উল্টো স্রোতে মানি
এ মাসের শেষেই ভারত যাচ্ছে পাকিস্তান। সংক্ষিপ্ত এ সফরে খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। কিন্তু এ সফরকে স্বাগত জানাতে পারছেন না আইসিসির সাবেক সভাপতি এহসান মানি। মানি সাফ বলে দিয়েছেন, ‘আমি মনে করি পিসিবি এই সিরিজ খেলতে রাজি হয়ে ভুল করেছে। যদি এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়, সে ক্ষেত্রে পিসিবির রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে নিশ্চিত করা উচিত ছিল ভারত পাল্টা সফরে আসবে। সেটা নিরপেক্ষ ভেন্যুতে হলেও।’ এর আগে দুবার পাকিস্তানে আসার কথা ছিল ভারতের। কিন্তু নিরাপত্তার প্রশ্নে তা বাতিল হয়ে যায়। ঠিক এ কারণেই মানি নিজে এ সফরের কোনো যৌক্তিকতাই দেখেন না, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, পাকিস্তানের আদৌ ভারতে যাওয়া উচিত নয়। মুম্বাই হামলার পর পাকিস্তানকে একঘরে করতে ভারত ও বিসিসিআই অনেক কিছুই করেছে।’আইসিসিতে পাকিস্তানের সাবেক প্রতিনিধি এটাও মনে করিয়ে দিয়েছেন আর্থিকভাবে আখেরে বিসিসিই লাভবান হবে, ‘এই সিরিজে বিসিসিআই ১০০ মিলিয়ন, খুব সম্ভবত ১৫০ মিলিয়নও ডলারের বেশি আয় করবে। আমরা ভারতকে দেদার টাকা কামানোর সুযোগ করে দিচ্ছি, যেখানে ফিরতি সফরের কোনো নিশ্চয়তাই নেই! পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট চালু করার জন্য এই সিরিজ কোনো কাজে আসবে বলে মনে হয় না।’ মানির সমালোচনার পিঠে পিসিবি অবশ্য এখনো কিছু বলেনি। ওয়েবসাইট।