উশুতে আর্থিক প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার উশু খেলোয়াড় বাবুল আহমেদ, মাহবুবুর রহমান, নুরুল হক, গাজীউর রহমান আর্থিক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই খেলোয়াড়দের দাবি, গত অক্টোবরে ইতালিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মতিন।খেলোয়াড় বাবুল আহমেদ বলেছেন, ‘১০০ টাকার স্ট্যাম্পে আমাদের চারজনের কাছ থেকে আড়াই লাখ টাকা নেন মতিন সাহেব। বাকি টাকা নেন সাদা কাগজে সই করে। শর্ত ছিল ইতালিতে না পাঠাতে পারলে পুরো টাকাটাই আমাদের ফেরত দেবেন। সেটা দেওয়া হবে ২০ নভেম্বরের মধ্যেই। কিন্তু এখনো তিনি টাকা দিচ্ছেন না। টাকা চাইলে আমাদের ভয়ভীতি দেখাচ্ছেন।’বাবুল আরও জানান, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি ইতালিতে এই নামে কোনো টুর্নামেন্ট হয়নি। ভুয়া আমন্ত্রণপত্র দেখিয়ে আমাদের কাছ থেকে তিনি টাকা নেন। উশু কোচ ও অ্যাসোসিয়েশনের সদস্য ডিএল রুস্তম স্যার অঙ্গীকারনামায় সাক্ষী ছিলেন, তাঁকে দেখেই আমরা টাকাটা দিয়েছিলাম।’আবদুল মতিন হুমকি দেওয়ায় নিরাপত্তার স্বার্থে পল্টন ও শাহবাগ থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন খেলোয়াড়েরা। প্রতিকার চেয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও উশুর নতুন সভাপতি সাবেক ফুটবলার আরিফ খানের (জয়) কাছে লিখিত আবেদন করেছেন। আরিফ খান বলেছেন, ‘মাত্রই উশুর দায়িত্ব নিয়ে অনেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখে কঠিন ব্যবস্থা নেব।’আবদুল মতিনের সঙ্গে বৃহস্পতিবার একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। গতকাল তাঁর অন্য একটা নম্বর সংগ্রহ করে সেটিতে ফোন করা হলে সাংবাদিক পরিচয় জেনে ‘রং নম্বর’ বলে ফোন কেটে দেন। তাঁকে কয়েকবার ফোন করলেও তিনি কোনো সাড়া দেননি।তবে অঙ্গীকারনামায় সই দেওয়া প্রসঙ্গে ডিএল রুস্তম দাবি করেন, ‘আমার সই জাল করা হয়েছে।’