উৎসব ফিরল বার্সেলোনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি মেসি, দুটি ইনিয়েস্তা, দুটি ভিয়া! পরশু বার্সেলোনার রাস্তায় সুসজ্জিত ছাদখোলা বাসে অনেকেই সবকিছু দেখল দুটি করে। একটা লিওনেল মেসি বাসের গায়ে আঁকা ছবিতে। অন্যজন রক্ত-মাংসের। বার্সা তারকাদের উদ্যাপনের ছবি আঁকা এমনই এক বাসে করে শহর প্রদক্ষিণ করল কাতালান ক্লাবটি। বাসের গায়ে বড় করে লেখা ‘ক্যাম্পিয়নস’, তার নিচে ছোট করে লেখা লা লিগা ২০১২-১৩-ই বলে দিচ্ছিল এই উদ্যাপনের উপলক্ষ। পাঁচ বছরের মধ্যে এভাবে লিগ ট্রফি নিয়ে বার্সার উৎসব হলো চতুর্থবার।পরশু স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় এই প্যারেড। রাস্তার দুই পাশে ছিল সমর্থকদের প্রচণ্ড ভিড়। ২২তম লিগ শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা সবাই। শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে প্রায় আট কিলোমিটারের মতো ভ্রমণ শেষে বাস গিয়ে থামে শহরের পূর্ব দিকে, ডক্তর ইগনাসি বারাকুয়ের চত্বরে। বার্সেলোনার স্টেডিয়াম ন্যু ক্যাম্পে কিন্তু উৎসব হয়নি। সেই উৎসব হবে আগামী রোববার। ওই দিন নিজেদের মাঠে বার্সা খেলবে রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে।পরশুর শিরোপা উৎসবে বাস আসলে ছিল দুটো। সামনের বাসে ছিলেন মেসিরা। টিটো ভিলানোভাসহ কোচিং স্টাফরাও ছিলেন এই বাসের ছাদে। এর পেছনেই ছিল আরেকটি বাস। সেই বাসে ব্যান্ড পার্টি তো ছিলই, ছিলেন বার্সেলোনা মহিলা ‘এ’ দলের সদস্যরাও। টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের লা লিগা জিতেছেন এঁরা। একই উৎসবে ছেলেদের সঙ্গে তাই যোগ দিয়েছেন সাফল্য এনে দেওয়া মেয়েরাও। এই প্রথম ছেলে ও মেয়ে দুটো দলই একসঙ্গে যোগ দিয়েছে শিরোপা উৎসবে।সামনের বাসে অবশ্য তারকাদের ভিড়ে আলাদা করে নজর কেড়েছে ট্রফিটাই। কাতালান হলুদ-লাল ডোরাকাটা পতাকায় জড়ানো ছিল ট্রফিটি। মেসি-ইনিয়েস্তা সবার পরনে ছিল গাঢ় নীল টি-শার্ট। সেই টি-শার্টেও স্প্যানিশ ভাষায় লেখা ছিল চ্যাম্পিয়ন। আর ছিল কোন কোন সালে বার্সা লিগ জিতেছে সেই সালগুলোর উল্লেখ। এ সময় অবশ্য কেউই কোনো বক্তব্য দেননি। সেই আবেগময় বা দুষ্টুমিমাখা বক্তব্য জানা যাবে আগামী রোববার। তবে সংবাদমাধ্যমে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এঁদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত সেস ফ্যাব্রিগাস। ১০ বছর আগে পেশাদার ক্যারিয়ার শুরু করলেও এটিই যে তাঁর প্রথম লিগ শিরোপা! সেই উচ্ছ্বাস ধরা পড়েছে তাঁর প্রতিক্রিয়াতেও, ‘আমার স্বপ্ন যে সত্যি হলো। আমি খুবই গর্বিত। আমার জন্য এটা বিশেষ এক মুহূর্ত। ক্লাব পর্যায়ে জেতা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা এটিই।’ ওয়েবসাইট।