উসকানিতে অনুপ্রাণিত নেইমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেকে আরও একবার চেনালেন নেইমার।
পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেকে আরও একবার চেনালেন নেইমার।

পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেকে আরও একবার চেনালেন নেইমার। পুরো ম্যাচে তিনি প্রমাণ করলেন, হালে কেন তাঁকে নিয়ে এত মাতামাতি। প্রায় একক প্রচেষ্টায় নিজে একটি গোল তো করেছেনই, দলের বাকি দুটো গোলেও নেপথ্য কারিগর তিনি।

নেইমার নিজেকে যত চেনাচ্ছেন, তিনি যেন ততই প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। পর্তুগালের বিপক্ষেও তাঁকে ঘিরে ছিল কড়া মার্কিংয়ের আতিশয্য। বেশ কয়েকবার বাজে ফাউলের শিকার হতে হয়েছে তাঁকে। এত কিছুর পরও তিনি কিন্তু রয়েছেন তাঁর স্বাভাবিক ছন্দেই। ফাঁক পেলেই প্রতিপক্ষের সাজানো বাগান তছনছ করে দিয়ে আসছেন তিনি। মার্কিং-টার্কিংকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের স্বাভাবিক খেলাটা খেলেই নেইমার প্রমাণ করেছেন, মেসি কিংবা রোনালদোর পরেই কেন তাঁকেই প্রতিভাদীপ্ত বিস্ময় হিসেবে মেনে নিয়েছে ফুটবল-বিশ্ব।

কোনো উসকানিই তাঁর কাছে সমস্যা নয়। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষেও নেইমার ঠিক এই কথাই বলেছেন। সদ্যই সান্তোস ছেড়ে বার্সেলোনায় মেসির সঙ্গী হওয়া নেইমার জানিয়েছেন, মাঠে প্রতিপক্ষের উসকানিকে তিনি অনুপ্রেরণা হিসেবেই নেন।

প্রতিপক্ষ খেলোয়াড়দের আক্রমণের শিকার হওয়া নেইমারের কাছে নতুন কিছু নয়। এর আগে তিনি নিজেই স্বীকার করেছেন, আক্রমণ থেকে বাঁচতে ‘ডাইভ’ পর্যন্ত দেন তিনি। পর্তুগালের বিপক্ষে ম্যাচের কথা বলতে গিয়ে তাই পুরোনো স্মৃতিও টেনে আনলেন ২১ বছর বয়সী নেইমার, ‘এখনো আমি ব্যথা অনুভব করছি। আমি জানি, আবারও একই রকম ঘটবে। প্রতিপক্ষ খেলোয়াড়েরা আমাকে উসকানি দেওয়ার চেষ্টা করছে, এমন একটা ভিডিও থিয়াগো সিলভাকে দেখিয়েছিলাম। আমি সাধারণত কোনো উসকানির প্রতিক্রিয়া দেখাই না। বাজে ট্যাকেলগুলো নিয়েও মাথা ঘামাই না। এসব কিছুই আমাকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করে।’

পর্তুগালের বিপক্ষে দলের খেলাতেও দারুণ সন্তুষ্টি নেইমারের, ‘পর্তুগালের বিপক্ষে অসাধারণ খেলেছে ব্রাজিল। দলের সাফল্যে আমি খুশি। সবাই দেখছে, বুঝছে কতটা ভালো আমরা খেলতে পারি। আমরা ভালো ফুটবল খেলতে পারি।’ সূত্র: গোল ডটকম।