উল্লাস ও হতাশার দুই ড্রেসিংরুম
কেনসিংটন ওভালের দুই দলের ড্রেসিংরুম দাঁড়িয়ে গা ঘেঁষে, মাঝে শুধু একটি কাচের দেয়াল। পরশু ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে যখন উল্লাসের বন্যা, বুনো চিৎকার, পরস্পরের জড়াজড়ি আর পিঠ চাপড়ানো, সেদিকে তখন নিষ্পলক তাকিয়ে ড্যারেন স্যামি। হয়তো ভাবছিলেন, খানিকটা এদিক-সেদিক হলেই তাঁদের ড্রেসিংরুমটাই হতে পারত এমন উল্লাসভূমি! অস্ট্রেলিয়ানদের উল্লাস কাঁটা হয়ে বিঁধছে স্যামির বুকে। টেস্ট শুরুর আগে দুই অধিনায়কই বলেছিলেন, ঘণ্টা খানেকের বাজে পারফরম্যান্স ম্যাচ হারার জন্য যথেষ্ট। হারের পর ক্যারিবীয় অধিনায়কের মনে পড়ছে সেই কথা, ‘দারুণ সব ক্রিকেটার নিয়ে গড়া শীর্ষ এক দলের বিপক্ষে আমরা অনেকটা সময় নিয়ন্ত্রণ করেছি ম্যাচ...ব্যালকনিতে ওদের যেমন উল্লাস করতে শুনেছি, এটা আসলে আমার কাছে অনেক কিছু। তবে এই ম্যাচের ইতিবাচক দিকগুলো নিয়ে ত্রিনিদাদে (পরের টেস্টে) আমরা ফিরে আসার চেষ্টা করব। ম্যাচের আগে আমরা দুজনই বলেছিলাম, এক ঘণ্টা বাজে খেললেই হারতে পারে দল। ঠিক এটাই হয়েছে। সাড়ে তিন দিন আমরা ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছি, শেষ দিনেও ভালো বোলিং করেছি। কিন্তু...তবে ম্যাচ শেষে আমি ছেলেদের বলেছি, মাথা উঁচু রাখতে।’এবারের বারবাডোজের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছিল গত নভেম্বরের ডমিনিকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে ৪৭ ওভারে ১৮০ প্রয়োজন ছিল ভারতের। সেবার পার পেয়েছিল উইন্ডিজ, ভারত নিরাপদ পথ (৩২ ওভারে ৯৪/৩) বেছে নেওয়ায় ড্র হয়েছিল ম্যাচ। টেস্ট ক্রিকেটের ভারত ও অস্ট্রেলিয়া আর টেস্ট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও মাইকেল ক্লার্কের পার্থক্যটা ভালোই টের পেল স্যামির দল। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও জয়ের মাত্র দ্বিতীয় উদাহরণ এটি (২০০০ সেঞ্চুরিয়ন টেস্ট বাদে)। আগেরটিতেও (১৯৩৫) হেরে যাওয়া দল ছিল ওয়েস্ট ইন্ডিজ, এই বারবাডোজেই!ক্লার্কের কণ্ঠে তাঁর বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা, ‘সব কৃতিত্ব বোলারদের প্রাপ্য, ব্যাটিং-বোলিং দুটিতেই তো সামনে ছিল ওরাই! প্রথম ইনিংসে লোয়ার-অর্ডার দুর্দান্ত ব্যাটিং করেছে। আমাদের দলে অলরাউন্ডার এখন একজন (ওয়াটসন) নন!’দ্বিতীয় টেস্ট রোববার থেকে, পোর্ট অব স্পেনে। ওয়েবসাইট।