২৬ রানের এক ইনিংস। অধিনায়ক মুশফিকুর রহিমের টেনে-টুনে করা ১১। এর পরই ব্যর্থতার মিছিল। সেই মিছিল দিয়ে কেবলই পরাজয়ের দিকে এগিয়ে চলা। এনামুল, সাকিব, মাহমুদউল্লাহ, নাসির, জিয়া—কেউই দাঁড়িয়ে সামাল দিতে পারলেন না ভারতের দ্বিতীয় সারির দলটির বোলিং আক্রমণ। স্টুয়ার্ট বিনি একাই গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশকে। মাত্র ৪ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছেন ৬ উইকেট। এই ধ্বংসযজ্ঞে বিনির সঙ্গী ছিলেন মোহিত শর্মা। ২২ রানের খরচে তাঁর সংগ্রহ ৪ উইকেট।
বিশ্বকাপের ডামাডোলে আয়োজিত এই শ্রীহীন সিরিজটির প্রথম ম্যাচটি একপ্রকার নীরবেই শেষ হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচের ফল গেছে ভারতের পক্ষেই। বৃষ্টি আজও এসে হানা দিয়েছিল মিরপুরে। বৃষ্টির কারণে ৪১ ওভারের ম্যাচে পরিণত এই খেলার দিকে পুরো দেশের মনোযোগ টেনে নিয়ে গিয়েছিলেন অভিষিক্ত পেসার তাসকিন আহমেদ। অভিষেকেই ৫ উইকেট তুলে নিয়ে বিশ্বকাপ ফুটবল নিয়ে উদ্বেলিত জাতিকে ফিরিয়েছিলেন ক্রিকেটে। কিন্তু ব্যাটসম্যানরা যেন একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় মাতলেন কে কার চেয়ে কতটা খারাপ খেলতে পারেন। খেলাটি না দেখে কেউ যদি আজকের ম্যাচের স্কোরকার্ডের দিকে তাকান, তাহলে তাঁর মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগবে, তিনি কোনো আন্তর্জাতিক ম্যাচের স্কোরকার্ড দেখছেন, নাকি গলির ক্রিকেটের স্কোরকার্ড দেখছেন। কী ভয়াবহ সব স্কোর। তাঁরা সকলেই দেশের সেরা ব্যাটসম্যান। সর্বোচ্চ ‘২৬’ ও ‘১১’—এই দুটি সংখ্যার সঙ্গে পরের সর্বোচ্চটি ৫। ওহ্! ভুল হলো, জনাব ‘অতিরিক্ত’ অবশ্য ৬ রান তুলে দিয়ে ‘সহায়তার হাত’ বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলের দিকে। শূন্যের সংখ্যা ৫টি। হ্যাঁ, মোট পাঁচজন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন স্কোরারকে কোনো প্রকার বিরক্ত না করেই। ভারতকে ১০৫ রানে অলআউট করে দিয়ে যেখানে লজ্জা দেওয়া গিয়েছিল, সেখানে উল্টো নিজেরাই এক শর অনেক নিচে আউট হয়ে সেই লজ্জা ফিরিয়ে নিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেই ফেব্রুয়ারির শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু। এরপর এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেট দলের কাছ থেকে এই জাতি উপহার পেয়েছে আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে হারের লজ্জা। বাজে ঘটনায় বারবার শিরোনাম হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনেক স্বপ্ন দেখা এ দেশের ক্রিকেট পথ হারিয়ে ফেললো কি না—এ নিয়ে ভাবনার কিন্তু যথেষ্ট কারণ আছে।