উষ্ণ সংবর্ধনা পেলেন মেসিরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচ সাবেলা আর অধিনায়ক মেসিকে পাশে নিয়েই আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানালেন দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্চনার। পরশু বুয়েনস এইরেসে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে l এএফপি
কোচ সাবেলা আর অধিনায়ক মেসিকে পাশে নিয়েই আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানালেন দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্চনার। পরশু বুয়েনস এইরেসে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে l এএফপি

বিমান থেকে নেমে মেসিরা কি খানিক অবাক হয়েছিলেন? এত কাছে এসেও পুড়তে হয়েছে স্বপ্নভঙ্গের হতাশায়। সেই হতাশা সঙ্গী করে উঠেছিলেন বিমানে। ‘ধন্যবাদ আর্জেন্টিনা’—লেখা আকাশি-নীল বিমান যখন মাটিতে নামার অপেক্ষায়, একটু হলেও হয়তো বিস্মিত হয়েছিলেন তাঁরা। প্রবল শীত উপেক্ষা করে নিমিস্ত্রি পিস্তারিনি বিমানবন্দরে এসেছিল কয়েক শ ফুটবল অনুরাগী। ‘ভামোস আর্জেন্টিনা’ কলরবে মুখর বিমানবন্দর। ২৪ বছর পর দলকে আবার ফাইনালে নিয়ে গেছেন, এমন সংবর্ধনা মেসিরা তো পেতেই পারেন!
বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ একটু হলেও হয়তো মুছে গেছে রানার্সআপ আর্জেন্টিনার খেলোয়াড়দের। আকাশি-নীল পতাকায় রাঙা বাসটা যখন চলতে শুরু করল, দুই পাশে সার বেঁধে দাঁড়িয়ে সমর্থকেরা। হতাশা ছাপিয়ে তাদের চোখেমুখে চিকচিক করছিল দলের জন্য গর্ব। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের চত্বরে দেওয়া হলো সংবর্ধনা। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্চনার। ছিল হাজারো ভক্ত। সেখানে মাচেরানোদের জড়িয়ে ধরেছেন প্রেসিডেন্ট, খেলোয়াড়দের জন্য খুলে দিয়েছেন প্রশস্তির দুয়ার, ‘দল নিয়ে সব আর্জেন্টাইন গর্বিত। আমি বছরের ৩৬৫ দিনই আর্জেন্টিনার জার্সি পরি। চার কোটি মানুষের প্রেসিডেন্ট হিসেবে আমি অনেক গর্ব অনুভব করেছি। একের পর এক প্রতিকূলতা অতিক্রম করে তোমরা যেভাবে আর্জেন্টিনার পতাকার মর্যাদা ধরে রেখেছ, সেটা আসলেই দারুণ।’
শিরোপা না পেয়ে একটু বিমর্ষই ছিলেন লাভেজ্জিরা। তাঁদের একটু চাঙা করতেই প্রেসিডেন্ট রসিকতাও করলেন। ‘পোচো, এদিকে এসো, মেয়েরা তো বলে এই দলে তুমিই সবচেয়ে সুদর্শন’—এজেকিয়েল লাভেজ্জিকে একটু বিব্রতকর অবস্থায় ফেলে দিলেন প্রেসিডেন্ট। অ্যাঙ্গেল ডি মারিয়াকে বলেছেন, ‘মারিয়া, এদিকে এসো। মেয়েরা তোমার জন্য অপেক্ষা করছে।’ লাভেজ্জি-মারিয়ারা অবশ্য লজ্জা পেয়ে মাইক্রোফোন হাতে নেননি। তবে হাসির হল্লায় তাঁদের মনের গুমোট ভাব নিশ্চয় খানিকটা হলেও কেটে গেছে।
তবে প্রেসিডেন্ট যতই হাসি-আনন্দ-রসিকতা করুন, নিজে কিন্তু ফুটবল তেমন দেখেন না। নিজেই স্বীকার করেছেন, ‘আমি আসলে ফুটবলের ভক্ত নই। বিশ্বকাপের একটা ম্যাচও আমি দেখিনি, এমনকি কালকের ফাইনাল ম্যাচও দেখিনি।’ তবে প্রেসিডেন্ট যতই ফুটবলবিমুখ হোন, গত এক মাস আর্জেন্টিনার সব অস্থিতিশীলতা ভুলিয়ে রেখেছিল এই বিশ্বকাপ। এমনিতেই দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো নয়, দ্রব্যমূল্য বাড়ছে পাল্লা দিয়ে, রাজনৈতিক পরিস্থিতিও বেশ গোলমেলে। বিশ্বকাপের জন্য এসব কিছুদিনের জন্য হলেও ছিল আড়ালে।
প্রেসিডেন্টের ফুটবল-বৈরাগ্য নিয়ে এক সমর্থকের খোঁচা, ‘দারিদ্র৵ কোথায় সেটা তিনি দেখেন না। নিরাপত্তাহীনতা তিনি দেখেন না। আর্জেন্টিনা ফাইনালে, সেটাও তিনি দেখেন না। উনি অন্ধ।’ এএফপি, রয়টার্স।