উৎসব আর বিষাদের বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষে এক ড্রেসিংরুমের সামনে উৎসবের রঙিন ফোয়ারা। অন্য ড্রেসিংরুমের সামনে পড়ে থাকে বিষণ্ন বিকেল। যেকোনো শিরোপা নির্ধারণী ম্যাচের পর এটি সব মাঠেরই পরিচিত দৃশ্য। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল সেই দৃশ্যে বাড়তি একটা ফ্রেম যোগ করলেন ফরহাদ রেজা।
খেলা শেষে বিজয়ী-বিজিত সব অধিনায়কের প্রতিক্রিয়া জানানোটা রীতি। জিতলেই চ্যাম্পিয়ন—এমন ম্যাচে হেরে যাওয়ার পর কেমন লাগছে পরাজিত প্রাইম দোলেশ্বর অধিনায়কের, সেটা জানাও জরুরি। কিন্তু ড্রেসিংরুম থেকে বের হলেন না ফরহাদ রেজা। একজন এসে বললেন, অধিনায়কের মন ভালো নেই। কথা বলবেন না।
মাঠ ছাড়ার আগে ড্রেসিংরুমের করিডরে অবশ্য কথা বললেন ফরহাদ। বিষণ্ন দোলেশ্বর অধিনায়ক, ‘আসলেই মনটা খারাপ। যে উইকেট ছিল, ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে খেললে হয়তো হয়ে যেত। ৩২০ রানও টপকানো সম্ভব এই উইকেটে।’
ক্রিকেটের শেষ দৃশ্যে ‘যদি’, ‘কিন্তু’র হিসাব থাকেই। তবে ঢাকা প্রিমিয়ার লিগে একটা জায়গায় এখন বোধ হয় সব ‘যদি’, ‘কিন্তু’ই অচল। সাকিব কোন দলে, তামিম কোন দলে, মুশফিক কোন দলে—সেসব কোনো ব্যাপার নয়। কোনো দলের পেছনের লোকটার নাম লুৎফর রহমান থাকলেই হয়। সেই দলই চ্যাম্পিয়ন! ২০০৯-১০ মৌসুমে মোহামেডান, ২০১১-১২-তে ভিক্টোরিয়া এবং ২০১২-১৩-তে গাজী ট্যাংকের পেছনে থেকে সেটাই তো প্রমাণ করলেন তিনি!
উৎসবের কোলাহলে গাজী অধিনায়ক মাহমুদউল্লাহও বলছিলেন, ‘তাঁকে (লুৎফর রহমান) খুব কাছ থেকে দেখলাম এ বছর। উনি খেলোয়াড়দের সঙ্গে খুব আন্তরিক। যতটা পেশাদারি থাকা উচিত, তিনি ততটাই থাকেন।’ চ্যাম্পিয়ন হওয়ার পর যেমন কাল ড্রেসিংরুমে পুরো দলকে ৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিলেন লুৎফর রহমান। আলাদা করে ম্যান অব দ্য ম্যাচ এউইন মরগানকে দিলেন ৫০০ ডলার, মাহমুদউল্লাহ ও নাঈম জুনিয়র পেলেন ২৫ হাজার টাকা করে। বোনাস পেয়ে স্বভাবতই খুশি মরগান, তবে তার চেয়েও বেশি খুশি অবশেষে নিজের ব্যাটে রান দেখে, ‘প্রথম চার ম্যাচে রান পাইনি। এ ম্যাচে আমি ইতিবাচক থেকে খেলতে চেয়েছি। গুরুত্বপূর্ণ ম্যাচে রান করতে পারাটা সব সময়ই আনন্দের।’
মাঠের বাইরের প্রেরণা-প্রণোদনার কোনো দাম থাকে না মাঠে নেমে সেটিকে পারফরম্যান্সে অনুবাদ করতে না পারলে। গাজী ট্যাংকের ক্রিকেটাররা তা পেরেছেন বলে তাঁরাও অধিনায়কের প্রশংসায় ভিজেছেন, ‘সকালে ব্যাটিংটা খুব সহজ ছিল না, তার পরও আমাদের শুরুটা ভালো হয়েছে। এ ছাড়া শুরুতে রুবেল খুব ভালো বোলিং করেছে। ভালো বল করেছে নাঈমও। ওদের মুমিনুল খুব ভালো ব্যাটিং করলেও আমরা নিয়মিত উইকেট নিতে পেরেছি।’
ব্যক্তিগত পারফরম্যান্সের দিক দিয়েও লিগটা খারাপ যায়নি মাহমুদউল্লাহর। ১০ ম্যাচে ৪৬৩ রান, একটা সেঞ্চুরির সঙ্গে ফিফটি চারটা। বড় ইনিংস আরও বেশি খেলতে না পারার আফসোস থাকলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্টই মনে হলো গাজী অধিনায়ককে। এই জায়গায় মাহমুদউল্লাহর সঙ্গে মিল আছে প্রাইম দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজার। ২৯ উইকেট নিয়ে গাজীর আরাফাত সানির সঙ্গে তিনিও এবারের লিগের সর্বোচ্চ উইকেটশিকারি। ব্যাট হাতে রানটা (১৭৯) খুব বেশি না হলেও কালকের ৭৯ মুমিনুলের ৮৬-র পর দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। বিষণ্ন বিকেলে এই পারফরম্যান্সের কথা মনে করিয়ে দেওয়ার পরও যথেষ্ট বিনয়ী ফরহাদ, ‘এ নিয়ে তিনবার সর্বোচ্চ উইকেট পেলাম। ভালো লাগছে..., তবে আমার এ রকম টার্গেট ছিল না যে সর্বোচ্চ উইকেট পেতে হবে। দলের সবাই ভালো খেললে, তবেই অধিনায়কের কৃতিত্ব।’
শিরোপার সুবাস পেতে পেতে সেটা হারিয়ে গেলে এমনই হয়, মন খারাপ করা বিকেলে নিজের ভালোটাও ধূসর হয়ে যায়।