উৎসব-উদ্যাপনে সিটির স্বপ্ন দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সিটির সাফল্যে হেসে উঠল যেন সূয্যিমামাও। বছর খানেক আগে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড ১৯তম শিরোপা জয়ের উৎসবে বাদ সেধেছিল আকাশ ভেঙে নামা বৃষ্টি। পরশু ম্যানচেস্টারের ঝকঝকে আকাশে ছিল চকচকে রোদ। উৎসব শুরুর সময় ছিল সন্ধ্যা সাড়ে ছয়টা। কিন্তু দুপুর থেকেই আলবার্ট স্কয়ারে জড়ো হতে থাকে সমর্থকেরা। বিকেল নাগাদ নীল জার্সিতে লাখ খানেক মানুষের ভিড়। ঝকঝকে আকাশ আর মাটি মিলেমিশে যেন একাকার—ম্যানচেস্টারের রং সত্যিকার অর্থেই হয়ে গেল নীল!নাচ-গান, বক্তৃতা পর্ব, কনফেত্তি আর ফানুসের ওড়াউড়ি, ছাদখোলা বাসে ফুটবলারদের শহর প্রদক্ষিণ—উদ্যাপনের পরিচিত অনুষঙ্গের সবই ছিল। এর আগে দুপুরে সিটির ফুটবলাররা জড়ো হয়েছিলেন ম্যানচেস্টার টাউন হলে এক সংবর্ধনায়। ছিলেন সিটির ‘দৈত্য’ হয়ে ওঠার নেপথ্য নায়কদের একজন খালদুন আল মোবারকও। ২০০৭ সালে সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ক্লাব কেনার পর থেকেই সিটিতে পালাবদলের পালা শুরু। আর বর্তমান সাফল্যের বীজ রোপিত হয় ২০০৮ সালের সেপ্টেম্বরে, যখন শেখ মানসুন বিন জায়েদ আল নাহিয়ানের আবুধাবি ইউনাইটেড গ্রুপ কিনে নেয় ক্লাবটি। সিনাওয়াত্রার জায়গায় ক্লাব চেয়ারম্যান হন খালদুন আল মোবারক।ব্যবসায়িক স্বার্থ অবশ্যই ছিল, তবে এক বিলিয়ন পাউন্ড বিনিয়োগের পেছনে ছিল ফুটবলের প্রতি ভালোবাসা ও আবেগও। খালদুন স্বাভাবিকভাবেই ছিলেন উচ্ছ্বসিত। রোববারের ম্যাচের নাটকীয়তা ছুঁয়ে তাঁকে ছুঁয়ে যাচ্ছিল তখনো, ‘ওই দিনের অভিজ্ঞতা সবাই নিজেদের মতো করে মনে রাখবে। আমার মনে হয় না, সামনের অনেক বছরেও এভাবে লিগ শিরোপা নির্ধারিত হবে। অনেকে হয়তো ভেবেছিল, এটা সেই “টিপিক্যাল সিটি”। কিন্তু আমরা “টিপিক্যাল সিটি” নই, ওই ধারণা গুঁড়িয়ে দিয়েছি। এই দল পিছু হটতে জানে না। আমরা ওই “টিপিক্যাল সিটি”কে ভুলে যেতে চাই।’গত মাসে আর্সেনালের কাছে হারের পর ছয় ম্যাচ বাকি থাকতে ইউনাইটেডের চেয়ে ৮ পয়েন্ট পেছনে ছিল সিটি। খালদুন জানালেন ক্লাবের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোয় নিজের ভূমিকার কথা, ‘মনে আছে, আমি ড্রেসিংরুমে গিয়েছিলাম এটা বলতে যে আমরা হাল ছাড়ব না। রবার্তোর (মানচিনি) সঙ্গে আমার কথা হয়েছিল। একে অপরের দিকে তাকিয়ে আমরা করণীয় বুঝে ফেললাম, সবার ওপর থেকে চাপ তুলে নিতে হবে। আমাদের বিশ্বাস ছিল, যদি বাকি সব ম্যাচ জিতে যাই এবং ভাগ্য একটু পাশে থাকে, তাহলে শিরোপা জেতা সম্ভব। দলকে চাপমুক্ত করতে রবার্তোর ভূমিকা ছিল অসাধারণ।’এই সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব মানচিনিকেই দিচ্ছেন ক্লাবের চেয়ারম্যান, ‘রবার্তো জাত বিজয়ী। খুবই শক্ত চরিত্রের মানুষ। জিততে চায় যে কারও চেয়ে বেশি। অনেক দিন ধরেই আমাদের সম্পর্ক এবং আমি জানি, সে কীভাবে কাজ করে। আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি, লিগ জিতেছি এবং এতে বড় কৃতিত্ব তার ব্যবস্থাপনার দক্ষতার।’সিটির বিজয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি তির ছুড়তেও ভুলছেন না স্যার অ্যালেক্স ফার্গুসন। কটাক্ষ করে নগর প্রতিদ্বন্দ্বীকে অনেক কিছুই বলছেন ইউনাইটেড কোচ। মানচিনির মতো পাল্টা তির ছোড়ার কোনো আগ্রহ নেই খালদুনেরও। বরং ফার্গিকে শ্রদ্ধা জানিয়ে জানালেন নিজেদের লক্ষ্য, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ও স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। ৮৯ পয়েন্ট পেয়েও লিগ জিততে না পারা অবিশ্বাস্য। বছরের পর বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেড যা করেছে, আমরা তার কিছুটা করার পথে হাঁটতে শুরু করেছি। আমরা দেখেছি ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এসি মিলান ও বায়ার্ন মিউনিখের মতো দলগুলো নিজ নিজ শহরের কাছে কতটা। এই সাফল্য সেই লক্ষ্যের দিকে একটা পদক্ষেপ, তবে পথের এখনো অনেক বাকি।’ এএফপি, রয়টার্স।