উৎসব শেষে সামনে তাকানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জহুরুল ইসলামের জন্য নতুন অভিজ্ঞতা। খেলা শেষ হওয়ার সোয়া দুই ঘণ্টা পর মাঠ থেকে বের হয়েও টিম বাস এগোচ্ছে না। শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে লোকে লোকারণ্য। ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনি। শেষে গরম পানির কামান পর্যন্ত এগিয়ে এসেছে পথ পরিষ্কার করতে।মাঠ থেকে হোটেলে ফেরার রাস্তাতেও জহুরুল দেখলেন রাতজাগা মানুষের সারি। প্রতিদিনই এই পথ দিয়ে যাওয়া-আসা করেন। তবে পরশু রাতের ব্যাপারটা একদমই আলাদা। জহুরুল উদ্বেলিত, ‘অসম্ভব ভালো লেগেছে দেখে। এর আগেও বড় দলের বিপক্ষে জেতার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ব্রিস্টলে হয়েছিল বলে মানুষের আনন্দটা বুঝিনি। এবার বুঝতে পারলাম।’ভারতকে হারিয়ে জাতীয় দলের হয়ে দেশের মাটিতে প্রথম জয়ই শুধু দেখা হয়নি, সেই জয়ে জহুরুলেরও ভালো অবদান আছে। কিন্তু ম্যাচ জয়ের এক দিন পর যখন উৎসবের রেশ সোনারগাঁও হোটেলেও একটু স্তিমিত, আয়নায় আরও একবার নিজেদের দেখার ফুরসত পেলেন তিনি, ‘বড় খেলোয়াড়েরা ৪০-৫০ রান করার পর আসল ব্যাটিং শুরু করে। অথচ আমরা ওখানেই আউট হয়ে যাচ্ছি! এই জায়গায় উন্নতি আনতে হবে। প্রতিদিন তো আর পাঁচ-ছয়জন ভালো খেলবে না। এক-দুজনের বড় ইনিংস খেলতে হবে।’পুরোনো উপলব্ধির নতুন করে জেগে ওঠা। পরশু রাতে ম্যাচ শেষে কোচ স্টুয়ার্ট ল ঠিক এ রকমই কিছু ব্যাপার সামনে নিয়ে আসেন শিষ্যদের। জয়ের পর উৎসবে আপত্তি নেই। তবে সেই উৎসব যেন বাস্তবতা ভুলিয়ে না দেওয়ার মতো বাঁধনছাড়া না হয়। টুর্নামেন্টে বাংলাদেশের এখনো একটা ম্যাচ বাকি। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের আগে মাটিতেই রাখতে হবে পা। কাল ছুটির দিনেও কোচের কথাগুলো প্রতিধ্বনি হয়ে ফিরছিল তামিম ইকবালের কানে, ‘কোচ বলেছেন, এই একটা দিন যা খুশি করো। কিন্তু কাল (আজ) থেকে খেলায় ফিরতে হবে। তোমরা সবাই জানো, ফোকাসটা এখন কী হওয়া উচিত।’ ভারত-জয়ের উৎসব তাই পরশু ড্রেসিংরুমেই শেষ।ছুটির দিনে এক সাকিব আল হাসানকেই শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল। পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোরের সঙ্গে কথা হয়েছে সেখানে। পরশুর ম্যাচ জেতানো ব্যাটিংয়ের জন্য পেয়েছেন হোয়াটমোরের প্রশংসা। বাংলাদেশ দলের উন্নতিও নাকি ভালোভাবেই চোখে পড়েছে সাবেক এই কোচের। এটা সাকিবও মানেন এবং মানেন বলেই শ্রীলঙ্কাকে এখন আর কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে না তাঁর, ‘আমাদের জন্য সব দলই কঠিন। পাকিস্তানের বিপক্ষেও আমরা খুব কমই ভালো খেলি। তার পরও তো এবার ভালো খেললাম, এরপর ভারতকেও হারালাম। এই জয় আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। কারা কঠিন প্রতিপক্ষ, সেসব ভাবার দিন আর নেই। নিজেদের নিয়েই বেশি ভাবতে হবে।’প্রথম দুই ম্যাচে দলের মধ্যে উন্নতির রেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন স্টুয়ার্ট ল-ও। পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও ভালো ‘ফিনিশিং’ হয়নি। সেটা হয়েছে পরের ম্যাচে। ‘ও রকম পরিস্থিতিতেই প্রথম ম্যাচে হেরেছিলাম। সেই ভুল ভারতের বিপক্ষে করিনি। এটাকে উন্নতির লক্ষণ হিসেবে দেখছেন কোচ’—বলেছেন তামিম।উন্নতির ধারা ধরে রাখা গেলে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটা জয়, এমনকি ফাইনালে যাওয়ার স্বপ্নও দেখা যায়। যদিও তামিম-মাশরাফিরা এখনই সেই স্বপ্নে ভাসতে রাজি নন। ‘অত বড় চিন্তা করলে কাজটা কঠিন হয়ে যাবে। তবে এই বিশ্বাস আছে, আমরা আমাদের মতো খেলতে পারলে যে কাউকে হারাতে পারি’—বলেছেন তামিম। যে কাউকে হারানোর তালিকায় আপাতত শ্রীলঙ্কার নামটাই আসে। তামিমের সতর্কতা, ‘অস্ট্রেলিয়ায় খুব ভালো খেলে এসেছে ওরা। এ ছাড়া শ্রীলঙ্কা আমাদের বিপক্ষে সব সময়ই ভালো খেলে। ওদের হারাতে হলে সেরা খেলা খেলতে হবে।’সেটা যে সম্ভব, সেই বিশ্বাস ভালোভাবেই আছে মাশরাফি বিন মুর্তজার। ভারত ম্যাচ অনুপ্রাণিত করছে তাঁকে, ‘সবচেয়ে বড় ব্যাপার, আমরা প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি এবং সেগুলো পরের ম্যাচে কাজে লাগাতে পেরেছি।’বাংলাদেশ দলের ড্রেসিংরুমে মাশরাফির একটা ‘কুখ্যাতি’ আছে। মাশরাফি খারাপ কিছু অনুমান করলে সেটাই নাকি সত্যি হয়ে যায়! ভারত ম্যাচের আগে বলা একটা কথায় অপবাদটা সামান্য হলেও ঘুচিয়েছেন সাবেক অধিনায়ক। বাংলাদেশ ম্যাচ জিতলে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিতেও আপত্তি ছিল না মাশরাফির। শেষ পর্যন্ত হলো সেটাই এবং এবার আর খারাপ নয়, টেন্ডুলকারের শততম সেঞ্চুরির বিনিময়ে ভারত জয়ের উৎসব হলো ড্রেসিংরুমে। যে জয়ে বাংলাদেশ দলের বাড়তি প্রাপ্তি ভুল থেকে শেখার আনন্দ।