উসমান খাজার উজ্জ্বল অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনির মেঘাচ্ছন্ন সকালে আলো হয়েই জ্বললেন তিনি। পাকিস্তানে জন্ম নেওয়া উসমান খাজাই সিডনিতে অনুষ্ঠিত অ্যাশেজের শেষ টেস্টের প্রথম দিনের সকালে ছিলেন অস্ট্রেলীয়দের আশা-ভরসার প্রতীক। অধিনায়ক রিকি পন্টিংয়ের ইনজুরিতে ভাগ্য খুলেছে উসমানের। ১৯৯৩ সালে জাস্টিন ল্যাঙ্গারের পর তিন নম্বরে অস্ট্রেলিয়া দলে অভিষেক হওয়া প্রথম খেলোয়াড় তিনি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই নিজের জাতটা বুঝিয়েছেন এই অভিবাসী।সকাল থেকেই অস্ট্রেলিয়া দলের ব্যাটসম্যানরা রক্ষণাত্মক ব্যাটিংয়ের খোলসে নিজেদের আবৃত করে রেখেছিলেন। উদ্বোধনী ব্যাটসম্যান ফিলিপ হিউজ পুরো সকাল ধৈর্যের প্রতিমূর্তি হয়ে উইকেটে পড়ে থাকার পরেও নিজের সব পরিশ্রম করে পণ্ড করেন ক্রিস ট্রেমলেটের বলে কলিংউডের হাতে স্লিপে ধরা পড়ে। আরেক ওপেনার শেন ওয়াটসন নিজের ইনিংসটিও ভালোই সাজিয়েছিলেন। প্রথম বাউন্ডারি হাঁকাতে বল খেলেছিলেন ৮৯টি। কিন্তু নিজের ব্যক্তিগত ৪৫ রানে তাঁর সুন্দর ইনিংসটির অপমৃত্যু ঘটে টিম ব্রেসনানের বলে ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের হাতে।বৃষ্টি বিঘ্নিত সিডনি টেস্টে শেষ পর্যন্ত উসমান খাজার সংগ্রহ ৩৭ রান। সুন্দর সম্ভাবনাও দেখা যাচ্ছিল তাঁর ইনিংসে। মাঠে নেমেই প্রথম আট বলে তুলে নিয়েছিলেন ১৫ রান। এরপর সত্যিকারের টেস্ট ইনিংসই গড়ে তুলেছিলেন তিনি। স্থিতধী, প্রতিটি বল দেখে-শুনে খেলা। তার পরও ৩৭-এর বেশি যেতে পারলেন না উসমান খাজা। তবে সবাইকে একটি বার্তা জানিয়ে গেলেন, টেস্ট ক্যারিয়ারটাকে দীর্ঘায়িত করতেই তাঁর আবির্ভাব। এত সহজে হাল ছাড়ছেন না তিনি।অস্ট্রেলিয়ার নতুন দিনের সূচনাটা বোধহয় উসমান খাজাকে দিয়েই হয়ে গেল। রয়টার্স।