উশুর আশা চার সোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহিেক আজ উশু

ইতি ইসলাম: এবারও সোনা জয়ের আশা
ইতি ইসলাম: এবারও সোনা জয়ের আশা

মিরপুরের ইনডোরে প্রস্তুতি পর্বটা শুরু হয়েছিল ভালোভাবেই। থাকা-খাওয়াসহ সবই মনের মতো ছিল উশু দলের। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জীর্ণ জিমনেসিয়ামে প্রস্তুতি মঞ্চটা চলে আসায় ছন্দপতন হয়েছে। দুটি ম্যাটে অল্প জায়গায় গাদাগাদি করে চলছে এসএ গেমসের প্রস্তুতি।
দক্ষিণ এশিয়ার ‘অলিম্পিকে’ উশুকে রাখার সিদ্ধান্ত এবার হয়েছে বেশ দেরিতে। মানসিকভাবে দলটার চাঙা হতে তাই সময় লেগেছে। বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের নানা সমস্যাও অপ্রচলিত খেলাটার পথে বিছিয়েছে কাঁটা। তার ওপর গতবার দেশের মাটিতে অভিষিক্ত উশুর দুই সোনাজয়ী দলের ১০ খেলোয়াড়ের ৮ জনই এবার নেই। বেশির ভাগই উশু ছেড়ে ছড়িয়ে পড়েছেন নানা দিকে।
দুই সোনাজয়ীর একজন মেজবাহ উদ্দিন এখন কোচ। মাঝে গিয়েছিলেন শ্যুটিংয়ে। গতবারের দুটি ব্রোঞ্জজয়ী বাসনা খন্দকার উশুকে বিদায় জানিয়ে খেলছেন বক্সিং। ফাহমিদা ইয়াসমিন খেলার জগত থেকেই সরিয়ে নিয়েছেন নিজেকে।
তাতে কী? উশুর কোচ-কর্মকর্তা-খেলোয়াড়দের কথা শুনলে মনে হবে, এসব কোনো সমস্যাই নয়! কিন্তু সত্যিটা হলো, এবার উশু জিততে চায় চারটি সোনা! দুটি সান্দা ও দুটি থাউলো বিভাগে। সান্দা হলো সরাসরি ফাইট, বিভিন্ন কলাকৌশল দেখানো হয় থাউলো বিভাগে। দুই বিভাগেই বাংলাদেশের ভান্ডার মোটামুটি সমৃদ্ধ বলছেন কর্মকর্তারা। কলাকৌশল বিভাগে গতবারের সোনাজয়ী মেজবাহর বিকল্প বাজি বিকেএসপির আমির হোসেন। আমির নিজেও প্রত্যাশার ভার বইতে তৈরি, ‘আমার বিশ্বাস, এবার সোনা জিততে পারব।’ এই বিভাগে আরেকটি সোনার আশা আনসারের আবু বকরের কাছে।
সান্দা ইভেন্টে গতবারের সোনাজয়ী ইতি ইসলামকে ঘিরে এবার সোনার আশাটা আরও বেশি। এনএসসিতে মঙ্গলবার অনুশীলনের ফাঁকে ইতিকে দেখাল ইতিবাচক, ‘গতবারের তুলনায় আমরা আরও ভালো করব আশা করছি। আমি নিজেও সোনার লক্ষ্য নিয়ে যাব।’ সান্দায় আরেকটি সোনার বাজি আবু সাইদ।

.
.


উশুতে আশার পরিধি নীরবেই বাড়ছে। কিন্তু হাত-পায়ের সমান ব্যবহারের এই খেলায় মহিলা খেলোয়াড় উঠে আসছে না সেভাবে। হতাশা নিয়েই কথাটা বলছিলেন বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক দুলাল হোসেন। এসএ গেমসের ১৩ জনের দলে মেয়ে প্রতিযোগী মাত্র তিনজন। তিনজনই সান্দা ইভেন্টের।
তবে কোচ ডা. আই নিয়াং এসব নিয়ে বেশি ভাবতে নারাজ। মিয়ানমারের মাঝবয়সী ভদ্রলোকের শেকড় চট্টগ্রামে। এ দেশে মোহাম্মদ শফি নামে পরিচিত নিয়াংও এসএ গেমসে বরং সম্ভাবনার ছবিই আঁকছেন। পরিষ্কার বাংলায় বললেন, ‘চারটি সোনার লক্ষ্য আমাদের। তবে তিনটি জেতার ভালো সম্ভাবনা দেখছি।’
স্থানীয় কোচ আনোয়ারুল রাসেল সেই সম্ভাবনাকে তুলে ধরছেন আরও উঁচুতে, ‘শুরুর দিকের ভালো প্রস্তুতিটা আমরা ধরে রাখতে পারিনি। তবু আমাদের খেলোয়াড়েরা মেধাবী ও সম্ভাবনাময়। আমি অন্তত চারটি সোনার সম্ভাবনা দেখছি।’
তবে লড়াইটা সহজ নয়। ভারত, পাকিস্তান, আফগানিস্তানের প্রতিযোগীরাই বড় চ্যালেঞ্জ। শিলংয়ের মঞ্চে সেটি জয় করতে পারাই হবে আসল সামর্থ্যের প্রমাণ।