উল্টো হেরে গেল জিম্বাবুয়ে
দিনের শুরুতে পরিষ্কার ফেবারিট নিউজিল্যান্ড। শেষ দিনে জিম্বাবুয়ে ৩০৫ রান করতে পারবে কি না, এর চেয়েও বড় প্রশ্ন ছিল ৮ উইকেট নিয়ে সারা দিন টিকতে পারবে কিনা। চা-বিরতির সময় সেই দলকেই হাতছানি দিচ্ছিল অবিস্মরণীয় এক জয়। ২৯ ওভারে প্রয়োজন ছিল ১০১ রান, হাতে ৭ উইকেট। অসাধারণ এক সেঞ্চুরি করে অপরাজিত ব্রেন্ডন টেলর, দুর্দান্ত সঙ্গ দিয়ে টাটেন্ডা টাইবু ছাড়িয়েছেন ফিফটি। জয় তো হাতের নাগালেই!ঘণ্টা দুয়েক পরের দৃশ্য। স্টাম্প নেওয়ার জন্য কাড়াকাড়ি করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। স্তম্ভিত জিম্বাবুয়ের ড্রেসিংরুম, হতাশায় ড্রেসিংরুমের ভেতরে চলে গেলেন কোচ অ্যালান বুচার। ৬ ওভার আগেই ম্যাচ শেষ, জিম্বাবুয়ে হেরে বসেছে ৩৪ রানে! রস টেলরের মুখে বিস্তৃত হাসি। টেস্ট অধিনায়কত্বে তাঁর অভিষেকটাকে দুঃস্বপ্নে পরিণত হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন সাবেক অধিনায়ক আর অভিষিক্ত একজন। শেষ সেশনে ৭ উইকেটের ছয়টি ভাগাভাগি করে নিয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি ও ডগ ব্রেসওয়েল। সপ্তম কিউই হিসেবে টেস্ট অভিষেকেই ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ব্রেসওয়েল।ব্রেন্ডন টেলরকে আউট করে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি অবশ্য ক্রিস মার্টিনের। অধিনায়কত্ব পাওয়ার পর থেকে ব্যাট হাতে স্বপ্নের সময় কাটাচ্ছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। কালও দারুণ এক সেঞ্চুরিতে দলকে এগিয়ে নিচ্ছিলেন জয়ের দিকে। চা-বিরতির কিছুক্ষণ আগে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ হয়েও বেঁচে গিয়েছিলেন টিভি রিপ্লেতে পরিষ্কার বোঝা না যাওয়ায়। চা-বিরতির এক বল পর টেলর ধরা পড়েছেন ওই ওয়াটলিংয়ের হাতেই। জিম্বাবুয়ের জয়ের সম্ভাবনা তখনো শেষ হয়ে যায়নি। জিম্বাবুয়ের অভিজ্ঞতম ক্রিকেটার টাইবু ছিলেন। কিন্তু ভেট্টোরির টোপ গিলে ছয় মারার চেষ্টা করতে গিয়ে আউট টাইবু, জিম্বাবুয়ের ধসেরও শুরু। ৪৪ রানের মধ্যে নেই শেষ ৬ উইকেট। অসাধারণ এক রান তাড়ায় ক্রিকেটপ্রেমীদের মন ঠিকই জিতেছে জিম্বাবুয়ে, কিন্তু সেটি কি আর এই পরাজয়ের সান্ত্বনা হয়! ওয়েবসাইট।