রিকশায় চড়ে রমনা টেনিস কমপ্লেক্সে এলেন চীনা তাইপের ইয়াং লিউসহ আরও ১০-১২ জন খেলোয়াড়। সবার হাতে র্যাকেটের বড় ব্যাগ। কাঁধে তোয়ালে। খোশগল্প করতে করতে কোর্টে ঢুকলেন সবাই। আইটিএফ জুনিয়র টেনিস খেলতে ঢাকায় আসা এসব খেলোয়াড়কে দেখে বোঝার উপায় নেই সারা দেশে চলছে সহিংসতা। চলছে হরতাল।
বেশ উৎসবমুখর পরিবেশেই কাল শুরু হয়েছে আন্তর্জাতিক এই টেনিস টুর্নামেন্ট। ছেলে ও মেয়ে দুই বিভাগে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিসর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, কাজাখস্তান, লিথুনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, থাইল্যান্ড, চীনা তাইপে, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশের মোট ৯৪ জন খেলোয়াড়।
বিমানবন্দর থেকে এসব খেলোয়াড়কে আনা-নেওয়ার জন্য চারটি গাড়ি বরাদ্দ থাকলেও ফেডারেশন একটি মাত্র মাইক্রোবাস দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক দেশই উদ্বেগ প্রকাশ করেছিল ঢাকায় আসতে। শেষ পর্যন্ত ফেডারেশন কর্মকর্তাদের আশ্বাসে তারা খেলতে এসেছে। তবে এমন বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্ট উপলক্ষে টেনিস কমপ্লেক্সে দেখা গেল না কোনো বাড়তি নিরাপত্তার ছোঁয়া। ফেডারেশন সাধারণ সম্পাদক আবদুর রহমান বললেন, ‘ফাঁকা রাস্তা দেখে ওরাই রিকশায় চড়তে আগ্রহ প্রকাশ করছে। আমরা ওদের গাড়িতে যাওয়ার ব্যবস্থা করেছিলাম। এটা ঠিক, শতভাগ নিরাপত্তাব্যবস্থা নিতে পারিনি আমরা। তবে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। আমাদের ফেডারেশনের চারপাশেই পুলিশ, র্যাব টহল দিচ্ছে সারাক্ষণ। আশা করি কোনো সমস্যা হবে না।’ তার পরও কাল ভারতের দুই খেলোয়াড় শিবানী মানজানা ও চৈতালি নার্দের পাসপোর্টসহ একটি ব্যাগ হারিয়ে গেছে। উদ্বিগ্ন হয়ে সেটির খোঁজ করতে দেখা গেল তাঁদের অভিভাবকদের।
উদ্বোধনী দিনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চীনের রান জিয়া ফ্যাংয়ের কাছে ৬-০, ৬-০ গেমে হেরে চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আরিফ হোসেন।