উসকানি দিতে আর্জেন্টাইনরা ওস্তাদ, বললেন শোয়েনস্টাইগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার মনে করেন, ফুটবল মাঠে যেকোনো উসকানিতে আর্জেন্টাইন খেলোয়াড়েরা অত্যন্ত পারদর্শী। তিনি আর্জেন্টিনার সঙ্গে অতীতে খেলার অভিজ্ঞতা থেকে এ কথা বলেন। শোয়েনস্টাইগার মনে করেন, জার্মানির বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইনরা এসব আচরণ করলে খেলাটি উত্তপ্ত হয়ে উঠতে পারে, যেমনটি হয়েছিল ২০০৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষে। সেই ম্যাচে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছিল জার্মানরা।শোয়েনস্টাইগার বলেন, আর্জেন্টিনার খেলোয়াড়েরা প্রায়ই মাঠে নানা রকম অঙ্গভঙ্গি ও অভিনয়ক্রিয়ার মাধ্যমে রেফারিকে প্রভাবিত করার চেষ্টা করে। তিনি আর্জেন্টাইনদের এ ধরনের কার্যকলাপকে নিয়ম-বিরুদ্ধ, হঠকারী ও রেফারির প্রতি অসম্মানজনক বলে মনে করেন।আর্জেন্টিনা দলের কৌশল নিয়েও মন্তব্য করেছেন শোয়েনস্টাইগার। জার্মানির এই মধ্য মাঠ সেনানির পর্যবেক্ষণ হচ্ছে, প্রতিপক্ষকে মাঠে বিরক্ত করে তাদের খেলা নষ্ট করে দেওয়ার কৌশল আর্জেন্টিনা প্রায়ই নেয়। তিনি মনে করেন, আর্জেন্টিনা দলের এই ধরনের কৌশল জার্মানির বিপক্ষে জার্মান দলকে বিপদের মুখে ফেলতে পারে।জার্মানি ও আর্জেন্টিনা এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস বেশ পুরোনো। এই দল দুটির মধ্যকার অনেক খেলাই বিশ্ব ফুটবলে ‘ক্ল্যাসিক গেম’ হিসেবে পরিচিত। ১৯৮৬ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানি ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি ইতিহাসের অন্যতম সেরা লড়াই হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেই ম্যাচে আর্জেন্টিনা প্রথমে ২-০ গোলে এগিয়ে গেলেও রুমেনিগে ও রুডি ফোলারের গোলে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসে জার্মানি। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সেটি সবচেয়ে সেরা ‘কামব্যাক’ হিসেবে অভিহিত হয়ে আছে। আর্জেন্টিনা অবশ্য বুরুশাগার গোলে ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নিয়েছিল। ছিয়াশির হারের প্রতিশোধ জার্মানরা নেয় নব্বইয়ে এসে। সেবার ফাইনালে তারা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয়। যদিও জার্মানি সেদিন গোল করেছিল পেনাল্টি থেকে, আন্দ্রেস ব্রেহমের দেওয়া সেই পেনাল্টি গোলটি বিশ্বকাপের সর্বকালের অন্যতম বিতর্কিত ঘটনা হিসেবে সবার স্মৃতিতে আজও অম্লান হয়ে আছে। ২০০৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর মাঠেই এই দুই দলের খেলোয়াড়েরা কিছু বিষয় নিয়ে কথাকাটাকাটি থেকে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন।শোয়েনস্টাইগার আশা প্রকাশ করেন, আগামী শনিবারের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা কোনো কূটকৌশলের আশ্রয় নেবে না। আর যদি নিয়েও ফেলে সেই কূটকৌশল জার্মানির খেলায় কোনো প্রভাব ফেলতে পারবে না।শোয়েনস্টাইগার আর্জেন্টিনা দলের খেলায় উসকানিমূলক অনেক কিছু রয়েছে বলেও মন্তব্য করেন। তিনি আর্জেন্টিনা ও মেক্সিকোর গত ম্যাচটির দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিরতির সময় সব খেলোয়াড় যখন ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন, তখন মেক্সিকো ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে কিছু বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। সেটি হাতাহাতির পর্যায়েও যেতে পারত। পরে রেফারি ও দুই দলের কর্মকর্তারা এসে ব্যাপারটির মীমাংসা করেন। ২০০৬ সালের জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শেষেও একই ঘটনা ঘটেছিল। সেদিন পুরো ব্যাপারটিই চাপা পড়ে গিয়েছিল জার্মানির জয়ের আনন্দে।আর্জেন্টিনার খেলোয়াড়দের এমন আচরণ সম্পর্কে শোয়েনস্টাইগারের শেষ মন্তব্য হলো ব্যাপারটি তাদের মানসিকতা ও চরিত্রেরই বহিঃপ্রকাশ।রয়টার্স।