উল্লসিত স্যামি, উচ্ছ্বসিত উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিড আই এন্টারটেইন?’ব্রায়ান লারার সৌজন্যে ক্রিকেট-গল্পে স্থায়ী জায়গা পেয়ে গেছে লাইনটা। ২০০৭ বিশ্বকাপে বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচের পর বারবাডোজের কেনসিংটন ওভালের দর্শকদের উদ্দেশে বলেছিলেন লারা। কাল ঠিক ওই কথাটিই বললেন ড্যারেন স্যামি। লারা কথাটি বলেছিলেন নিজের ব্যাটিং নিয়ে। এবং ওই কথা তিনি বলতেই পারেন। লারা ‘এন্টারটেইন’ করেননি, এটা তাঁর চরম শত্রুও মনে হয় বলতে পারবে না। কিন্তু স্যামি? তাঁর ক্যারিয়ার শেষও নয়। ব্যাটে-বলে এমন কোনো ‘এন্টারটেইনমেন্ট’ উপহার দেননি। সেই সামর্থ্য আছে কি না, তা নিয়েও সংশয় আছে।তার পরও প্রায় শতভাগ নম্বর পাচ্ছেন স্যামি। কারণ এই ‘এন্টারটেইনমেন্ট’ মাঠে নয়, মাঠের বাইরে। লারা বলেছিলেন মাঠে, আর স্যামি এটা বললেন সিরিজের শেষ সংবাদ সম্মেলনের সবশেষে। সফরের প্রথম সংবাদ সম্মেলন থেকেই নির্মল আনন্দ দেওয়ার আপ্রাণ চেষ্টা করে গেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক এবং যথেষ্ট সফলও তিনি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ট্রফিগুলো মুশফিকের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ফটোসেশনে নিচু হয়ে মুশফিকের সমান উচ্চতায় নেমে আসা—স্যামি-বিনোদনের এমন টুকরো টুকরো ছবি তো সিরিজজুড়েই। কালও যেমন সংবাদ সম্মেলনে এলেন ট্রফি নিয়ে, সেটিকে যত্ন করে পরিষ্কার করলেন, চুমু খেলেন, ট্রফিতে নিজের চেহারা দেখার চেষ্টা করলেন, আরও কত কী!এর খানিকটা আগের দৃশ্যগুলোও তুলে ধরা যাক। পুরস্কার বিতরণী শেষে সংবাদ সম্মেলনকক্ষের দিকে যাচ্ছিলেন ট্রফিটাকে বুকের সঙ্গে প্রায় জড়িয়ে। গুনগুন করে কী একটা গাইছেন, ‘আই টোল্ড ইউ বেবি...’ এটুকু শুধু বোঝা গেল। মাঝেমধ্যে পাশে থাকা দেবেন্দ্র বিশুর সঙ্গে কী সব মজা করে হাসতে হাসতে অস্থির। স্যামিকে দেখে মনে হচ্ছিল, তাঁর চেয়ে সুখী মানুষ বুঝি এই দুনিয়ায় আর কেউ নেই! স্যামির চরিত্রটাই আমুদে, এটা অবশ্যই মূল কারণ। তবে এত উল্লাসের পেছনে সাফল্যেরও বড় ভূমিকা। এককালের প্রবল পরাক্রমশালী দলটি ২০০৩ সালের নভেম্বরের (জিম্বাবুয়ের বিপক্ষে) পর দেশের বাইরে সিরিজ জিতল এই প্রথম। সব মিলিয়েও আড়াই বছর পর টেস্ট সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের, সর্বশেষ জয় ২০০৯ সালের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে। ওই দলের মাত্র চারজন—লেন্ডল সিমন্স, শিবনারায়ণ চন্দরপল, ফিদেল এডওয়ার্ডস ও দিনেশ রামদিন আছেন এখানে। দলের অনেকেই টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেন ক্যারিয়ারে প্রথম। অধিনায়ক হিসেবে স্যামির তো এটিই প্রথম টেস্ট সিরিজ জয়। এর আগে ওয়ানডে সিরিজের জয়টা ছিল সব মিলিয়েই অধিনায়ক স্যামির প্রথম সিরিজ জয়। স্যামি তো উল্লসিত হবেনই!স্যামির এই অর্জন ত্বরান্বিত করেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিল। কিন্তু নিজেদের জয়কে সামান্যতম খাটো করতেও নারাজ স্যামি, ‘আমার মনে হয় না ওরা উইকেট ছুড়ে দিয়েছে। আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পেরেছি। বিশু দারুণ বোলিং করেছে। ভালো কিছু ক্যাচ নিয়েছি। এ জন্যই জিতেছি। জয়ের স্বাদটাই অন্য রকম। বাংলাদেশে ভালো কিছু করার আশা নিয়েই আমরা দেশ ছেড়েছিলাম। ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজও জিতলাম, আমার মনে হয় আমরা লক্ষ্য পূরণ করতে পেরেছি।’ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট নেওয়ার দিনটিতে অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা পেলেন বিশু। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার প্রশংসার কিছুটা ফিরিয়েও দিলেন, ‘কালকের আগে সিরিজে খুব ভালো বোলিং করতে পারিনি। কিন্তু অধিনায়ক আমাকে সব সময় সাহস দিয়ে গেছেন, সতীর্থরা উৎসাহ দিয়েছে। এটা স্রেফ ছিল আসল লাইন-লেংথ খুঁজে পাওয়া আর গতিতে বৈচিত্র্য আনার ব্যাপার। কাল সেটা পেরেছি।’৩ টেস্ট আর ৫ ওয়ানডের সিরিজ খেলতে এখান থেকেই সরাসরি ভারতে উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে অপেক্ষা করছে অনেক বড় চ্যালেঞ্জ। তবে এ জয়ের মুহূর্তটা উপভোগ করতে তো আর মানা নেই! ট্রফি নিয়ে প্রায় নাচতে নাচতে ড্রেসিংরুমের দিকে এগিয়ে গেলেন স্যামি।